এখনো সিদ্ধান্ত হয়নি আবাহনী-প্রাইম দোলেশ্বর ম্যাচের
আবাহনী-প্রাইম দোলেশ্বরের স্থগিত ম্যাচের জটিলতা নিরসনে ৭২ ঘণ্টার সময় দিয়ে একটি কমিটি গঠন করা হয়েছিল গত পরশু। কমিটি আজ কথা বলেছে সব পক্ষের সঙ্গে। তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্তে তারা আসতে পারেনি।
বেলা দুইটার দিকে শুরু হওয়া শুনানিতে একে একে ম্যাচ রেফারি মন্টু দত্ত, আম্পায়ার গাজী সোহেল ও তানভীর আহমেদের সঙ্গে কথা বলে কমিটি। তারা কথা বলে আবাহনী অধিনায়ক তামিম ইকবালের সঙ্গেও। প্রায় তিন ঘণ্টার শুনানি শেষে কমিটি অবশ্য পরিষ্কার কিছু জানাতে পারেনি। কমিটির সদস্য ও আম্পায়ার্স কমিটির প্রধান নাজমুল করিম আগামীকাল সিদ্ধান্ত জানানোর কথাই বললেন, ‘শুনানি চলছে, এখনো শেষ হয়নি। আশা করছি, নির্ধারিত সময়ের মধ্যেই আমরা জানাতে পারব। কালকের মধ্যেই দিয়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করব।’
সূচি অনুযায়ী কালই ঢাকা প্রিমিয়ার লিগের শেষ রাউন্ড। এদিনই জেনে যাওয়ার কথা—কে হবে এবারের চ্যাম্পিয়ন। কিন্তু সেটি নির্ভর করছে অনেক ‘যদি’, ‘কিন্তু’র ওপর। যেহেতু আবাহনী-দোলেশ্বর ম্যাচটি স্থগিত হয়ে আছে, কালও নিশ্চিত হওয়ার উপায় থাকছে না কে জিতবে শিরোপা। বিশেষ করে মিরপুরে শেরেবাংলা স্টেডিয়ামে যদি প্রাইম ব্যাংকের সঙ্গে আবাহনী হেরে যায়, তখন স্থগিত ম্যাচটির ওপর নির্ভর করবে অনেক কিছুই।
প্রশ্নটা এখানেই, কমিটি যদি ৭২ ঘণ্টা পরই সিদ্ধান্ত জানায়, সেটি কি আবাহনীর শিরোপা নির্ধারণে সহায়তা করবে? বিসিবির প্রধান ম্যাচ রেফারি রকিবুল হাসান বললেন, ‘আমাদের সিদ্ধান্ত নিরপেক্ষ। এখানে আমরা সবাই নিরপক্ষে। আমাদের সিদ্ধান্ত শিরোপা নির্ধারণে প্রভাব ফেলবে কি না, তা নিয়ে আমরা ভাবছি না। আগামীকালের ম্যাচের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। আমরা আমাদের কাজ করব। কাল ম্যাচ আছে কি না, তা–ও তো জানি না।’