ক্যারিয়ারের প্রথম ৯ টেস্টে ১৭ ইনিংসে ৩৭৭ রান। গড় মাত্র ২৫.১৩। আর যা-ই হোক, এই পারফরম্যান্স দিয়ে অস্ট্রেলিয়া দলে টেকা সম্ভব নয়। উসমান খাজা পারেনওনি। ২০১৩ সালের অ্যাশেজ শেষে বাদ পড়া সেই খাজা আবার টেস্ট ক্রিকেটে ফিরলেন গত নভেম্বরে।
ফিরলেন রাজকীয়ভাবেই। ১৭৪, ৯*, ১২১, ১৪৪, ৫৬, ১৪০—প্রত্যাবর্তনের পরের ছয় ইনিংসে খাজা ১২৮.৮০ গড়ে করেছেন ৬৪৪ রান। পারফরম্যান্সের ছাপ পড়েছে আইসিসি র্যাঙ্কিংয়েও। কাল প্রকাশিত সর্বশেষ টেস্ট র্যাঙ্কিংয়ে ১০ ধাপ এগিয়ে ক্যারিয়ার-সেরা ২৭ নম্বরে উঠে এসেছেন ২৯ বছর বয়সী ব্যাটসম্যান। গত নভেম্বরে দলে ফেরার পর সব মিলিয়ে ৩৮ ধাপ এগিয়েছেন পাকিস্তানের ইসলামাবাদে জন্ম নেওয়া এই ক্রিকেটার।
ক্যারিয়ার-সেরা অবস্থানে উঠে এসেছেন ডন ব্র্যাডম্যানকে মনে করিয়ে দেওয়া অ্যাডাম ভোজেসও। ওয়েলিংটন টেস্টের ডাবল সেঞ্চুরি এক ধাপ এগিয়ে ভোজেসকে তুলে এনেছে র্যা ঙ্কিংয়ের নয়ে। ব্যাটিং র্যা ঙ্কিংয়ে শীর্ষ দুইয়ে কোনো পরিবর্তন নেই, অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ ও ইংল্যান্ডের জো রুট ধরে রেখেছেন প্রথম দুটি স্থান। বোলিংয়ে সবার ওপরে স্টুয়ার্ট ব্রড, পরিবর্তন নেই শীর্ষ ছয়ে। অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে সবার ওপরে ভারতের রবিচন্দ্রন অশ্বিন, দুইয়ে বাংলাদেশের সাকিব আল হাসান। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সবার ওপরে মুমিনুল হক (২৩তম), বোলারদের মধ্যে সাকিব (১৭তম)।
দলীয় র্যা ঙ্কিংয়ে এক নম্বর জায়গাটা হাতছানি দিচ্ছে অস্ট্রেলিয়াকে। দক্ষিণ আফ্রিকাকে সরিয়ে এক নম্বরে উঠতে ও টেস্ট শ্রেষ্ঠত্বের প্রতীক গদা হাতে তুলতে ক্রাইস্টচার্চে ড্র করলেই চলবে তাদের। তথ্যসূত্র: আইসিসি বিজ্ঞপ্তি।
টেস্টে শীর্ষ পাঁচ
ব্যাটসম্যান
রেটিং
১ (-) স্টিভেন স্মিথ ৯০১
২ (-) জো রুট ৮৮৯
৩ (-১) কেন উইলিয়ামসন ৮৭১
৪ (-) হাশিম আমলা ৮৬০
৫ (-) ডেভিড ওয়ার্নার ৮৩২
বোলার
১ (-) স্টুয়ার্ট ব্রড ৮৭২
২ (-) রবিচন্দ্রন অশ্বিন ৮৭১!
৩ (-) ইয়াসির শাহ ৮৪৬!
৪ (-) ডেল স্টেইন ৮৪১
৫ (-) জেমস অ্যান্ডারসন ৮০৫
অলরাউন্ডার
১ (-) রবিচন্দ্রন অশ্বিন ৪০৬
২ (-) সাকিব আল হাসান ৩৮৪
৩ (-) স্টুয়ার্ট ব্রড ৩১০
৪ (-) বেন স্টোকস ২৭৬!
৫ (-) ভারনন ফিল্যান্ডার ২৭৫
* বন্ধনীতে অবস্থান পরিবর্তন
! ক্যারিয়ার-সর্বোচ্চ রেটিং পয়েন্ট