দুটি রেকর্ড হয়েছে ম্যাচে। বৈশ্বিক একটি রেকর্ড গড়েছেন পাকিস্তানের বাবর আজম, স্টিভ স্মিথ গড়েছেন অস্ট্রেলীয় রেকর্ড।
আজম ওয়ানডেতে ১ হাজার রানের মাইলফলক পেরিয়েছেন ২১ ইনিংসে! ওয়ানডেতে যা দ্রুততম হাজার রানের রেকর্ড। অবশ্য রেকর্ডে আজমের সঙ্গী ভিভ রিচার্ডস, কেভিন পিটারসেন, জোনাথন ট্রট ও কুইন্টন ডি কক। আর স্মিথ অস্ট্রেলীয়দের মধ্যে দ্রুততম তিন হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন ৭৯ ইনিংসে।
তবে দিন শেষে হাসিটা শুধু স্মিথের। সেঞ্চুরি করেছেন অস্ট্রেলিয়া অধিনায়ক। পাশাপাশি অভিষিক্ত পিটার হ্যান্ডসকম্বের ফিফটির সৌজন্যে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল অস্ট্রেলিয়া।
পাকিস্তান ইনিংসের শেষ ১০ ওভারই গড়েছে ব্যবধান। ওপেনার শারজিল (৫০) ও আজমের (৮৪) ফিফটি, পাশাপাশি মালিক ও উমর আকমলের দুটি ৩৯ রানের ইনিংসে তিন শ পেরোনোর আশা দেখছিল তারা। ৪০ ওভারে রান ছিল ৪ উইকেটে ২১৩। কিন্তু শেষ ১০ ওভারে পাকিস্তান তুলেছে মাত্র ৫০ রান, শেষ ৫ ওভারে ২১!
২৬৪ রান তাড়া করতে নেমে ৪৫ রানেই দুই ওপেনারকে হারায় অস্ট্রেলিয়া। কিন্তু তৃতীয় উইকেটে হ্যান্ডসকম্ব-স্মিথের ১৮৩ রানের জুটি পাকিস্তানকে ম্যাচ থেকেই ছিটকে দেয়। ৮২ রান করে আউট হন হ্যান্ডসকম্ব, তবে স্মিথ দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন। ব্যক্তিগত সেঞ্চুরির তৃপ্তি তো আছেই। ক্রিকইনফো।
সংক্ষিপ্ত স্কোর
পাকিস্তান: ৫০ ওভারে ২৬৩/৭ (আজম ৮৪, শারজিল ৫০, মালিক ৩৯, আকমল ৩৯; হ্যাজলউড ৩/৩২, হেড ২/৬৫)। অস্ট্রেলিয়া: ৪৫ ওভারে ২৬৫/৩ (স্মিথ ১০৮*, হ্যান্ডসকম্ব ৮২, ওয়ার্নার ৩৫, আমির ১/৩৬)।
ফল: অস্ট্রেলিয়া ৭ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: স্টিভেন স্মিথ।