এখনো চোখ ভিজে যায় টনিটোর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রুনাকো মর্টন
রুনাকো মর্টন

লেখার শিরোনামটা দেখে নিশ্চয়ই ধন্দে পড়ে গেছেন—টনিটোটা আবার কে? ধন্দে পড়ার মতোই ব্যাপার। মহাসমুদ্রের মতো ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটে টনিটো উইলেট যে খড়কুটোর মতোই এক চরিত্র! নেভিসের ৩১ বছর বয়সী এই যুবকের আপাতত পরিচয় তিনি সেন্ট কিটস অ্যান্ড নেভিস জাতীয় দলের একজন অলরাউন্ডার। খেলেছেন কাল শেষ হওয়া বাংলাদেশের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচে।
তবে টনিটোকে নিয়ে লেখার কারণ ওই ম্যাচ নয়। বল হাতে ১ উইকেট নিয়েছেন, ব্যাট হাতে করেছেন ২১ রান। ক্রিকেটীয় বিবেচনায় তাঁকে নিয়ে লিখতে বসার তাই কোনো কারণ নেই। এ লেখায় টনিটোর আগমন বুকে গভীর ক্ষত বয়ে বেড়ানো এক বন্ধু হিসেবে। একজন অতৃপ্ত সন্তান হিসেবেও।
রুনাকো মর্টনের কথা মনে আছে নিশ্চয়ই। সেই যে ২০১২ সালের ৪ মার্চ ত্রিনিদাদের পোর্ট অব স্পেনে সড়ক দুর্ঘটনায় মারা গেলেন। মাত্র ৩৩ বছর বয়সেই নিভে গেল একজন ক্রিকেটারের জীবনপ্রদীপ। বয়সে পাঁচ বছরের ছোট হলেও টনিটো উইলেট ছিলেন সেই রুনাকোর ঘনিষ্ঠতম বন্ধু। টনিটোর ভাষায়, ‘আমরা ছিলাম দুই ভাইয়ের মতো। একই বাবা-মায়ের সন্তান হলে যে রকম রক্তের সম্পর্ক থাকে, আমাদের সম্পর্ক অনেকটা সে রকমই ছিল।’ কথাগুলো বলার সময় একটু টলমল করে উঠল টনিটোর চোখ! তখনই খেয়াল করলাম, রুনাকোর চেহারার সঙ্গেও অনেক মেলে টনিটোর চেহারা।
সড়ক দুর্ঘটনায় একবারেই স্তব্ধ হয়ে গেলেও এর আগেও রুনাকোর ক্রিকেট ক্যারিয়ার বাধাগ্রস্ত হয়েছে বারবার। ওয়েস্ট ইন্ডিজ দলে সেন্ট কিটস অ্যান্ড নেভিসের সর্বশেষ প্রতিনিধি নেভিসের এই ক্রিকেটার। আট বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ১৫টি টেস্ট ছাড়াও খেলেছেন ৫৬টি ওয়ানডে আর ৭টি টি-টোয়েন্টি ম্যাচ। কিন্তু একটানা খেলে যেতে পারেননি কখনোই।
শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ২০০১ সালে গ্রেনাডার সেন্ট জর্জ ক্রিকেট একাডেমি থেকে বহিষ্কৃত রুনাকোর নিয়ম ভাঙার অভ্যাস যায়নি জাতীয় দলে এসেও। ওয়েস্ট ইন্ডিজ দলে প্রথম ডাক পান ২০০২ সালের ফেব্রুয়ারিতে চোটগ্রস্ত মারলন স্যামুয়েলসের জায়গায়। কিন্তু দাদির মৃত্যু নিয়ে মিথ্যা বলায় ওই বছরেরই সেপ্টেম্বরে তাঁকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়। হঠাৎ দাদি মারা যাওয়ার কথা বলে শ্রীলঙ্কায় অনুষ্ঠানরত চ্যাম্পিয়নস ট্রফি থেকে দেশে চলে এসেছিলেন। পরে জানা যায়, তাঁর দুই দাদির একজন ১৬ বছর আগেই মারা গেছেন। অন্যজন বহাল তবিয়তে বেঁচে আছেন। এই বহিষ্কারাদেশ কাটিয়ে ফিরেই রুনাকো ঝামেলায় জড়ান আবারও। এবারের অভিযোগ আরও গুরুতর। ২০০৪ সালের জানুয়ারিতে এক জ্ঞাতি ভাইকে ছুরিকাঘাত করার দায়ে গ্রেপ্তার করা হয় তাঁকে।

টনিটো উইলেট
টনিটো উইলেট

রুনাকোর জন্য ওয়েস্ট ইন্ডিজ দলের দরজা তার পরও বন্ধ হয়নি। ২০০৫ সালের মে মাসে তৃতীয়বারের মতো সুযোগ দেওয়া হয় তাঁকে। এই যাত্রা নতুন কোনো বিতর্কে না জড়ালেও উত্থান-পতনের মধ্য দিয়ে চলতে থাকে রুনাকোর ক্যারিয়ার। ওয়ানডেতে করা দুটি সেঞ্চুরিই এসেছে এর পরে, ওয়ানডেতে সবচেয়ে ধীরগতির (৩১ বল) ডাক মারার রেকর্ডটাও।
কিন্তু এই যে এমন বিতর্কময় ক্যারিয়ার, বন্ধু টনিটোর চোখে এসবই ‘মিছে অভিযোগ।’ পরশু প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিন শেষে রুনাকোকে নিয়ে বিতর্কের কথা তুলতেই এই প্রতিবেদককে থামিয়ে দিয়ে বলতে লাগলেন, ‘রুনাকো ছিল আমার চেয়ে পাঁচ বছরের বড়। ক্লাব ক্রিকেট এবং প্রথম শ্রেণির ক্রিকেটেও আমরা একসঙ্গে খেলেছি। আমাকে যদি জিজ্ঞেস করা হয়, আমি বলব খুবই ভালো মানুষ ছিল সে। খুবই উদার মনের মানুষ ছিল। অনেকে তাকে আক্রমণাত্মক আর বদমেজাজি মনে করত। তবে যারা তার ঘনিষ্ঠ ছিল, তারা জানে কী অসাধারণ মানুষ ছিল রুনাকো।’ টনিটোর মতে, স্পষ্টবাদী চরিত্রের কারণেই বারবার বিতর্কে জড়িয়েছে তাঁর প্রিয় বন্ধু, ‘সে যেটা সঠিক মনে করত, সেটাই করত। সে জন্যই হয়তো অনেকে তাকে ভুল বুঝত।’
রুনাকোর সঙ্গে সম্পর্কের টানটা এখনো যেন টের পান টনিটো। সে জন্যই হয়তো বন্ধুর মা-বোন আর ছয় সন্তানের খোঁজখবর নেন নিয়মিত। বন্ধুর কথা মনে হলে ভিজে ওঠে চোখ, ‘খেলার মাঠে তাকে অনেক মিস করি। যখনই তার কথা মনে হয়, আমার কান্না চলে আসে।’
টনিটো কথাগুলো বললেন কাঁপা কাঁপা কণ্ঠে। তবে দ্রুত প্রসঙ্গান্তরে চাপা পড়ে যায় তা। টনিটোর কথায় তখন অতৃপ্তি আর নিজের ওপর ক্ষোভ। সে প্রসঙ্গে যাওয়ার আগে তাঁর অন্য পরিচয়টা বলে নেওয়া যাক। টনিটোর জন্ম নেভিসের এক ক্রিকেট পরিবারে। ওয়েস্ট ইন্ডিজের উত্তরাঞ্চলের ১৯টি ছোট ছোট দ্বীপ নিয়ে গঠিত লিওয়ার্ড আইল্যান্ডসের প্রথম টেস্ট ক্রিকেটার হিসেবে ওয়েস্ট ইন্ডিজ দলে জায়গা পেয়েছিলেন টনিটো উইলেটের বাবা এলকুইমেডো উইলেট। ১৯৭৩-৭৪ মৌসুমে রোহান কানহাই ও ক্লাইভ লয়েডের নেতৃত্বে অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে পাঁচটি টেস্ট খেলেছেন বাঁহাতি স্পিনার এলকুইমেডো।
বাবার মতো ওয়েস্ট ইন্ডিজ দলে খেলার স্বপ্ন কি ছিল না টনিটোরও? হতাশা সেই স্বপ্ন পূরণ না হওয়াতেই, ‘আমারও স্বপ্ন ছিল বাবার মতো একদিন ওয়েস্ট ইন্ডিজের হয়ে টেস্ট খেলব, কিন্তু সে স্বপ্নটা পূরণ করতে পারিনি। আমি এখন শুধু চেষ্টা করছি প্রথম শ্রেণির ক্রিকেটে ভালো পারফর্ম করতে।’ তবে যতটুকু এসেছেন, তার পেছনে পুরো কৃতিত্বই দিলেন বাবাকে, ‘বাবা আমাকে এখনো অনেক উৎসাহ দেন। আমার সামনে বাবাই ছিলেন সবচেয়ে বড় আদর্শ।’
বাবা এখনো পাশেই আছেন। শুধু নেই বন্ধু রুনাকো মর্টন, যাঁর স্মৃতি এখনো কাঁদায় টনিটোকে।