প্রথম ওয়ানডে হারার পর সিরিজে দারুণভাবে ফিরে এল ইংল্যান্ড। কাল তৃতীয় ওয়ানডেতে পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়ে চার ম্যাচের সিরিজে ২-১-এ এগিয়ে গেছে ইংলিশরা।
টসে জিতে পাকিস্তানের শুরুটাও হয়েছিল ভালো। ৪৫ রানের উদ্বোধনী জুটির পর আজহার আলীকে নিয়ে মোহাম্মদ হাফিজ ভালোই এগোচ্ছিলেন। কিন্তু ১৩২ রানে হাফিজের (৪৫) আউটের পরেই ধস। ১৩২ থেকে ১৬১—মাত্র ২৯ রানে পাকিস্তান হারিয়ে ফেলল ছয়
উইকেট! ‘কৃতিত্বটা’ পাকিস্তানের ব্যাটসম্যানদেরই বেশি। রানআউটই হয়েছেন তিনজন—আজহার, মালিক ও রিজওয়ান। শেষ পর্যন্ত যে তাঁরা ধুঁকতে ধুঁকতে ২০৮ রান করেছেন, তাতে ওয়াহাব রিয়াজের ৩৫ রানের ইনিংসের অবদানই বেশি। ইংল্যান্ডের ক্রিস ওকস ৪০ রানে নিয়েছেন ৪ উইকেট।
২০৯ রান তাড়া করে ইংল্যান্ড ১২ রানেই হারিয়ে ফেলে জেসন রয়কে। ২৭ রানে জো রুটও ফিরে গেলে একটু বিপদেই পড়ে যায় ইংল্যান্ড। ৮৭ রানে ফিরে যান অ্যালেক্স হেলসও (২৭)। এরপর হাল ধরেছেন জেমস টেলর ও জস বাটলার। ১১৭ রানের অবিচ্ছিন্ন জুটিতে দুজন এনে দিয়েছেন দারুণ এক জয়। টেলর অপরাজিত ছিলেন ৬৭ রানে, বাটলার মাত্র এক রানের জন্য হাফ সেঞ্চুরি পাননি। টেন ক্রিকেট।