এগিয়ে গেল প্রোটিয়ারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এমনিতেই ভারত প্রিয় প্রতিপক্ষ, দক্ষিণ আফ্রিকার ডি কক কাল ধোনিদের বিপক্ষে পেলেন নিজের চতুর্থ সেঞ্চুরি l এএফপি
এমনিতেই ভারত প্রিয় প্রতিপক্ষ, দক্ষিণ আফ্রিকার ডি কক কাল ধোনিদের বিপক্ষে পেলেন নিজের চতুর্থ সেঞ্চুরি l এএফপি

ভারত এমনিতেই তাঁর প্রিয় প্রতিপক্ষ। ২০১৩ সালের ডিসেম্বরে ভারতের দক্ষিণ আফ্রিকা সফরে ধোনির দলের বিপক্ষে টানা তিন সেঞ্চুরি করেছিলেন কুইন্টন ডি কক। গত আগস্টে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের হয়েও ভারতে টানা তিনটি সেঞ্চুরি পেয়েছেন। কাল রাজকোটে আবার হাসল ডি ককের ব্যাট, পেলেন তাঁর সপ্তম ওয়ানডে সেঞ্চুরি। এটি রাজকোটেই প্রথম ওয়ানডে সেঞ্চুরি।
সেঞ্চুরির জবাব সেঞ্চুরি না হোক, ও রকম একটা ঝলমলে ইনিংস দিয়েই দিতে হয়। ভারতের কেউ সেটা করতে পারলেন না। নিজেকে ব্যাটিং অর্ডারের চারে তুলে আনা মহেন্দ্র সিং ধোনি পারলেন না ‘ফিনিশার’ হতে। পারলেন না ওয়ানডেতে ১২ ইনিংস পর হাফ সেঞ্চুরি পাওয়া বিরাট কোহলিও। মরনে মরকেলের তোপে খেই হারালেন ভারতীয় ব্যাটসম্যানরা। ফল, রাজকোটে সিরিজের তৃতীয় ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার ২৭০ তাড়া করতে নেমে ভারত থামল ২৫২ রানে। ১৮ রানের জয় দক্ষিণ আফ্রিকাকে সিরিজেও এগিয়ে দিল ২-১ ব্যবধানে।
ককের ব্যাট হাসার পরও যে দক্ষিণ আফ্রিকার রানটা ৩০০ হয়নি সেই কৃতিত্ব ভারতীয় স্পিনারদের। ৩৮.৪ ওভারে ২ উইকেটে ২০৫ রান তোলা দক্ষিণ আফ্রিকার ইনিংসের শেষ ৬৮ বলে তুলেছে মাত্র ৬৫ রান, হারিয়েছে আরও ৫ উইকেট।
তাড়া করতে নেমে ভারত ৪৩.২ ওভারে ছিল ৩ উইকেটে ২০৬। কিন্তু পরের ১২ বলে রায়না, কোহলি আর রাহানের উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় স্বাগতিক দল। স্টার স্পোর্টস।
সংক্ষিপ্ত স্কোর
দক্ষিণ আফ্রিকা: ৫০ ওভারে ২৭০/৭ (ডি কক ১০৩, ডু প্লেসি ৬০; মোহিত ২/৬২)।
ভারত: ৫০ ওভারে ২৫২/৬ (কোহলি ৭৭, রোহিত ৬৫; মরকেল ৪/৩৯)।
ফল: দক্ষিণ আফ্রিকা ১৮ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: মরনে মরকেল।