বর্তমান বিশ্ব ক্রিকেটে অন্যতম সেরা ব্যাটসম্যান পাকিস্তানের অধিনায়ক ও ওপেনার বাবর আজম। র্যাঙ্কিংয়ে চোখ রাখলেই সেটি স্পষ্ট। ওয়ানডে র্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা বাবর টি–টোয়েন্টিতেও আছেন দুই নম্বরে। টেস্টেও কম যান না, সাত নম্বরে আছেন ২৭ বছর বয়সী বাবর। সব ধরনের সংস্করণ মিলিয়ে ২০ সেঞ্চুরিতে সাড়ে ৮ হাজারের ওপর রান। তবুও নাকি এখনো নিজের সেরাটা দিতে পারেননি বাবর। এমন দাবিই করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ও ব্যাটসম্যান ইনজামাম উল হক।
আজ চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে পাকিস্তান। এমন ম্যাচের আগে বাবরকে প্রশংসায় ভাসিয়ে ইনজামাম বলেন, ‘একজন ব্যাটসম্যানের সেরা সময়টা শুরুর হয় ৩০ বছর বয়সের পরে। তখনই সে নিজের সেরাটা দিতে পারে। বাবরের বয়স এখনো ৩০ হয়নি এবং এরই মধ্যে সে অনেক কিছু অর্জন করেছে। আমি বিশ্বাস করি, তার সেরাটা দেওয়া এখনো বাকি আছে। সে পাকিস্তানকে দীর্ঘদিন সেবা দেবে এবং প্রতিটি ব্যাটিং রেকর্ড নিজের করে নেবে।’
বিশ্বকাপের আগে দুর্দান্ত ফর্মে আছেন বাবর। ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে ফেরার পর ঘরোয়া ‘ন্যাশনাল টি-টোয়েন্টি কাপে’ পাঞ্জাবের হয়ে দুর্দান্ত খেলেছেন। সেই টুর্নামেন্টের মধ্য দিয়ে ক্রিস গেইলকে ছাড়িয়ে টি-টোয়েন্টিতে দ্রুততম ৭০০০ রানের রেকর্ড এখন বাবরের। তাঁর ব্যাট হাতে ক্রিজে নামা মানেই রানের ফুলঝুরি। ইনজামাম বলেন, ‘ওর যে গুনটা সবচেয়ে বেশি ভালো লাগে, সে রানের জন্য ক্ষুধার্ত থাকে। আমি তার মতো ক্ষুধার্ত কাউকে দেখিনি। আরও একটা ভালো বিষয় হলো বাবর তার নিজের খেলার দিকে মনোযোগ ধরে রাখে। ক্রিকেটের অনেক রেকর্ড ভাঙবে বলে আমার ধারণা।’
টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত ভারতকে কখনো হারাতে পারেনি পাকিস্তান। আজও ম্যাচে ফেবারিট ধরা হচ্ছে ভারতকেই। তবে এ ম্যাচে অধিনায়ক বিরাট কোহলি খুব চাপে আছেন বলে মনে করেন ইনজামাম, ‘সাধারণত ভারত-পাকিস্তান ম্যাচে উভয় দলের অধিনায়কই চাপে থাকে। কিন্তু এ ম্যাচে কোহলি বেশি চাপে থাকবে। প্রথমত, তার দল এ ম্যাচে ফেবারিট। দ্বিতীয়ত, দুই বছর ধরে সে বড় ইনিংস খেলতে পারেনি। তৃতীয়ত, অধিনায়ক হিসেবে এটাই তার শেষ টুর্নামেন্ট।’