এখানে সবকিছুতেই 'অলস' সৌন্দর্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এজেকিয়েল জোন্স হো হো করে হেসে উঠলেন। যেন প্রশ্নের মতলবটা ধরতে পেরেছেন। তারপর কয়েক সেকেন্ড চুপ থেকে বললেন, ‘গ্রেনাডা। গ্রেনাডাই ওয়েস্ট ইন্ডিজের সবচেয়ে সুন্দর দ্বীপ।’
ওয়েস্ট ইন্ডিজের কোন দ্বীপটি সবচেয়ে সুন্দর—এমন প্রশ্নের আসলেই একটা মতলব ছিল। শুভ্রদার (প্রথম আলোর ক্রীড়া সম্পাদক উৎপল শুভ্র) ‘ক্যারিবীয় কড়চা’য় পড়েছি, সব ওয়েস্ট ইন্ডিয়ানই নাকি মনে করে, ওয়েস্ট ইন্ডিজের মধ্যে তার দেশটিই সবচেয়ে সুন্দর। প্রকৃতির সব সৌন্দর্য তাদের দ্বীপেই। ব্যাপারটা যাচাই করে নিতেই প্রশ্নটা করা। ট্যাক্সিচালক এজেকিয়েল জোন্স কথাটাকে অক্ষরে অক্ষরে সত্যি প্রমাণ করে বললেন, ‘৪০ বছর ধরে ট্যাক্সি চালাচ্ছি। কত পর্যটক উঠল আমার গাড়িতে। সবাই বলেছে, এ রকম সুন্দর দেশ নাকি তারা আগে দেখেনি।’
অযত্ন আর অবহেলায় পড়ে থাকা অগোছালো সৈকত কক্সবাজারকে বাংলাদেশের সবচেয়ে বেশি পর্যটক আকৃষ্ট করা জায়গা করে ফেলেছে। আর এখানে তো ছবির মতো সাজানো পুরো সেন্ট জর্জেসই একটা সৈকত! সমুদ্রের পাড় ঘেঁষে পাহাড়ি উঁচু-নিচু রাস্তা। পাহাড়ের কোল ঘেঁষে ঘর-বসতি, হোটেল-রিসোর্ট। প্রকৃতির দান আর মানুষের চেষ্টায় সবকিছু এত নিখুঁতভাবে সাজানো যে পুরো শহরটাকেই মনে হয় একটা স্টুডিও! যেখানে ইচ্ছা দাঁড়িয়ে ছবি তোলা যায়। তার পরও গ্রেনাডাই সবচেয়ে আকর্ষণীয় ক্যারিবীয় দ্বীপ কি না, সে উপসংহারে যাওয়ার সময় আমার হয়নি। বাকি কোনো দ্বীপ তো এখনো দেখাই হয়নি!
ওয়েস্ট ইন্ডিয়ানদের ব্যাপারে শুনে আসা আরও একটা তথ্যেরও প্রচুর উদাহরণ পেলাম গত দু-তিন দিনে। এই জাতির কোনো কিছুতেই যেন কোনো টেনশন নেই! কেএফসিতে খেতে যান কিংবা অ্যাক্রিডিটেশন কার্ড আনতে গ্রেনাডা ক্রিকেট বোর্ডের অফিসে, প্রচণ্ড ধৈর্যশীল না হলে আপনার খাওয়াও যেমন হবে না, প্রথম দিনে গলায় ঝোলাতে পারবেন না অ্যাক্রিডিটেশন কার্ডও। একই অবস্থা তিন তারকাবিশিষ্ট গ্রেনাডিয়ান বাই রেক্স রিসোর্টেও। রুম থেকে রেস্টুরেন্টে খাওয়ার অর্ডার দিলে বলবে, ২০ মিনিটের মধ্যে হয়ে যাবে। সেই ২০ মিনিট দেড় ঘণ্টায়ও শেষ হয় না। তাও যদি রেস্টুরেন্টে মাঝে আরও এক-দুবার ফোন দেন। নয়তো আপনার ক্ষুধার কথা হয়তো তারা ভুলেই যাবে। এত নির্বিকার চিত্তে, এত হেলেদুলে কীভাবে যে চলে মানুষ!
বাংলাদেশ দলের বাঁহাতি স্পিনার আবদুর রাজ্জাকের ধারণা, ওয়েস্ট ইন্ডিয়ানদের এই আলস্য জড়িয়ে আছে তাদের রাষ্ট্রীয় কাজ-কারবারেও। ২০০৪ সালে গ্রেনাডায় প্রথমবার এসে দেখে গিয়েছিলেন ন্যাশনাল স্টেডিয়ামের কাছে কী একটা পাওয়ার স্টেশন তৈরির কাজ চলছে। ১০ বছর পর এবারও এসে নাকি ওই পাওয়ার স্টেশনের একই অবস্থা দেখেছেন—কাজ চলছে!
রাজ্জাকের কথার প্রমাণ পেয়েছি আমিও। পরশু ন্যাশনাল স্টেডিয়ামে গেলে পাশেই আরেকটা স্টেডিয়াম দৃষ্টি কাড়ল। ন্যাশনাল স্টেডিয়ামে ক্রিকেট হয়, আর ওই স্টেডিয়ামে একসময় হতো অ্যাথলেটিকস আর ফুটবল। হ্যাঁ, একসময় ওসব হলেও এখন আর সেটিতে কুতকুত খেলারও উপায় নেই। শ্রীহীন ভাঙাচোরা স্টেডিয়ামটিকে দেখে প্রথমে ধ্বংসস্তূপই মনে হলো। একটু পর গ্রেনাডা ক্রিকেটের একজনের কাছে জানলাম, ওটা আসলেই ধ্বংসস্তূপ। ২০০৪ সালে হারিকেন আইভানের আঘাতে প্রায় গুঁড়িয়ে যায় স্টেডিয়ামটি। ১০ বছরেও সারেনি সেই ক্ষত। গ্রেনাডা ক্রিকেটের ওই ভদ্রলোক দাবি করলেন, স্টেডিয়ামটিকে নতুন করে তৈরি করতে কাজ শুরু হয়েছে। কাল স্থানীয় ফুটবল ফেডারেশনের টেকনিক্যাল ডিরেক্টর স্মিথও জানালেন, ‘চীনারা এসে স্টেডিয়ামটি নতুন করে বানানোর কাজ শুরু করেছে। এটাই হবে গ্রেনাডার প্রথম পৃথক ফুটবল স্টেডিয়াম।’ সেটা যখন হবে তখন, আপাতত একাকী ধ্বংসসস্তূপ হয়ে দাঁড়িয়ে আছে কঙ্কালসদৃশ স্টেডিয়ামটি।
ক্রিকেটের ন্যাশনাল স্টেডিয়ামেরও খুব একটা যত্ন-আত্তি হয় বলে মনে হলো না। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের কিউরেটর গামিনি ডি সিলভা এখানে এলে ১২ মাসেও বাজে ঘাস বেছে শেষ করতে পারতেন কি না সন্দেহ। দূর থেকে দেখে আউটফিল্ডও মনে হলো না পুরোপুরি মসৃণ। গতকালের আগে এই স্টেডিয়ামে সর্বশেষ ওয়ানডে হয়েছে ২০১৩ সালের ২৬ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজ-জিম্বাবুয়ের মধ্যে। আর সর্বশেষ টেস্ট ২০০৯-এর জুলাইয়ে বাংলাদেশের বিপক্ষেই। আন্তর্জাতিক ক্রিকেট হতে না-হতেই কিনা, মরচে পড়ে গেছে স্টেডিয়ামের সৌন্দর্যে। সঙ্গে ওয়েস্ট ইন্ডিয়ানদের ঢিলেঢালা চাল তো আছেই।
ক্যারিবীয়দের এ রকম ভাবলেশহীন স্বভাবের অবশ্য একটা স্বাস্থ্যকর দিকও থাকতে পারে। পৃথিবীতে সবচেয়ে কম উচ্চ রক্তচাপে ভোগে কোন দেশের মানুষ—এমন একটা জরিপ চালালে ওয়েস্ট ইন্ডিয়ানদেরই সবার ওপরে থাকার কথা!