এখনো হাল ছাড়েননি কেপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাঁর আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের শুরুটা ইংল্যান্ডে, জন্মভূমি দক্ষিণ আফ্রিকায় নয়। কেভিন পিটারসেনের শুরুটা সাফল্যের হাত ধরেই। ২০০৫ অ্যাশেজ থেকে ২০১০ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়, সবখানেই ছিল তাঁর বড় অবদান। কিন্তু শৃঙ্খলাভঙ্গের কারণে ২০১৪ সালের পর ইংল্যান্ড দলে ব্রাত্য পিটারসেন।
টেস্ট দলে ফেরার ইচ্ছায় গত মৌসুমে আইপিএল খেলেননি। কিন্তু ভাগ্য ফেরাতে পারেননি, বোর্ডের ক্রিকেট পরিচালক ও সাবেক অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউস বলে দেন কেপির জন্য ইংল্যান্ড দলের দুয়ার বন্ধ।
এ জন্যই বোধ হয় এবার নীড়ে ফিরতে চাইছেন। বিশ্বজুড়ে টি-টোয়েন্টি লিগ মাতিয়ে বেড়ালেও মনে মনে টেস্ট খেলার জন্য এখনো তৃষ্ণার্ত পিটারসেন, ‘মাথায় চিন্তাটি (দক্ষিণ আফ্রিকার হয়ে খেলা) আছে। যদি হয় তাহলে ভালো, না হলেও ক্ষতি নেই। এটি এমন এক বিষয় (আন্তর্জাতিক ম্যাচ), যা অনেক দিন ধরেই করছি। আমি কি আন্তর্জাতিক ক্রিকেটের অভাব বোধ করি? আন্তর্জাতিক পর্যায়ে ব্যাটিং করতে ইচ্ছে হয় আমার? অবশ্যই! তাই ভবিষ্যতে কী হবে তা বলা যাচ্ছে না!’
চাইলেও অবশ্য আন্তর্জাতিক ক্রিকেটে ফেরাটা সহজ হবে না। নিয়মের কারণে ২০১৮ সালের জানুয়ারির আগ পর্যন্ত প্রোটিয়া দলে খেলতে পারবেন না। তত দিনে কেপির বয়স হয়ে যাবে ৩৭। এই বয়সে আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফেরাটা বেশ দূরের ব্যাপার। সে জন্যই হয়তো এখনো ইংল্যান্ড দলে ফেরার আশা ছাড়ছেন না, ‘দক্ষিণ আফ্রিকার হয়ে খেলার যোগ্যতা পেতে এখনো অনেক দেরি। তবে ইংল্যান্ডের হয়ে খেলার সুযোগ এখনো শেষ হয়ে যায়নি।’ সূত্র: ক্রিকেট অস্ট্রেলিয়া।