এখনো দোষ স্বীকার করতে রাজি নন আকমল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কামরান আকমল তাঁকে শিক্ষা নিতে বলেছেন সেরাদের কাছ থেকে, কিন্তু উমর এখনো নিজের মতোই চলছেন। ছবি: টুইটার
কামরান আকমল তাঁকে শিক্ষা নিতে বলেছেন সেরাদের কাছ থেকে, কিন্তু উমর এখনো নিজের মতোই চলছেন। ছবি: টুইটার

ম্যাচ পাতানো ও স্পট ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েও কর্তৃপক্ষকে জানাননি উমর আকমল। আইসিসি ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের দুর্নীতি বিরোধী বিভাগকে সহযোগিতা না করার শাস্তি জুটেছে তাঁর। তিন বছরের জন্য ক্রিকেটের সঙ্গে কোনোভাবেই সংশ্লিষ্ট হতে পারবেন না এই ব্যাটসম্যান। এত বড় শাস্তি পাওয়ার পেছনে কারণ একটিই, এখনো নিজের অপরাধের গুরুত্ব বুঝতে পারছেন না আকমল।

দুটি ভিন্ন ঘটনার জন্য তিন বছরের শাস্তি পেয়েছেন আকমল। ম্যাচ পাতানোর প্রস্তাব পেয়েও না জানানোর ঘটনা কিছুদিন আগেই ক্রিকেট বিশ্বকে ধাক্কা দিয়েছে। সাকিব আল হাসানকে যেমন দুই বছরের শাস্তি পেতে হয়েছে। বাংলাদেশের সাবেক অধিনায়কের শাস্তির এক বছর অবশ্য স্থগিত সাজা। ফলে এক বছর পরই ক্রিকেটে ফিরতে পারবেন সাকিব। তথ্য না জানানোর অপরাধের ক্ষেত্রে এর আগে সব সময় এমন স্থগিত সাজা দেওয়ার নজির আছে। কিন্তু আকমলের ক্ষেত্রে স্থগিত শাস্তির কোনো ব্যবস্থা রাখা হয়নি।

পিসিবির শৃঙ্খলা কমিটির চেয়ারম্যাই জানিয়েছেন আকমলের কড়া শাস্তি পাওয়ার কারণ। ২০২৩ সালে ফেব্রুয়ারি ১৯ পর্যন্ত আকমলকে ক্রিকেটের বাইরে রাখার পরামর্ধের ব্যাপারে বিচারপতি ফজল-ই-মিরান চৌহান জানিয়েছেন, 'আকমলের মধ্যে কোনো অনুশোচনা নেই এবং সে ক্ষমাও চায়নি। দুর্নীতি বিরোধী নীতির ২.৪.৪ ধারা ভাঙ্গার জন্য নিজের ভুল তো স্বীকার করেইনি, উল্টো বলেছে আগে এমন কিছু হলে সে তো জানিয়েছে। প্রথম অভিযোগের ক্ষেত্রে আমি এমন কিছু দেখিনি যাতে মনে হয়েছে সে অপরাধ করতে চায়নি। সে পিসিবির তদন্ত কর্মকর্তাদের কোনো সহযোগিতা করেনি।'

ক্রিকইনফো জানিয়েছে, পিসিসবির জিজ্ঞাসাবাদে উমর স্বীকার করেছেন, তাঁর সঙ্গে দুবার যগাযোগ করেছে বুকিরা। শৃঙ্খলা কমিটির কাছেও সেটা স্বীকার করেছেন আকমলদের মেঝজন। কিন্তু তাঁর দাবি, দুর্নীতি বিরোধী কমিটিকে জানানোর মতো নাকি কিছু ঘটেনি। আকমলের দাবি, প্রথমবার লাহোরে এক নৈশভোজে এক অপরিচিতের সঙ্গে তাঁকে আলাপ করিয়ে দেওয়া হয়েছিল। ওই লোকের উদ্দেশ্য বুঝে ওই স্থান ত্যাগ করেছিলেন উমর। কিন্তু চৌহানের সামনে এ যুক্তি টেকেনি, 'খেলোয়াড় যে কারণ দেখিয়েছে তা গ্রহণযোগ্য না, সেটা সন্তোষজনকও না। ওকে যখন অপরাধ মেনে নিতে বলা হয়েছে এবং কম শাস্তির জন্য আবেদন করতে বলা হয়েছে, সুযোগটি নেয়নি এবং আগের ব্যাখ্যাই দিচ্ছে।'