
কোয়ার্টার ফাইনাল বলে এ টুর্নামেন্টে কিছু নেই। গ্রুপ পর্বের পরই সরাসরি সেমিফাইনাল। কিন্তু ‘এ’ গ্রুপে সব কটি দল দুটি করে ম্যাচ খেলার পর সমীকরণটা এমন দাঁড়িয়েছে, এখন গ্রুপের বাকি দুটি ম্যাচ একধরনের অলিখিত কোয়ার্টার ফাইনাল। তেমনি এক ‘কোয়ার্টার ফাইনালে’ আজ ওভালে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে ভারত। জয়ী দলটা যাবে চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে।
অথচ টুর্নামেন্ট শুরুর আগে মনে হচ্ছিল, এই গ্রুপ থেকে ভারত আর দক্ষিণ আফ্রিকার শেষ চারে খেলা প্রায় নিশ্চিত। সেই হিসাব পাল্টে গেছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাকিস্তান আর ভারতের বিপক্ষে শ্রীলঙ্কার দুর্দান্ত জয়ে। এখনকার বাস্তবতায় বর্তমান চ্যাম্পিয়ন ভারত অথবা ওয়ানডে র্যাঙ্কিংয়ের এক নম্বর দক্ষিণ আফ্রিকা—যেকোনো একটি দলকে বিদায় নিতে হবে গ্রুপ পর্বেই।
এই বাস্তবতা যে হঠাৎ করেই চাপটা বাড়িয়ে দিয়েছে দুই দলের ওপর, তা না বললেও চলে। দক্ষিণ আফ্রিকার ব্যাটিং কোচ নিল ম্যাকেঞ্জি তো বললেনও, ‘আমরা সেমিফাইনাল থেকে এমন চাপ তৈরি হতে পারে ভেবেছিলাম। কিন্তু সেটা একটু আগেই চলে এসেছে।’
ভারত অধিনায়ক বিরাট কোহলির অবশ্য চাপের মুখেই নিজের সেরাটা দেওয়ার অভ্যাস আছে। এ কারণেই কোহলি পুরো ব্যাপারটা দেখছেন অন্যভাবে, ‘এই গ্রুপটা বেশ রোমাঞ্চকর হয়ে উঠেছে। বাকি দুটি ম্যাচই কোয়ার্টার ফাইনালের মতো, যারা জিতবে সেমিফাইনালে খেলবে। সুতরাং, আমরা খুবই ভালো করে জানি, আমাদের কী করতে হবে।’
জানেন বলেই প্রোটিয়াদের মুখোমুখি হওয়ার আগে একাদশ নিয়ে নতুন করে ভাবছেন কোহলি। ইংল্যান্ডে আসার পর থেকে পানি টেনে চলেছেন ভারতের সেরা স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। সুযোগ পাননি মোহাম্মদ শামিও। ওদিকে শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ ম্যাচটিতে তিন ভারতীয় পেসারের মধ্যে উমেশ যাদব ৯.৪ ওভারে ৬৭ রান দিয়েছেন, ভুবনেশ্বর কুমার ১০ ওভারে ৫৪, জসপ্রীত বুমরা ১০ ওভারে ৫২। স্পিনারদের মধ্যে রবীন্দ্র জাদেজা ৬ ওভারে ৫২। ভারতীয় টিম ম্যানেজমেন্ট আজ বাঁচা-মরার লড়াইয়ে অশ্বিনকে খেলাতে চাইছে। সে ক্ষেত্রে জাদেজা অথবা উমেশ যাদব একাদশের বাইরে চলে যেতে পারেন।
পরপর দুটি ম্যাচে ভারত করেছে ৩১৯ ও ৩২১ রান। ব্যাটসম্যানদের কাছে বেশি কিছু তাই চাইতে পারেন না কোহলি। তবে এমন কন্ডিশনে আরও ২০-২৫ রান বেশি না তুললে সেটাকে যে ঠিক নিরাপদ বলা যায় না, তাও জানেন ভারত অধিনায়ক।
তুলনায় দক্ষিণ আফ্রিকার কাজটা বেশ কঠিন। শ্রীলঙ্কার বিপক্ষে হাশিম আমলা-ফাফ ডু প্লেসিরা দারুণ ব্যাট করলেও পাকিস্তানের বিপক্ষেই আবার হিমশিম খেতে হয়েছে তাদের। অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স তো একেবারেই ফর্মে নেই। শ্রীলঙ্কার বিপক্ষে করেছিলেন ৪ রান, পাকিস্তানের বিপক্ষে তো ক্যারিয়ারে প্রথমবারের মতো পেয়েছেন ‘গোল্ডেন ডাক’। অথচ এই টুর্নামেন্টে তাঁর ব্যাটই ভরসা দক্ষিণ আফ্রিকার। তবে দক্ষিণ আফ্রিকা কোচ রাসেল ডমিঙ্গো ডি ভিলিয়ার্সের এই ফর্মহীনতাকে সাময়িক বলে মনে করছেন, ‘ওর সামর্থ্য নিয়ে তো কোনো প্রশ্ন নেই। আর গোল্ডেন ডাক যে কেউ পেতে পারে। ও তো দুই শর বেশি ওয়ানডে খেলে তারপর পেল। আমার ওকে নিয়ে কোনো দুশ্চিন্তা নেই।’
ফর্ম নিয়ে হয়তো দুশ্চিন্তা নেই। তবে হ্যামস্ট্রিংয়ে সামান্য সমস্যা আছে প্রোটিয়া অধিনায়কের। ডমিঙ্গো এটাকে খুব গুরুতর কিছু মনে করছেন না, ‘মনে হয় না ওর খেলতে সমস্যা হবে। আর এ রকম বড় ম্যাচে আমরা ওর কাছ থেকে বড় পারফরম্যান্স আশা করছি। ও এমন একজন খেলোয়াড়, যে দলের প্রয়োজনের সময়ই সবচেয়ে ভালোভাবেও জ্বলে ওঠে।’
কোচের আস্থার প্রতিদান কি আজ দিতে পারবেন ডি ভিলিয়ার্স? এএফপি, রয়টার্স