এগিয়ে গেল ইংল্যান্ড
লক্ষ্য ৩৪৩, হাতে সম্ভাব্য ৮৪ ওভার। এজবাস্টনে চতুর্থ ইনিংসে এই রান তাড়া করে জেতার রেকর্ড নেই কোনো দলের। সর্বোচ্চ ২৮১ তাড়া করে দক্ষিণ আফ্রিকা জিতেছিল ২০০৮ সালে। আসলে ২০০-এর বেশি রান তাড়া করে এখানে জেতার রেকর্ডই আছে মাত্র দুটি। জিততে হলে পাকিস্তানকে তাই নতুন রেকর্ড গড়তে হতো। মিসবাহ-উল-হকের দল সেটি পারেনি। অলআউট হয়ে গেছে .২০১ রানে। ১৪১ রানে ম্যাচ জিতে চার টেস্টের সিরিজেও ২-১ ব্যবধানে এগিয়ে গেল ইংল্যান্ড।
আগের দিনের ৫ উইকেটে ৪১৪ রানের সঙ্গে কাল সকালে আরও ৩১ রান যোগ করেই ইনিংস ঘোষণা করেন ইংলিশ অধিনায়ক অ্যালিস্টার কুক। মঈন আলী তাই অপরাজিত রয়ে যান দলের হয়ে সর্বোচ্চ ৮৬ রানেই। পরে বল হাতে জয়ে অবদান রেখেছেন প্রায় সব ইংলিশ বোলারই। ৬ জন বোলার ব্যবহার করেছেন অ্যালিস্টার কুক, এর মধ্যে জো রুট ছাড়া ২ উইকেট করে পেয়েছেন বাকি সবাই। ওপেনার সামি আসলাম ছাড়া পাকিস্তানের হয়ে বলার মতো রান করতে পারেননি আর কেউই। ক্রিকইনফো।