এখনো চাপে ভারত!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরাট কোহলিরা কখনো ব্যাপারটা বুঝতে দেননি হয়তো। তবে পুনে টেস্টে হেরে সিরিজে পিছিয়ে পড়ার পর ভারত যে কিছুটা চাপে পড়ে গিয়েছিল, তা তো সত্যি। কোহলির দল সেই চাপ জয় করেছে দারুণভাবেই। বেঙ্গালুরুতে দুর্দান্ত এক জয়ে সমতা ফিরিয়েছে সিরিজে। এখন বরং কিছুটা নির্ভার থাকার কথা ভারতের। কিন্তু অস্ট্রেলিয়ান স্পিনার নাথান লায়ন বলছেন উল্টোটা। ভারত এখনো ভীষণ চাপে আছে।

বেঙ্গালুরুতেও ভারতকে বেশ বাগে পেয়েছিল অস্ট্রেলিয়া। নাথান লায়নের ক্যারিয়ার-সেরা বোলিংয়ে (৮/৫০) প্রথম ইনিংসে পেয়েছিল ৮৭ রানের লিড। কিন্তু রবিচন্দ্রন অশ্বিনের দুর্দান্ত বোলিংয়ে শেষ পর্যন্ত নাটকীয়ভাবে ম্যাচ জিতে যায় ভারত। ওই টেস্টটা জিতে গেলেই বোর্ডার-গাভাস্কার ট্রফি ধরে রাখা নিশ্চিত হয়ে যেত অস্ট্রেলিয়ার। সেটা হয়নি বলে লায়নের কিছুটা আক্ষেপ আছে। তবে ভারতের মাটিতে ভারতকে এভাবে কোণঠাসা করতে পারাটাও বড় ব্যাপার মনে করেন অস্ট্রেলিয়ান স্পিনার।

আর এ কারণেই রাঁচিতে আগামী পরশু শুরু তৃতীয় টেস্টের আগেও ভারতই চাপে আছে বলে মনে করেন লায়ন, ‘আমরা অনেককে ভুল প্রমাণ করেছি। দুবাইয়ের বিমানে ওঠার আগেই অনেকে আমাদের বাতিল করে দিয়েছিল। সবাই বলছিল, সিরিজ ৪-০ ব্যবধানে জিতবে ভারত। অথচ এখন সিরিজ ১-১। বোর্ডার-গাভাস্কার ট্রফি ধরে রাখার জন্য মাত্র একটা জয় দরকার। আমরা সেটা করতেই এখানে এসেছি। সুতরাং চাপ অবশ্যই ভারতের ওপরে। আমার মনে হয়, ওরা সেই চাপ কিছুটা অনুভবও করছে।’  ক্রিকইনফো।