এগিয়ে রইল শ্রীলঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রঙ্গনা হেরাথ: ২৫-৩-৯৮-৫
রঙ্গনা হেরাথ: ২৫-৩-৯৮-৫

বোলারদের বধ্যভূমি। ব্যাটসম্যানদের স্বর্গরাজ্য। এই হলো কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ডের (এসএসসি) পরিচিতি। এই পরিচয়টাই কি মাহেলা জয়াবর্ধনের শেষ টেস্টে এসে বদলানোর চেষ্টা করছে এসএসসি? না, রাতারাতি চরিত্র বদলে বোলারদের স্বর্গরাজ্য হয়ে যায়নি জয়াবর্ধনের ঘরের মাঠ। তবে প্রথম দিনের মতো দ্বিতীয় দিনও কলম্বো টেস্টে বোলাররা দাপট দেখিয়েছেন। যদিও প্রথম দিনের চেয়ে কাল রান উঠেছে কিছুটা বেশিই।
প্রথম দিনকে নিয়ন্ত্রিত বোলিংয়ে নিজেদের করে নিয়েছিলেন পাকিস্তানি পেসাররা। ২৬১ রান তুললেও লঙ্কানরা হারিয়েছিল ৮ উইকেট। দ্বিতীয় দিন শেষে পাকিস্তানিরাও নিজেদের আবিষ্কার করেছে একই অবস্থানে। দিন শেষে ৬ উইকেটে ২৪৪ রান। ১৪০ রানেই পঞ্চম উইকেট হারানো দলটা বিপর্যয় কাটালেও এখনো শ্রীলঙ্কার প্রথম ইনিংস থেকে ৭৬ রানে পিছিয়ে।
ভালো শুরুর পরও পাকিস্তান পথ হারিয়েছে রঙ্গনা হেরাথের বাঁহাতি স্পিনে। খুররম মনজুরের সঙ্গে উদ্বোধনী জুটিতে ৪৭ রান এনে দেওয়া আহমেদ শেহজাদ দ্বিতীয় উইকেটে আজহার আলীকে নিয়ে যোগ করেছেন আরও ৬৩ রান। তিন ওভারের মধ্যে আজহার-শেহজাদ দুজনকেই হারিয়ে ফেলা পাকিস্তানের স্কোর দেখতে না-দেখতেই ১ উইকেটে ১১০ থেকে ৫ উইকেটে ১৪০। মিসবাহ-উল-হককে উইকেটকিপার নিরোশান ডিকভেলার ক্যাচ বানিয়ে ক্যারিয়ারের ২৫০তম টেস্ট উইকেট পাওয়া হেরাথ পরে আসাদ শফিককে বোল্ড করে পেয়েছেন পঞ্চম উইকেট। ৫৭ ম্যাচের ক্যারিয়ারে হেরাথের এটি ২০তম ৫ উইকেট।
এর আগে শফিকের সঙ্গে ষষ্ঠ উইকেটে ৯৩ রান যোগ করেই বিপর্যয় এড়িয়েছেন সরফরাজ আহমেদ। এই উইকেটকিপার ব্যাটসম্যান ৮১ বলে ৬৬ রান করে অপরাজিত আছেন। গলে প্রথম টেস্টের দুই ইনিংসেই ফিফটির পর কাল ৬৬। উইকেটের সামনেও দারুণ সময় কাটানো সরফরাজের কাঁধেই এখন পাকিস্তানকে এগিয়ে নেওয়ার দায়িত্ব। সিরিজ বাঁচাতে জয়ের বিকল্প নেই, সেটা মনে করিয়ে দিয়ে দিনের শেষে সরফরাজ বললেন, পাকিস্তান খেলছে সেই উদ্দেশ্যেই, ‘আমরা এখানে জিততে এসেছি। ম্যাচের বাকি সময়টুকুতেও আমরা ইতিবাচক থাকব। পিচটা আস্তে আস্তে শ্লথ হয়ে আসছে। রান করা কঠিন হচ্ছে। স্পিনারদের বড় ভূমিকা রাখতে হবে।’
এর আগে শেষ দুই উইকেটে আরও ৫৯ রান যোগ করার পরই শেষ হয়েছে শ্রীলঙ্কার প্রথম ইনিংস। ৫ উইকেট নিয়েছেন পাকিস্তানের বাঁহাতি পেসার জুনাইদ খান। টেস্টে এই নিয়ে পাঁচবার ৫ উইকেট পেলেন জুনাইদ, পাঁচবারই শ্রীলঙ্কার বিপক্ষে। এএফপি, ক্রিকইনফো।