এখানেই সিরিজ শেষ?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাদশে রায়ান হ্যারিসের নাম দেখেই চওড়া হয়ে গেছে ম্যাথু হেইডেনের হাসি। সাবেক ওপেনার ও ধারাভাষ্যকার বলে দিয়েছেন, মেলবোর্নে ভারতকে হারাতে চার দিনই যথেষ্ট অস্ট্রেলিয়ার। হ্যারিস-জনসন-হ্যাজলউডের ত্রিমুখী তোপ নাকি সামলাতে পারবে না ভারতীয় ব্যাটসম্যানরা। নিজের বিশ্বাসের পক্ষে আরেকটি বড় যুক্তিও দিয়েছেন হেইডেন, ‘ভারতের ক্রিকেটাররা বিশ্বাসই করে না যে দেশের বাইরে টেস্ট জিততে পারে।’
রিকি পন্টিং আবার বলছেন, ভারতের জয় পাওয়ার সেরা সুযোগ এটিই। মেলবোর্নের ড্রপ ইন উইকেটে শুরুতে বল একটু এদিক-ওদিক করলেও ক্রমেই শুষ্ক হয়ে ওঠার পর পেসাররা এ থেকে তেমন কিছু পাবেন না। এটাও যদি যথেষ্ট না হয়, ইতিহাসও ভরসা দিতে পারে মহেন্দ্র সিং ধোনিকে। মেলবোর্নই অস্ট্রেলিয়ার একমাত্র ভেন্যু, যেখানে একাধিক টেস্ট জিতেছে ভারত। তবে এই তথ্যের পরের লাইনটিই আবার হাসি ফোটাবে স্টিভেন স্মিথের মুখে। মেলবোর্নে ভারতের সর্বশেষ জয়টি সেই ১৯৮১ সালে, এরপর পাঁচ সফরেই এমসিজি উপহার দিয়েছে পরাজয়!
সাবেকদের অনুমান আর পরিসংখ্যানের পাল্টাপাল্টি থেকে ফেরা যাক বাস্তবতায়। সেটি হলো ২-০তে এগিয়ে অস্ট্রেলিয়া। আজ শুরু টেস্টে জিতলে বা ড্র করলেই ফিরে পাবে বোর্ডার-গাভাস্কার ট্রফি। ড্রয়ের সঙ্গে অবশ্য অনেক দিন থেকেই আড়ি মেলবোর্নের। ১৯৯৮ থেকে সর্বশেষ ১৬টি টেস্টই ফলাফল দেখেছে এখানে। কোনো এক দলের জয়ই তাই সবচেয়ে সম্ভাব্য ফলাফল। সিরিজের গতি-প্রকৃতি বলছে, সেটি অস্ট্রেলিয়ার জয় হওয়ার সম্ভাবনাই বেশি। সিরিজে টিকে থাকতে হলে ভারতেরও চাই জয়। কিন্তু ওই যে হেইডেন যেমন বলেছেন, সেই বিশ্বাস ভারতীয়দেরও কি আছে!
সেই বিশ্বাসটা পেতে সিরিজের দুই টেস্টের দিকে ফিরে তাকাতে পারে ধোনির দল। অ্যাডিলেড ও ব্রিসবেনে ভারত হেরেছে বটে, তবে উড়ে যায়নি। ম্যাচের নিয়ন্ত্রণ রাখতে পেরেছিল অনেকটা সময়জুড়ে। এমনকি ভারতীয়দের এমন মনে হওয়াটাও স্বাভাবিক যে একটু এদিক-সেদিক হলে ২-০তে এগিয়ে থাকা দলটির নাম হতে পারত ভারতই! কিন্তু দুটিতেই হারতে হয়েছে গুরুত্বপূর্ণ সময়ে পিছলে পড়ায়। সেই অভিজ্ঞতার শিক্ষা যদি কাজে লাগানো যায় মেলবোর্নে, অস্ট্রেলিয়ার ভঙ্গুর ব্যাটিং লাইনআপকে যদি লম্বা সময় রাখা যায় চাপে; কে জানে, পন্টিংয়ের ভাবনাকে সত্যি প্রমাণ করেও ফেলতে পারে ভারত।
তবে প্রথম দুই টেস্ট কি অস্ট্রেলিয়ার আত্মবিশ্বাসের পালেও হাওয়া লাগানোর মতো নয়! সময়মতো জেগে উঠে ম্যাচের রং বদলে দেওয়াটা তো বিখ্যাত অস্ট্রেলিয়ান হার না-মানা মানসিকতারই প্রমাণ। আর উন্নতির জায়গাও অজানা নয় তাদের। ব্যাটিংয়ে মূল দুশ্চিন্তা শেন ওয়াটসনকে নিয়ে, তবে মেলবোর্নেই ওয়াটসনের রেকর্ড সবচেয়ে ভালো। ক্যারিয়ার ব্যাটিং গড় যেখানে ৩৫.৫১, মেলবোর্নে ৪ টেস্টে তা অবিশ্বাস্য ৮৯.৬০। নেটে পাওয়া চোট গুরুতর নয় বলে জানা গিয়েছিল আগেই। কাল নেটে চোট পেয়েছিলেন শন মার্শ, সেটিও খেলতে না পারার মতো কিছু নয়। মিচেল মার্শের জায়গায় ডাক পাওয়া জো বার্নসের অভিষেক হওয়াটা নিশ্চিতই ছিল। ব্যাটিং করার কথা ছিল ছয়ে। মিচেল স্টার্কের বদলে হ্যারিস ফেরায় বোলিং শক্তি বাড়ছে নিশ্চিতভাবেই।
ভূবনেশ্বর কুমার খেলতে পারবেন কি না, এই সিদ্ধান্ত হওয়ার কথা ছিল ম্যাচ শুরুর আগে। ফিরে থাকলে ভারতের বোলিং হয়তো আরেকটু ধারালোই হয়েছে।
তবে একাদশ যাই হোক, আসল পরীক্ষাটা ধোনিদের মানসিকতার। সেই পরীক্ষায় উতরাতে না পারলে, উৎসবের বক্সিং ডে টেস্ট অস্ট্রেলিয়াকে রাঙাবে সিরিজ জয়ের উৎসবে। ক্রিকইনফো, এএফপি, রয়টার্স।