এখনো জাতীয় দলের স্বপ্ন দেখেন পাঠানেরা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এখনো জাতীয় দলে খেলার স্বপ্ন দেখেন পাঠান ভাইয়েরা। ফাইল ছবি
এখনো জাতীয় দলে খেলার স্বপ্ন দেখেন পাঠান ভাইয়েরা। ফাইল ছবি

‘ঢাকার এই অসহ্য যানজট আমার ভালো লাগে না। বিকেএসপিতে ম্যাচ থাকলে সকাল ছয়টায় রওনা হতে হয়। পৌঁছাতে পৌঁছাতে অনেক সময়ই দেখা যায়, টসের ৫ মিনিটও বাকি নেই।’-গত বুধবার শাইনপুকুরের বিপক্ষে ম্যাচ ততক্ষণে শেষ। প্রাইম ব্যাংকের নিরিবিলি-নিশ্চুপ ড্রেসিংরুমে বসেও ঢাকার যানজটের কথা ভেবে নাভিশ্বাস উঠল যেন ইউসুফ পাঠানের। এমনি তে বাংলাদেশটা মন্দ লাগে না পাঠান ভাইদের বড়জনের। হাসতে হাসতেই বললেন, ‘বাংলাদেশের খাবার দারুণ লাগে আমার। এখানে এসে বিভিন্ন ধরনের মাছ খেয়েছি, যা আমার সারা জীবনে খাইনি।’ অর্থাৎ খেয়ে-পরে বাংলাদেশে সময়টা একেবারে মন্দ কাটছে না ভারতীয় এই ব্যাটসম্যানের।

শুধু মাছ-ভাতের টানে তো আর বাংলাদেশে আসেননি পাঠান। ২০১৬ সালে ঢাকা লিগে খেলে গেছেন আবাহনীর হয়ে। এবার আসার মূল কারণ, আইপিএলের আগে নিজেকে খেলার মধ্যে রাখা। অবশ্য কথায় কথায় বুঝিয়ে দিতে চাইলেন, বাংলাদেশের ক্রিকেটারদের চেয়ে তাঁর প্রস্তুতিটা আরও কঠোর। নিজ দেশে জাতীয় দল তো বটেই, বয়সভিত্তিক পর্যায়ের ক্রিকেটাররাও এ দেশের চেয়ে ঢের বেশি অনুশীলন-সুবিধা পেয়ে থাকে। আর সে কারণেই রাজ্যে রাজ্যে মানসম্মত ক্রিকেটারদের ভিড়। যারা জাতীয় দলের দরজায় কড়া নাড়ছেন প্রতিনিয়ত। সে দেশে একজন ইউসুফ পাঠান থেকে যান, অমিত সম্ভাবনার অপমৃত্যু হিসেবে।

তবে আজকের টি-টোয়েন্টির জমানায় ইউসুফ যে কতটা কার্যকর, সেই প্রমাণ রেখেছেন আইপিএলে। প্রথম আসরে রাজস্থানকে চ্যাম্পিয়ন করার পেছনে ভূমিকা রেখেছিলেন ব্যাটে-বলে। ১৬ ম্যাচে ৪৩৫ রানের সঙ্গে নিয়েছিলেন ৮ উইকেট। জাতীয় দলের হয়ে ওয়ানডেতে দুই সেঞ্চুরি আর তিন হাফ সেঞ্চুরির পাশাপাশি ৫৭ ম্যাচে ৩৩টি উইকেট নিয়ে আস্থার প্রতিদানও দিয়েছিলেন। পারফরম্যান্সের গ্রাফটা নিম্নমুখী হতেই ছিটকে গেলেন দল থেকে।

ভারত এমন একটা দল, যেখান থেকে একবার বাদ পড়লে ফেরাটা শুধু ‘কঠিন’ বলে বোঝানো যায় না। তবু যে বয়সে অবসরটা মোটামুটি অবধারিত এ উপমহাদেশে, সেই পঁয়ত্রিশেও স্বপ্নটাকে ছাড়েননি ইউসুফ, ‘আমি স্বপ্ন দেখতে ভালোবাসি। স্বপ্ন না থাকলে জীবনটা গণ্ডিতে আটকা পড়ে যায়। আমি তাই আজও ভারতের হয়ে আবার মাঠে নামার স্বপ্ন দেখি। আর সে জন্য আমি এখনো একটা ১৭-১৮ বছরের ছেলের মতো পরিশ্রম করি। নিজেকে প্রতিমুহূর্তে তৈরি রাখি। কখনো যদি ডাক আসে।’

এবারের প্রিমিয়ার লিগে প্রাইম ব্যাংকের হয়ে খেলছেন ইউসুফ পাঠান। সৌজন্য ছবি
এবারের প্রিমিয়ার লিগে প্রাইম ব্যাংকের হয়ে খেলছেন ইউসুফ পাঠান। সৌজন্য ছবি

ইউসুফের মতো এমনি করে একটি ডাকের অপেক্ষায় নিজেকে প্রস্তুত রাখছেন আরেকজন। ইউসুফের চেয়ে আরও অনেক বেশি প্রতিশ্রুতি নিয়ে এসেছিলেন যিনি। ইউসুফের সৎভাই ইরফান পাঠান। যাঁর মধ্যে কপিল দেবের মতো একজন পেস বোলিং অলরাউন্ডারকে খুঁজছিল ভারত। সেই স্বপ্নপূরণের কাছাকাছি সম্ভাবনাও জাগিয়েছিলেন ইরফান। টেস্টে নিজের তৃতীয় বলেই ম্যাথু হেইডেনকে আউট করে শুরু করেছিলেন। পাকিস্তানের বিপক্ষে ম্যাচের প্রথম ওভারে হ্যাটট্রিক আছে তাঁর। ধীরে ধীরে হয়ে উঠছিলেন ব্যাটে-বলে দলের বড় আস্থা। ২৯ টেস্টে ১১০৫ রান আর ১০০ উইকেটের পাশে, ১২০টি ওয়ানডেতে ১৫৪৪ রান আর ১৭৩টি উইকেট নেওয়া ইরফান যেন হারিয়ে গেলেন অতিরিক্ত প্রত্যাশার বলি হয়েই। বড় ভাইকে কাছে পেয়ে জিজ্ঞেস করা হলো, কেমন আছেন ইরফান? ইউসুফ জানালেন, ‘ইরফান একজন যোদ্ধা। আর অনেক বেশি যুক্তিবাদী। সে কখনোই বিশ্বাস হারায় না, আমার মতোই অপেক্ষায় আছে। এখনো যখন একসঙ্গে অনুশীলন করি, অনেক কিছু শিখি ওর কাছ থেকে।’

ছোট ভাইয়ের প্রতি ইউসুফের কৃতজ্ঞতার শেষ নেই। পরবর্তী আলাপের অনেকটা জুড়েই ঘুরেফিরে এল মাঠের লড়াইয়ে দুই ভাইয়ের যুগলবন্দী। কথায় কথায় যেন ফিরে যাচ্ছিলেন একসঙ্গে খেলা ৮টি ওয়ানডে আর ৮ টি-টোয়েন্টির সেই দিনগুলোতে। কিংবা ইউসুফের অভিষেকের দিনটি, যেদিন প্রথম বিশ্ব টি-টোয়েন্টির শিরোপা জিতেছিল ভারত। ম্যাচসেরা হয়ে পাঠান পরিবারের গর্বটাকে দ্বিগুণ করেছিলেন দুই ভাই মিলে। ২০১২ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টিতে শেষবার একসঙ্গে খেলেছিলেন দুই ভাই, সেটাই শেষ ম্যাচ হয়ে আছে ইউসুফেরও। তার কদিন বাদেই টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ খেলেছিলেন ইরফান। ইউসুফ এখনো বিশ্বাস করেন আবার ফিরবেন তাঁর ভাই, ‘ইরফানের মতো প্রতিভারা এত সহজে ফুরিয়ে যায় না। আবার কখনো যদি ও দলে ফেরে তখন সেই ১৯ বছরের প্রত্যয়ী ইরফানকেই দেখতে পাবেন। ওই আমাকে শিখিয়েছে কীভাবে নিজের লক্ষ্যে অটল থাকতে হয়।’

ঘরোয়া ক্রিকেটে বরোদার জার্সিতে নামছেন দুজন, চলছে ইউসুফের আইপিএলের সানরাইজার্স হায়দরাবাদের হয়ে নামার প্রস্তুতিও। মাঝে ডোপ গ্রহণের দায়ে বিসিসিআইয়ের দেওয়া নিষেধাজ্ঞাও ফুরিয়েছে। কঠিন ওই সময়টার কথাও বলছিলেন ইউসুফ, ‘নিষিদ্ধ থাকা পাঁচ মাসের প্রতিটি দিন আমি সকালে উঠে ফিটনেস অনুশীলন করেছি। প্রতিদিন নেটে ঘাম ঝরিয়েছি। নিজেকে বলেছি, আর মাত্র কয়েকটা দিন। সব আঁধার কেটে যাবে।’ আন্তর্জাতিক ক্রিকেটে কি আর আঁধার পেরোনো হবে পাঠান ভাইদের?