এগিয়ে কারা, চোখ রাখতে হবে যাদের দিকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেষ পর্যন্ত ধোনিই হয়তো সব আলো কেড়ে নেবেন ফাইনালের। ছবি: বিসিসিআই
শেষ পর্যন্ত ধোনিই হয়তো সব আলো কেড়ে নেবেন ফাইনালের। ছবি: বিসিসিআই

খুব বেশি সময় বাকি নেই। আর কিছুক্ষণ পরই হায়দরাবাদে শুরু হচ্ছে দশম আইপিএলের ফাইনাল। কে জিতবে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ? দুবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ানস নাকি প্রথমবারের মতো শিরোপা জয়ের উৎসবে ভাসবে রাইজিং পুনে সুপার জায়ান্ট! সে উত্তর একটু পরেই মিলবে, তবে ম্যাচ শুরুর আগে দেখে নেওয়া যাক কে এগিয়ে ফাইনালে।

১. এটা মুম্বাইয়ের চতুর্থ ফাইনাল। অন্য দিকে পুনের এটাই প্রথম ফাইনাল। পুনে অবশ্য দল হিসেবে নতুন। ফাইনালের মতো বড় মঞ্চে অভিজ্ঞতা সব সময়ই বড় ব্যাপার। আর মুম্বাই আগের তিন ফাইনালের দুটিতেই (২০১৩, ২০১৫) বিজয়ী হয়েছে। শুধু প্রথম ফাইনালেই হেরেছে তারা।
২. পুনেরও আছে ফাইনালের অভিজ্ঞতা, তবে অন্যভাবে। গতবার পুনের অধিনায়কত্ব করা মহেন্দ্র সিং ধোনির এটি সপ্তম ফাইনাল। তা ছাড়া সাময়িক নিষিদ্ধ চেন্নাই দলের কোচ স্টিভেন ফ্লেমিংও পুনের দায়িত্ব পালন করেন। পুনে দলটার ওপর চেন্নাইয়ের ছাপ তাই আছে। এসব তথ্যে যদি পুনেকে এগিয়ে রাখতে চান, তবে অন্য একটি তথ্যে পিছিয়ে রাখতে হবে। আগের ছয় ফাইনালের চারটিতেই হেরেছেন ধোনি! মানে কি না চেন্নাই!
৩. ফাইনালে পুনেকে এগিয়ে রাখছে তাঁদের ধারাবাহিকতা। এ মৌসুমে মুম্বাইয়ের বিপক্ষে তিনটি ম্যাচেই জিতেছে পুনে। এর মাঝে একটি কোয়ালিফায়ার-১ এ। মুম্বাইয়ের বিপক্ষে এমন সাফল্য নিয়েই ২০১০ সালে ফাইনাল জিতেছে চেন্নাই সুপার কিংস।
৪. তবে কাইরন পোলার্ডের উপস্থিতি একটু হলেও পাল্লাটা হেলিয়ে দিচ্ছে মুম্বাইয়ের দিকে। এই দলটির হয়ে ফাইনালে সর্বোচ্চ রান, ছক্কা ও স্ট্রাইক রেট এই অলরাউন্ডারের।
৫. আজ অবশ্য বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই, যদি না আবহাওয়ার পূর্বাভাসকে মিথ্যা প্রমাণ করে দেয় প্রকৃতি। হায়দরাবাদের উইকেটে খেলা। ফলে কোনো দলের জন্যই স্বাগতিক হওয়া সুবিধা থাকছে না। দল হিসেবে সবচেয়ে ভারসাম্যপূর্ণ মুম্বাই। তবে ধোনি-স্মিথের যৌথ ক্রিকেট মস্তিষ্ক এরই মধ্যে অন্যতম শক্তি বলে প্রমাণিত হয়েছে।

এবার দেখে নেওয়া যাক কাদের ওপর চোখ রাখতে হবে—

পুনে সুপার জায়ান্ট
ওয়াশিংটন সুন্দর—ব্যতিক্রমী কিছু না ঘটলে ফাইনালে থাকার কথা এই স্পিনারের। সে ক্ষেত্রে সবচেয়ে কম বয়সে আইপিএল ফাইনাল খেলার রেকর্ড হয়ে যাবে ১৭ বছরের সুন্দরের। দুর্দান্ত ফর্মে থাকা সুন্দর অবশ্য শুধু ফাইনাল খেলা নয় জেতারও রেকর্ড গড়তে চাইবে পুনের এই স্পিনার।
পুনের অন্যান্য যাঁদের দিকে নজর রাখতে হবে, তাঁরা হলেন—স্টিভ স্মিথ, এমএস ধোনি; বাঁহাতি পেসার জয়দেব উনাদকার ও ওপেনার রাহুল ত্রিপাঠি।

মুম্বাই ইন্ডিয়ানস
জসপ্রীত বুমরা—নতুন বলে দুর্দান্ত সুইং, সঙ্গে যখন ইচ্ছে ইয়র্কার দেওয়ার ক্ষমতায় ভারত দলেরই অবিচ্ছেদ্য অংশ এই পেসার। দ্বিতীয় কোয়ালিফায়ারে কলকাতার ধসের শুরুটা করেছেন বুমরাই।
মুম্বাইয়ের হয়ে আরও যার ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন—লেগ স্পিনার কর্ণ শর্মা, রোহিত শর্মা, কাইরন পোলার্ড, ক্রুনাল ও হার্দিক পান্ডিয়া।