এখনো সেই ট্রিপল সেঞ্চুরির স্বীকৃতি পাননি হানিফ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হানিফ মোহাম্মদ-শচীন টেন্ডুলকার—দুই ‘লিটল মাস্টার’ যখন একই ফ্রেমে। ফাইল ছবি
হানিফ মোহাম্মদ-শচীন টেন্ডুলকার—দুই ‘লিটল মাস্টার’ যখন একই ফ্রেমে। ফাইল ছবি

হানিফ মোহাম্মদ এমন এক ক্রিকেটার, যিনি নাকি সূর্যাস্তের পর চাঁদের আলোতেও ব্যাটিং করতে পারতেন! পাকিস্তানি এই কিংবদন্তির কথা উঠলে চলে আসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেই ঐতিহাসিক ৩৩৭ রানের ইনিংসটাও। অথচ এ ইনিংসটার স্বীকৃতি এখনো দেয়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড, অভিযোগ স্বয়ং হানিফের।
হানিফ জীবনের সেরা টেস্ট ইনিংসটি খেলেন ১৯৫৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, ব্রিজটাউন টেস্টে। তখনকার পিচ এখনকার মতো ঢাকা থাকত না। পেসারদের সামলাতে ব্যাটসম্যানদের সুরক্ষারও তেমন ব্যবস্থা ছিল না। সেই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে ৫৭৯ রান করার পর পাকিস্তান ১০৬ রানে অলআউট হয়ে ফলোঅনে বাধ্য হয়। দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের হয়ে হানিফ শেষ তিন দিন টানা ব্যাট করে করেন ৩৩৭ রান। হানিফ ৯৭০ মিনিট ব্যাট করেছিলেন—১৬ ঘণ্টারও বেশি সময়! যেটি এখনো মিনিটের হিসাবে সবচেয়ে লম্বা ইনিংসের বিশ্বরেকর্ড। 
হানিফ বলেন, ‘ইউনিস খান ও ইনজামাম-উল-হকের ট্রিপল সেঞ্চুরির পর তাঁদের পুরস্কৃত করেছে ক্রিকেট কর্তৃপক্ষ (পিসিবি)। তবে আমার জন্য বিষয়টি এখনো দুঃখই হয়ে থাকল। আমার কীর্তির স্বীকৃতি এখনো পেলাম না। সেই ইনিংসের পর চোট পেয়েছিলাম, অস্ত্রোপচারও করতে হয়েছিল। হতাশার বিষয় হচ্ছে, এখনো আমার ট্রিপল সেঞ্চুরির স্বীকৃতি বা সেই পারফরম্যান্সের জন্য কোনো কৃতজ্ঞতা প্রকাশ করেনি কর্তৃপক্ষ।’ 
২১ ডিসেম্বর ৮০ বছর পূর্ণ করলেন হানিফ। নিজ শহর করাচিতে ছোট করেই জন্মদিন পালন করলেন পাকিস্তান ক্রিকেট কিংবদন্তি। একই শহরে পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার খান থাকলেও হানিফের অনুষ্ঠানে যাননি। তবে ‘লিটল মাস্টার’কে শুভেচ্ছা জানাতে এসেছিলেন মঈন খান, ইউনিস খান, শরফরাজ আহমেদ, তৌফিক উমরের মতো এ সময়ের পাকিস্তান ক্রিকেট তারকারা। তথ্যসূত্র: পিটিআই।