>

তামিমের বিরুদ্ধে লেভেল-২ পর্যায়ের আচরণবিধি ভাঙার অভিযোগ এনেছেন আম্পায়াররা
সবাইকে একই কথা বলছেন সিসিডিএমের প্রিমিয়ার লিগ সমন্বয়কারী আমিন খান। ক্লাবগুলোকে দেওয়া চিঠিতে, সাংবাদিকদেরও। তাঁর দাবি, ম্যাচ রেফারির প্রতিবেদনে বলা হয়েছে, দুই আম্পায়ার অসুস্থ হয়ে পড়াতেই পরশু বিকেএসপিতে আবাহনী-প্রাইম দোলেশ্বরের ম্যাচটি অমীমাংসিত থেকে গেছে। সেখানে কোনো দল বা খেলোয়াড়ের প্রতি অভিযোগ নেই এবং ম্যাচ রেফারির এই প্রতিবেদন ধরেই নাকি বোর্ড ঘটনার তদন্ত করবে।
কারও বিরুদ্ধে অভিযোগ না থাকলে তদন্তটা কী নিয়ে হবে, সেটা একটা প্রশ্ন। তবে সেই প্রশ্নটা এখন না তুললেও চলছে, কারণ আমিন খান যেটাকে ম্যাচ রেফারির রিপোর্ট বলছেন, সেটা আদৌ ম্যাচ রেফারির রিপোর্ট নয়। আবাহনী-প্রাইম দোলেশ্বর ম্যাচের ম্যাচ রেফারি মন্টু দত্তই কাল সন্ধ্যায় মুঠোফোনে বললেন, ‘আমি তো ম্যাচ রেফারির রিপোর্ট জমাই দিইনি! যেটা দিয়েছি, ওটা রিপোর্ট নয়। আমি শুধু পরিস্থিতি জানিয়ে কাল (পরশু) একটা ই-মেইল করেছি। ই-মেইলটা পাঠানোর সময়ও আম্পায়াররা তাঁদের রিপোর্ট জমা দেননি। আম্পায়ারদের রিপোর্ট না পেয়ে ম্যাচ রেফারির রিপোর্ট তৈরি করব কীভাবে?’
ই-মেইলে মন্টু দত্ত মূলত জানিয়েছিলেন, আম্পায়াররা অসুস্থ হয়ে পড়াতেই খেলা শেষ করা যায়নি। এর বাইরে মাঠের ঘটনার বিস্তারিত বিবরণ, খেলোয়াড়দের আচরণে কোনো সমস্যা থাকলে সেটা এবং কারও কোনো শাস্তি হবে কি না, সেসব জানাবেন রিপোর্টে। মন্টু দত্ত এখন আছেন সে রিপোর্ট জমা দেওয়ার অপেক্ষায়, ‘আজ (গতকাল) ম্যাচ রেফারির রিপোর্ট দিতে চাইলে আমাকে বলা হয়েছে, রিপোর্টটা যেন আমার কাছে রাখি। ঘটনার তদন্তের সময় যখন ডাকবে, তখন রিপোর্ট দিলেই হবে।’
তা কী আছে ম্যাচ রেফারির রিপোর্টে? সংগত কারণেই সেটা বলতে রাজি হননি মন্টু দত্ত। তবে আম্পায়ারদের রিপোর্টই যেহেতু সেটির ভিত্তি, মাঠে অসৌজন্যমূলক আচরণ করা তামিম ইকবাল সম্পর্কে তাঁর কঠোরই হওয়ার কথা। সূত্র জানিয়েছে, দুই আম্পায়ার গাজী সোহেল ও তানভীর আহমেদ মাঠের অনাকাঙ্ক্ষিত ঘটনার সবই উল্লেখ করেছেন রিপোর্টে। সেসব এতই বিস্তারিত যে, নির্দিষ্ট ফরমের বাইরেও লেগেছে বাড়তি কাগজ।
আবাহনীর খেলোয়াড়দের বিরুদ্ধে অভিযোগ, আম্পায়ারদের ওপর চাপ তৈরি করতে প্রাইম দোলেশ্বরের ইনিংসের শুরু থেকেই কারণে-অকারণে আপিল করছিলেন বোলার-ফিল্ডাররা। রকিবুলের বিরুদ্ধে স্টাম্পিংয়ের আবেদনে আম্পায়াররা সাড়া না দিলে তাঁদের ব্যর্থ আপিল পরিণত হয় ক্ষোভ, রাগ ও হুমকিতে। এরপরও খেলা চলছিল। কিন্তু ১৭তম ওভারে অমিত কুমারের বলে রকিবুলের ছক্কার পর আম্পায়ারদের প্রতি তামিমের আক্রমণের তীব্রতা বৃদ্ধি পায়। আবাহনী অধিনায়ক নাকি তখন আবাহনী হারলে দেখে নেওয়ারও হুমকি দেন আম্পায়ারদের।
সূত্র জানিয়েছে, ম্যাচ রেফারিকে দেওয়া রিপোর্টে এমন আচরণের জন্য তামিমের বিরুদ্ধে লেভেল-২ পর্যায়ের আচরণবিধি ভাঙার অভিযোগ এনেছেন আম্পায়াররা। ধারা অনুযায়ী এতে সর্বোচ্চ শাস্তি হতে পারে ২০ হাজার টাকা জরিমানা ও এক বা দুই ম্যাচের বহিষ্কারাদেশ।
অবশ্য রিপোর্টে আম্পায়ারদের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হতে পারে। ম্যাচের দুই আম্পায়ারই বিসিবির এলিট পর্যায়ের। খেলা অসমাপ্ত রেখে তাঁদের মাঠ থেকে উঠে যাওয়াটা অবশ্যই প্রশ্নের মুখে পড়বে। অবশ্য পরে আম্পায়ারের অসুস্থতার যে কারণ দেখানো হয়েছে, সেটি ভিত্তিহীন নয়। স্টাম্পিং না দেওয়ায় তামিমের চোটপাটটা তখন স্কয়ার লেগ আম্পায়ার তানভীরের ওপর দিয়েই বেশি গেছে বলে মানসিক এবং শারীরিকভাবে তিনি রীতিমতো ভেঙে পড়েছিলেন। অন্য আম্পায়ার গাজী সোহেল অবশ্য খেলা চালাতে প্রস্তুত ছিলেন। তানভীর অসুস্থ হয়ে পড়ার পর রিজার্ভ আম্পায়ার সাইফুল ইসলামকে নিয়ে ম্যাচটি শেষও করতে চেয়েছিলেন। কিন্তু ডি-এল পদ্ধতিতে ম্যাচটা প্রাইম দোলেশ্বর জন্য কঠিন হয়ে যাওয়ায় যৌক্তিক কারণেই খেলতে রাজি হয়নি তারা।