এখনো অপেক্ষায় এনামুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্লিংয়ে ঝোলানো হাত নিয়ে পরশু দলের সঙ্গে নেলসন থেকে অ্যাডিলেডে গেছেন ওপেনার এনামুল হকও। তবে কাল পর্যন্তও ঠিক হয়নি তাঁর কাঁধের অস্ত্রোপচারটি কোথায় হবে, কখনই বা হবে।
স্কটল্যান্ডের বিপক্ষে ৫ মার্চের ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে ডান কাঁধে চোট পান এনামুল। ওই চোটে হাড়ে সরে যাওয়ায় বিশ্বকাপটাই শেষ হয়ে যায় তাঁর। এনামুলের কাঁধে অস্ত্রোপচার করাতে হবে বলে জানানো হয় তখনই। সেই অস্ত্রোপচারের জন্য উপযুক্ত চিকিৎসক ও হাসপাতাল নাকি এখনো খুঁজে পায়নি টিম ম্যানেজমেন্ট। কাল অস্ট্রেলিয়ার অ্যাডিলেড থেকে টিম ম্যানেজার রাবীদ ইমাম মুঠোফোনে জানালেন, ‘অ্যাডিলেডে ভালো কোনো ডাক্তার আছে কি না খোঁজা হচ্ছে। এ ছাড়া অন্যান্য জায়গায়ও দেখা হচ্ছে। যেখানে গেলে চিকিৎসাটা ভালো হবে, সেখানেই যাওয়া হবে।’