এখনো নিশ্চিত নন জন্টি রোডস
নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের পরই বিসিবির সভাপতি নাজমুল হাসান জানিয়েছিলেন, মুশফিকদের ফিল্ডিংয়ে উন্নতি আনতে জন্টি রোডসকে আনা হবে। যদিও এখনো নিশ্চিত নয়, ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা এই ফিল্ডার কবে আসবেন।
কাল আকরাম খান বললেন, ‘জন্টি রোডস দীর্ঘ মেয়াদে আসবে না। কিছু সময়ের জন্য আমাদের এখানে কাজ করবে।’ কিন্তু কবে আসবেন রোডস, সেটি নিশ্চিত করতে পারেননি বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান, ‘ওর সময় দেখে আমরা সব ঠিক করব। চ্যাম্পিয়নস ট্রফির পরই হয়তো তাকে আনার চেষ্টা করব। এর আগে তাকে পাওয়া যাবে না।’
গত বছরের আগস্টে রুয়ান কালপাগেকে অব্যাহতি দেওয়ার পর স্পিন কোচের জায়গাটা এখনো শূন্য। শূন্যস্থান পূরণে গত মাসে হায়দরাবাদ টেস্ট চলার সময় সাবেক ভারতীয় স্পিনার সুনীল যোশির সঙ্গে কথা বলেছে বিসিবি। কিন্তু সেটি এখনো আলোর মুখ দেখেনি। আকরাম বললেন, চ্যাম্পিয়নস ট্রফির আগেই স্পিন কোচ নিশ্চিত করতে চায় বিসিবি, ‘আমাদের স্পিন কোচ প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল। কিন্তু সে (যোশি) সময় পায়নি। আলাপ করে এ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। চ্যাম্পিয়নস ট্রফির আগেই স্পিন কোচ পাওয়ার একটা সম্ভাবনা আছে।’