
৬ বলে দরকার ১১ রান। হাতে ৫ উইকেট। ক্রিজে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। সমীকরণটা খুব কঠিন ছিল না ভারতের জয়ের জন্য। ওদিকে দক্ষিণ আফ্রিকার সেরা বোলার ডেল স্টেইনের ১০ ওভারের কোটা আগেই শেষ হয়ে গেছে। বাকি নেই ইমরান তাহিরের ওভারও। অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স বল তুলে দিলেন তরুণ কাগিসো রাবাদার হাতে। কী দারুণভাবেই না অধিনায়কের আস্থার প্রতিদান দিলেন ২০ বছর বয়সী প্রোটিয়া পেসার!
প্রথম ৩ বলে দিলেন ৪ রান। পরের বলে তুলে নিলেন ‘বিপজ্জনক’ ধোনির উইকেট। পরের বলে স্টুয়ার্ট বিনিরটাও। ভারতের জয়ের আশা শেষ হয়ে গিয়েছিল সেখানেই। টাই করতেও শেষ বলে দরকার ছিল ছক্কা। ভুবনেশ্বর কুমার নিতে পারলেন ১ রান। শেষ দিকে রুদ্ধশ্বাস উত্তেজনার ম্যাচটা দক্ষিণ আফ্রিকা জিতে নিল ৫ রানে। গতকাল কানপুরের এই জয় ৫ ম্যাচের ওয়ানডে সিরিজেও দক্ষিণ আফ্রিকাকে এগিয়ে দিল ১-০ ব্যবধানে।

স্নায়ু সামলে শেষ ওভারে দুর্দান্ত বল করা রাবাদাকেই আপাতদৃষ্টিতে নায়ক মনে হবে। তবে ওই ওভার ছাড়াও দক্ষিণ আফ্রিকাকে ম্যাচে ফেরাতে বড় ভূমিকা ছিল ইমরান তাহিরের করা ৪৭তম ওভারটির। ওই ওভারটির আগে ২৪ বলে মাত্র ৩৫ রান দরকার ছিল ভারতের, হাতে ৭ উইকেট। কিন্তু ওই ওভারের প্রথম বলে রোহিত শর্মা আর পঞ্চম বলে সুরেশ রায়নাকে ফিরিয়ে ম্যাচ জমিয়ে দেন তাহির। রান দেন মাত্র ৪। জয়ের জন্য পরের ৩ ওভারে ভারতের দরকার ৩১ রান, হাতে ৫ উইকেট। এমন সমীকরণ সামনে রেখে ৪৮তম ওভারে রাবাদা দেন ৯ রান, ১১ রান আসে স্টেইনের করা ৪৯তম ওভার থেকে।
শেষ দিকে এমন নাটকীয়তা ছড়ানো ম্যাচে এর আগে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন দুই দলের দুই ব্যাটসম্যান। দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স, ভারতের রোহিত শর্মা। ৬টি ছক্কা আর ৫টি চারে ডি ভিলিয়ার্স খেললেন ৭৩ বলে অপরাজিত ১০৪ রানের বিধ্বংসী এক ইনিংস। তাতে দক্ষিণ আফ্রিকাও পেয়ে যায় ৩০৩ রানের চ্যালেঞ্জিং স্কোর। কানপুরের গ্রিন পার্কে এটাই ওয়ানডেতে কোনো দলের সর্বোচ্চ রান। ভিলিয়ার্স-ঝড়ে শেষ ১০ ওভারে দক্ষিণ আফ্রিকা তুলেছে ১০৯ রান! চোটের কারণে মাত্র ৪.৪ ওভার বল করেই মাঠের বাইরে চলে যেতে হয় ভারতের অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিনকে। ১৪ রানে ১ উইকেট নেওয়া অশ্বিনের অনুপস্থিতি বাকি সময়টা বেশ ভালোই ভুগিয়েছে ভারতকে। বাকি সিরিজে অশ্বিন খেলতে পারবেন কি না নিশ্চিত নয়। বিকল্প হিসেবে হরভজন সিংকে ডাকা হয়েছে দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডের ভারতীয় দলে।
অশ্বিনের চোটের ধাক্কা সামলে অবশ্য তাড়া করতে নেমে দারুণ জবাব দিচ্ছিল ভারত। রোহিত শর্মা ও শিখর ধাওয়ানের উদ্বোধনী জুটিতে আসে ৪২ রান। ২৩ রান করে ধাওয়ান ফিরে যাওয়ার পর অজিঙ্কা রাহানেকে নিয়ে ১৪৯ রানের জুটি গড়েন রোহিত। তখন মনে হচ্ছিল ম্যাচটা সহজেই বের করে নেবে ভারত। কে জানত শেষের জন্য এত নাটকীয়তা জমিয়ে রেখেছে কানপুর! টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেও রোহিতের সেঞ্চুরির পর হেরেছে ভারত। কাল ১৫০ করেও ভারতীয় ওপেনার পরাজিত দলে! স্টার স্পোর্টস।
সংক্ষিপ্ত স্কোর
দক্ষিণ আফ্রিকা: ৫০ ওভারে ৩০৩/৫ (ভিলিয়ার্স ১০৪*, ডু প্লেসি ৬২, আমলা ৩৭, বেহারডিয়েন ৩৫*; মিশ্র ২/৪৭, যাদব ২/৭১)।
ভারত: ৫০ ওভারে ২৯৮/৭ (রোহিত ১৫০, রাহানে ৬০, ধোনি ৩১; তাহির ২/৫৭, রাবাদা ২/৫৮)।
ফল: দক্ষিণ আফ্রিকা ৫ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: এবি ডি ভিলিয়ার্স।