এখনো শেষ হয়নি শিক্ষা

শেখার শেষ নেই। তাই শেখা শেষ হচ্ছে না বাংলাদেশ দলেরও। ২৮৯টি ওয়ানডে খেলা হয়ে গেছে। ৮৬তম টেস্ট চলছে। তবু শেখা শেষ হয়নি। উইকেটে থিতু হওয়ার পর কীভাবে ইনিংসটাকে বড় করতে হয়, কীভাবে টিকে থাকতে হয় উইকেটে—দলটা এসব এখনো শিখছে তো শিখছেই।
তিনটি দায়িত্বজ্ঞানহীন রানআউট আর কিছু বাজে শটের মাশুল দিয়ে বাংলাদেশের প্রথম ইনিংস শেষ হয়ে গেছে ২৫৪ রানে। দিন শেষে মাহমুদউল্লাহর সংবাদ সম্মেলনে এসব নিয়েই প্রশ্ন হলো। রানিং বিটুইন দ্য উইকেটে কেন অমন ঢিলেঢালা ভাব? ফিফটি করেই কেন অমন আত্মাহুতি, দায়িত্ব শেষ বলে মনে করার প্রবণতা? মাহমুদউল্লাহ স্বীকার করলেন এগুলো আসলে খামখেয়ালি মনোভাবেরই ফল। তবে ফিফটি করেই ব্যাটসম্যানরা দায়িত্ব শেষ বলে মনে করছেন, এটা তাঁর মনে হয় না। বাজে আউটের জন্য মাহমুদউল্লাহ দায়ী করেছেন উইকেটে থিতু হওয়ার পরও শট নির্বাচনে ভুল করাকে। কিন্তু এত দিন খেলার পরও এসব ভুল কেন? এবার বললেন, ‘হয়তো আমাদের আরও শিখতে হবে। আমরা এখনো শিখছি।’
কথাটা মাহমুদউল্লাহর মুখ দিয়ে বের হলেও এটিকে কেবল তাঁর বক্তব্য ভাবলে ভুল হবে। এত দিন খেলার পরও কখনো কখনো বাংলাদেশ দলের ব্যাটিংয়ের চিত্রটাই এমন হয়ে দাঁড়ায় যে দেখলে যে কারও মনে হবে দলটা এখনো শিক্ষানবিশ। ২৮৯ ওয়ানডে আর ৮৬ টেস্টের ছোঁয়া তাদের গায়ে লাগেনি। কয়দিন পর পরই মনে হবে, এটা বুঝি আজই প্রথম খেলতে নামা এক দল। যাদের এখনো শেখার অনেক কিছুই বাকি।
সে শিক্ষায় ‘ধৈর্য’ নামে একটা অধ্যায় অবশ্যই থাকা উচিত। উইকেট ব্যাটিং উপযোগী থাকার পরও কেন ব্যাটসম্যানরা পারল না, সেই ব্যাখ্যা দিতে গিয়ে মাহমুদউল্লাহই বললেন, ‘উইকেটে ওরকম আহামরি কোনো স্পিন করছিল না, বাউন্সও করছিল না। ওরা ভালো জায়গায় বোলিং করছিল। আর আমাদেরও উচিত ছিল একটু ধৈর্য নিয়ে ব্যাটিং করা। পরবর্তী ইনিংসে আমাদের আরেকটু সতর্ক হওয়া উচিত।’
কি উচিত আর কি অনুচিত, খেলা শেষ হয়ে যাওয়ার পর সেসব খুব ভালো বোঝা যায়। কাল গ্যালারির ১২-১৩ হাজার দর্শক দিন শেষে যা বুঝতে পারলেন, দিনের অনেকটা সময় উইকেটে কাটানো মাহমুদউল্লাহও সেটা বুঝলেন তখনই, ‘আমরা বাজে বল ছাড়া তেমন রান করতে পারছিলাম না। মাঝখানে আমি আর মুশফিক যখন ব্যাটিং করছিলাম তখন কিছুটা সময় সহজে কিছু সিঙ্গেল হচ্ছিল। চা-বিরতিতে যাওয়ার আগে ওই শটটা খেলা আমার উচিত হয়নি। কারণ আমি খুব সহজেই খেলতে পারছিলাম।’
তার পরও ভালো, কৃতকর্মের উপলব্ধিটা এখন হচ্ছে। সে জন্য ঠিক করা যাচ্ছে এই টেস্টে ভবিষ্যৎ করণীয়ও। সেটা কী হওয়া উচিত, তাও অবশ্য মাহমুদউল্লাহর মতো সবারই জানা, ‘পঞ্চম দিনে উইকেটে ফাটল ধরবে। আমাদের চেষ্টা থাকবে যত কমে সম্ভব তাদের অলআউট করে দেওয়া। সেটা ১৫০ হতে পারে কিংবা ২৫০ও হতে পারে।’ সোজা কথা, চতুর্থ ইনিংসের জন্য যতটা সম্ভব কম লিড চায় বাংলাদেশ। সে জন্য জিম্বাবুয়ের দ্বিতীয় ইনিংসে ভালো বোলিং আর ফিল্ডিংটা জরুরি মনে হচ্ছে মাহমুদউল্লাহর।
জিম্বাবুয়ের দ্বিতীয় ইনিংসটা অল্প রানে আটকে রাখতে এগুলোই যে করতে হবে, মাহমুদউল্লাহদের মতো এটাও নিশ্চয়ই সবাই বুঝতে পারছেন। প্রথম ইনিংসের বোলিংটা করতে পারলে বাংলাদেশ হয়তো তাতে সফলও হবে। আর যদি সেটা তাঁরা নাও পারেন, হতাশ হওয়ার কিছু নেই। দলটা তো এখনো শিখছে!