এখনো সংকটাপন্ন হিউজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফিল হিউজ
ফিল হিউজ

বিষাক্ত বাউন্সারের মরণছোবল ফিল হিউজকে ঠেলে দিয়েছে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। মাথায় চোট পাওয়ার পর এক দিন পেরিয়ে গেছে, জ্ঞান ফেরা দূরের কথা কাল পর্যন্ত জীবনসংশয়ই কাটেনি অস্ট্রেলিয়ান ওপেনারের। সিডনির সেন্ট ভিনসেন্ট হাসপাতালে হিউজের মস্তিষ্কের স্ক্যান করা হয়েছে গতকাল। যেটির ফলাফল আসার পরই বলা যাবে আদৌ তাঁর কোনো উন্নতি হলো কি না।
গত পরশু শেফিল্ড শিল্ডের ম্যাচ খেলার সময় নিউ সাউথ ওয়েলসের ফাস্ট বোলার শন অ্যাবোটের বাউন্সার লাগে সাউথ অস্ট্রেলিয়ার ওপেনার হিউজের মাথায়। মাঠেই জ্ঞান হারানো হিউজকে পরে নিয়ে যাওয়া হয় সিডনির সেন্ট ভিনসেন্ট হাসপাতালে। সেখানেই এখনো কৃত্রিম কোমায় আছেন তিনি। ব্রিসবেনে ভারতের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট দলে জায়গা পাওয়ার সম্ভাবনা জেগেছিল তাঁর। কিন্তু ভয়ংকর এ দুর্ঘটনায় এখন লড়তে হচ্ছে মৃত্যুর সঙ্গে। কাল তাঁর আরও এক দফা মস্তিষ্কের স্ক্যানের পর সেন্ট ভিনসেন্ট হাসপাতালে থাকা ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) টিম চিকিৎসক পিটার ব্রুকনার জানিয়েছেন, ‘এখনো ওর অবস্থা সংকটাপন্নই আছে। স্ক্যানের ফলাফল আসার পর আমরা সবাইকে জানাব।’
অস্ট্রেলিয়া-ভারত সিরিজের জমজমাট লড়াইয়ের আবহ থাকার কথা ছিল এখন। কিন্তু হিউজের চোটের কারণে গোটা ক্রিকেট-বিশ্বেই যেন হঠাৎ নেমে এসেছে শোক ও দুশ্চিন্তার জমাট অন্ধকার। সাউথ অস্ট্রেলিয়া ও নিউ সাউল ওয়েলসের ম্যাচটা বাতিল করা হয়েছিল হিউজ চোট পাওয়ার পরেই। কাল জানা গেছে, শেফিল্ড শিল্ডের এই রাউন্ডের বাকি ম্যাচগুলোও বাতিল করা হয়েছে। চোখের সামনে হিউজের এই দুর্ঘটনা বড় মানসিক ধাক্কা হয়ে এসেছে মাঠে থাকা তাঁর সতীর্থ-প্রতিপক্ষ সবার জন্যই। সবচেয়ে বড় ধাক্কাটা পেয়েছেন হয়তো শন অ্যাবোট। তাঁর বলেই তো আঘাতটা পেয়েছেন হিউজ। অ্যাবোটসহ সব প্রত্যক্ষদর্শীকে তাই কাউন্সেলিংয়ের প্রস্তাব দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া ও অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন (এসিএ)। এসিএ এক বিবৃতিতে বলেছে, ‘অ্যাবোটসহ সব ক্রিকেটার যারা এ ঘটনায় মানসিক ধাক্কা খেয়েছেন তাঁদের সবাইকে সব ধরনের সহযোগিতা করা হবে।’
যাঁর চোট হিউজের টেস্ট দলে জায়গা পাওয়ার সম্ভাবনা জাগিয়েছিল সেই অস্ট্রেলিয়া অধিনায়ক মাইকেল ক্লার্ক পরশু ছুটে গিয়েছিলেন হাসপাতালে, ছিলেন হিউজের অন্য সতীর্থরাও। কালও ক্লার্ক আর ব্র্যাড হাডিনের অনেকটা সময় কেটেছে সতীর্থের শয্যাপাশে। ভারতীয় দল থেকেও বিবৃতি দেওয়া হয়েছে হিউজের আরোগ্য কামনা করে। পরশুর মতো কালও তাঁকে নিয়ে উদ্বিগ্ন ছিল সারা ক্রিকেট-বিশ্ব। ফেসবুক-টুইটারে এসেছে অনেক অনেক শুভকামনা, প্রার্থনা। সবার একটাই চাওয়া—যেন খুব দ্রুত সুস্থ হয়ে ওঠেন হিউজ। এই রোববারই তো ২৬তম জন্মদিনের কেক কাটতে হবে তাঁকে! সিডনি মর্নিং হেরাল্ড, এএফপি, রয়টার্স।