এখনো কি 'ষড়যন্ত্র' খুঁজছেন পাকিস্তানিরা?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডন অনলাইনের হোম পেজে পাকিস্তানের চ্যাম্পিয়নস ট্রফির সমীকরণের খবর
ডন অনলাইনের হোম পেজে পাকিস্তানের চ্যাম্পিয়নস ট্রফির সমীকরণের খবর

সাধারণ সমর্থকদের কথা আলাদা। তাঁরা আবেগে চলেন। আবেগের বেগ সামলাতে না পেরে কত কিছুই না বলেন। কিন্তু তাই বলে ‘ষড়যন্ত্র’ খুঁজে পাবেন জাতীয় দলের সাবেক তারকা ক্রিকেটারও! সরফরাজ নেওয়াজ কদিন আগে হুট করে মন্তব্য করে বসেন, পাকিস্তানকে চ্যাম্পিয়নস ট্রফি থেকে ছিটকে ফেলতে নাকি ইচ্ছে করেই বাংলাদেশের কাছে হেরেছে ভারত!
নেওয়াজ এমনিতে আলটপকা মন্তব্য করতেই অভ্যস্ত। কিন্তু মোটা দাগে বেশির ভাগ পাকিস্তানি ক্রিকেট সমর্থক মনে করেন, কোথাও একটা ষড়যন্ত্র হচ্ছে। তাদের সেই ভাবনার প্রতিফলন দেখা যায় অনলাইন মাধ্যমে প্রকাশিত নানা মন্তব্যে। তবে ধীরে হলেও ছবিটায় পরিবর্তন আসছে। গিলতে কষ্ট হলেও পাকিস্তানের সমর্থকদের একটা বড় অংশ মানতে শুরু করেছেন, নাহ, সত্যিই বাংলাদেশকে কুর্নিশ করার সময় এসে গেছে। তবে এখনো অনেকেরই নাক উঁচু। বাংলাদেশকে তাঁরা যতটা না বাহবা দিচ্ছেন, তার চেয়েও বেশি দুষছেন পিসিবিকে।
পাকিস্তানের শীর্ষ দৈনিক ডন বাংলাদেশের গতকালকের এ জয় সম্পর্কিত দুটো খবর দিয়েছে। যার একটি খবরে পাকিস্তানের স্বার্থও সংশ্লিষ্ট। ‘বোলারদের নৈপুণ্যে দক্ষিণ আফ্রিকাকে বধ করে সিরিজে ফিরল বাংলাদেশ’ এবং ‘চ্যাম্পিয়নস ট্রফির শেষ জায়গাটির লড়াইয়ে পাকিস্তান বনাম ওয়েস্ট ইন্ডিজ’। এর নিচে পাঠকদের মন্তব্যগুলো পড়লে বোঝা যায়, কোন দৃষ্টিতে বাংলাদেশের ক্রিকেটের অগ্রযাত্রাকে মূল্যায়ন করছেন পাকিস্তানের সমর্থকেরা।
যেমন চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে খবরটির প্রথম মন্তব্যটিই এমন, ‘পাকিস্তানকে চ্যাম্পিয়নস ট্রফি থেকে ছিটকে ফেলতে প্রত্যেকে ষড়যন্ত্র করছে।’ ইউএসএন ‘নিক’ ব্যবহারকারী সেই পাঠক আস্থা হারিয়ে ফেলেছেন দক্ষিণ আফ্রিকার ওপর থেকেও। ওদিকে আতহার মন্তব্য করেছেন, ‘এই দুই দলেরই (পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ) চ্যাম্পিয়নস ট্রফিতে থাকা উচিত। কারণ এই দুই দলই ম্যাচগুলোকে তুলনামূলকভাবে অনেক বেশি প্রতিদ্বন্দ্বিতামূলক আর রোমাঞ্চকর করে তোলে। এটা ক্রিকেটের জন্য ভালো কিছু হলো না, টুর্নামেন্টটির জন্য তো নয়ই।’
তবে মুশির নামের একজন পাঠক বাস্তবতা​ মেনে নিতে বলছেন। ইউএসএনকে প্রত্যুত্তর দিয়ে তিনি লিখেছেন, ‘ছোট দলগুলোর বিপক্ষে খেলার ধরন আর জয় দেখুন, পিসিবিই পাকিস্তান দলের এই দশার জন্য দায়ী। কোনো খেলোয়াড়কেই এখন আর প্রতিভা বিবেচনায় দলে নেওয়া হয় না। আমির (সোহেল) আর আনোয়ারের (সাঈদ) পর সেই মাপের ওপেনার আমরা পেলাম কই? মিডল অর্ডারেও নেই ইনজি (ইনজামাম) আর ইউহানার (ইউসুফ) মতো ব্যাটসম্যান। রাজ্জাক, আরাফাত, আজহারের মতো অলরাউন্ডারকে বাদ দিয়ে ওরা আফ্রিদিকে খেলিয়ে গেল, যার মধ্যে কোনো সিরিয়াসনেই নেই।’
আবার কারও কারও ‘ভ্রাতৃত্ববোধ’ও জেগে উঠেছে। শাহিন হোসাইন যেমন মন্তব্য করেছেন, ‘এখন থেকে আমরা দুই ভাই (বাংলাদেশ আর পাকিস্তান) একসঙ্গে (সিরিজে) খেলব। এটা আমাদের জন্য অনেক ভালো খবর যে বাংলাদেশ এখন আমাদের চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারছে। বাংলাদেশের সাফল্যে তো আমি গর্বই অনুভব করি। বাংলাদেশের খেলোয়াড়েরা কিন্তু আমাদের ক্রিকেটারদেরই আদর্শ মনে করে, ভারতীয়দের নয়। মুস্তাফিজও বলেছে ওর আদর্শ হলো আমির। মাশরাফিও বলেছে পাকিস্তানের খেলোয়াড়েরা বাংলাদেশকে সম্মান করে; যেটা ইংল্যান্ড, ভারত বা শ্রীলঙ্কা করে না। ওদের অভিনন্দন!’
আবার ইকবাল মনে করেন, চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তান জায়গা না পেলে সেটা তাদের জন্যই ভালো হবে। শাপে বর। এতে করে পিসিবি ওয়াকার ইউনুসকে সরিয়ে দিতে বাধ্য হবে। দীর্ঘ মেয়াদে দল উপকৃত হবে। মামুন নামের একজন পিসিবির নির্বুদ্ধিতার জন্য দুষছেন। তিনি মনে করেন, কোনো দরকারই ছিল না জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজটাকে হুট করে ত্রিদেশীয় সিরিজ করে ফেলার।
তবে বাংলাদেশের ক্রিকেটের অকৃপণ প্রশংসাও করেছেন অনেকে। রানা লিখেছেন, ‘পাকিস্তান থেকে বলছি। বাংলাদেশ দলকে আমার ভীষণই ভালো লাগে, কারণ ওরা ম্যাচ পাতায় না। বাংলাদেশ ক্রিকেট দল পাকিস্তানের চেয়ে অনেক ভালো। ওদের বিরুদ্ধে ইচ্ছে করে ম্যাচ ছেড়ে দেওয়ার অভিযোগ নেই। পাকিস্তান থেকে আমি প্রার্থনা করব ওরা যেন চ্যাম্পিয়নস ট্রফিও জেতে।’ ইকবাল জামান ​লিখেছেন, ‘শাবাশ বাংলাদেশ। পাকিস্তান থেকে অভিনন্দন জানাই।’ আদনান লিখেছেন, ‘পাকিস্তানের একজন হিসেবে ওদের হৃদয় থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আজ তো ওরা অসাধারণ ছিল...শাবাশ।’
এ ধরনের খবরে ভারত ও বাংলাদেশ থেকেও অনেকে মন্তব্য করেন। সেখানে পাল্টাপাল্টি খোঁচানোও চলে। এর মধ্যে কলকাতা থেকে ইমরান মাহমুদ লিখেছেন, ‘দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের এই জয় দেখে খুব আনন্দ পাচ্ছি। বাংলাদেশকে ঘৃণা করার তো কিছু নেই। ওরা ভারতকে যেমন হারিয়েছে, পাকিস্তানকেও। এটা তো কেবলই একটা খেলা। আপনাদের স্বীকার করতেই হবে এখন ওরা অনেক ভালো খেলছে। অনেক উন্নতি করেছে।’
তবে কেউ কেউ এমন চ্যালেঞ্জও ছুড়ে দিচ্ছেন, আসলেই কতটা উন্নতি করেছে, সেটা বাংলাদেশকে দেশের বাইরে খেলে প্রমাণ দিতে হবে। যুক্তরাষ্ট্র থেকে সুধাকর লিখেছেন, ‘বাংলাদেশ কবে মিরপুরের বাইরে বাকিদের সঙ্গে খেলে একই ধরনের সাফল্য দেখাবে? মিরপুর তো আর গোটা দুনিয়া নয়।’ আরও তির্যক মন্তব্য করেছেন জন, ‘সব বাঘই নিজের ডেরায় হুংকার ছাড়ে। বাংলাদেশকে বাংলাদেশের বাইরে গিয়ে জিততে বলুন। তখন আমরাও তাদের ভক্ত বনে যাব।’
এই চ্যালেঞ্জটা মাশরাফিরা কিন্তু নিতেই পারেন!