এজবাস্টন বলেই আশাবাদী ইনজি
প্রসঙ্গ যদি হয় ওয়ানডেতে দুই দলের লড়াই, ভারতের চেয়ে অনেক এগিয়ে পাকিস্তান। ১২৭ ম্যাচের ৭২টিই জিতেছে তারা। ভারতের জয় ৫১টিতে। তবে ‘বিশ্ব’ শব্দযুক্ত আইসিসির কোনো টুর্নামেন্ট এলেই যেন কী হয় পাকিস্তানের। এ পর্যন্ত বিশ্বকাপে ছয় ম্যাচের সব কটিতেই হেরেছে তারা। টি-টোয়েন্টি বিশ্বকাপেও পিছিয়ে ৫-০-তে। চ্যাম্পিয়নস ট্রফিতে অবশ্য এগিয়ে পাকিস্তানই। এখন পর্যন্ত মুখোমুখি হওয়া তিন ম্যাচের দুটিতে জয় তাদের। ব্যবধানটা এবার আরও বাড়িয়ে নিতে চায় পাকিস্তান।
চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তান প্রথম ভারতের মুখোমুখি হয়েছিল ২০০৪ সালে। ইনজামাম-উল-হকের নেতৃত্বে এজবাস্টনের সেই ম্যাচে ৩ উইকেটে জিতেছিল পাকিস্তান। সেই ইনজামাম এখন পাকিস্তানের প্রধান নির্বাচক। আগামী ৪ জুন ভারতের বিপক্ষে ম্যাচ দিয়েই এবারের চ্যাম্পিয়নস ট্রফির অভিযান শুরু করবে পাকিস্তান। ম্যাচটি হবে সেই এজবাস্টনে। এটাই বেশি আশাবাদী করে তুলছে ইনজিকে, ‘আমরা আবার জিততে পারি।’ তবে শুধু ভারতের বিপক্ষে জেতাই নয়, পাকিস্তানের লক্ষ্য আরও বড়, ‘ইংল্যান্ডে আমরা তো শুধু ভারতকে হারানোর জন্য যাব না। আমাদের মূল লক্ষ্য হবে শিরোপা জয়।’ ডন।