এখনো আগের শতাব্দীর ক্রিকেট খেলে পাকিস্তান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিষ্যদের আধুনিক ক্রিকেটার বানাতে চান আর্থার। ফাইল ছবি
শিষ্যদের আধুনিক ক্রিকেটার বানাতে চান আর্থার। ফাইল ছবি

প্রথম ওয়ানডেতে হারের পরও ২-১ ব্যবধানে সিরিজ জয়। সেটাও ওয়েস্ট ইন্ডিজের মাটিতেই। কিন্তু কোচ মিকি আর্থার এতেও সন্তুষ্ট নন। তাঁর ভাষায় পাকিস্তান এখনো বিশ শতকের ক্রিকেট খেলছে।

এক বছর হলো পাকিস্তানের দায়িত্ব নিয়েছেন আর্থার। এ স্বল্প সময়ে ভালোই করেছেন। কিন্তু দলের খেলা পুরোপুরি সন্তুষ্ট করতে পারছে না এই দক্ষিণ আফ্রিকানকে, ‘এটা শুধু ড্রেসিংরুমের কথাবার্তা না। আমি খেলোয়াড়দের বলেছি, যে ক্রিকেটটা খেলছি সেটা বিংশ শতাব্দীর। আধুনিক ক্রিকেটটা এখনো গ্রহণ করতে পারিনি। এর পেছনে অনেক কারণই আছে; ঘরের মাঠে না খেলা, আইপিএলের মতো প্রতিযোগিতায় সুযোগ না মেলা। অনেক কারণই আছে, কিন্তু মূল ব্যাপার হলো, তাদের (বাকি বিশ্ব) সঙ্গে প্রতিযোগিতা করতে হবে। আধুনিক স্রোতে মিশে যেতে হবে।’

সবচেয়ে বড় সমস্যাটা ব্যাটিং নিয়ে। বিশেষ করে দলে ঝড় তোলার মতো, ইনিংসের শেষ দিকে বড় বড় শট নেওয়ার মতো ব্যাটসম্যানের অভাব বোধ করছেন আর্থার। এক সময় স্লগ ওভারেই ম্যাচ পাল্টে দেওয়া পাকিস্তান দল ভুগছে পর্যাপ্ত ‘পাওয়ার হিটার’ না থাকার সমস্যায়।

আর্থারের চোখে অন্য দলগুলোর সঙ্গে বড় পার্থক্য করে দিচ্ছে এটা, ‘এটা (পাওয়ার হিটারের অভাব) খুবই দুশ্চিন্তার ব্যাপার। ভালো উইকেটে যখন খেলা হয়, তখন অন্যদের সঙ্গে পারছি না। অস্ট্রেলিয়ায় তো সব সময় মনে হতো, ২০-৩০ রান পিছিয়ে শুরু করছি, কারণ শেষ দশ ওভারে ওরা সর্বোচ্চ সুযোগটা নিত। ইদানীং দলগুলো ওই সময়ে ১০০ রান তুলছে। আমরা খুব বেশি হলে ৭০ তুলতে পারি। এটা যথেষ্ট না, এটা আমাদের ম্যাচ জেতাবে না। আমরা পাওয়ার প্লের সুবিধাও নিতে পারছি না, এটাও হতাশার। কারণ শারজিল খানকে পেয়েছিলাম, কিন্তু তাকে হারানোটা আমাদের অনেক ক্ষতি করেছে।’

একজন কোচকে তো শুধু অভিযোগ করলেই হয় না, উত্তরও খুঁজে নিতে হয়। ২০১৯ বিশ্বকাপের আগেই উত্তর পেয়ে যাবেন এটাই আশা আর্থারের, ‘আমাদের এটা ঠিক করতে হবে, সেটা এত সহজে আসবে না। এটা তো এমন না যে, একদিন ঘুম থেকে উঠলেন আর পাওয়ার হিটার হয়ে গেলেন। আমরা প্রশিক্ষণ নিচ্ছি, টেকনিকে উন্নতি করতে হবে। আশা করি , এটার ফল আসবে। কারণ, বিশ্বকাপের আর দুই বছর বাকি। তখন আমাদের সেরা পর্যায়ে থাকতে হবে।’ সূত্র: ক্রিকইনফো।