একজন দলের অধিনায়ক, আরেকজন এই টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার মূল ব্যাটিং–ভরসা। দলের ইনিংস উদ্বোধন করার দায়িত্বটা তাঁদের দুজনের কাঁধে। কিন্তু এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে যদি অস্ট্রেলিয়া সেমিফাইনালে না যায়, তবে এ দুজনকে হয়তো অস্ট্রেলিয়া দলে আর নাও দেখা যেতে পারে। সাবেক অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান এড কাওয়ানের অন্তত এমনই ধারণা।
অস্ট্রেলিয়ার দুই ওপেনার বেশ কিছুদিন ধরেই ফর্ম হারিয়ে খুঁজছেন। নিজেকে সতেজ রাখতে বাংলাদেশ সিরিজ থেকে সরে গিয়েছিলেন ফিঞ্চ। আর ওয়ার্নারকে তো আগেই বিশ্রামে পাঠিয়ে দেওয়া হয়েছিল। সে বিশ্রামে অবশ্য ওয়ার্নারের কোনো লাভ হয়নি।
নিজের ঘর বনে যাওয়া ফ্র্যাঞ্চাইজি সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলতে গিয়েছিলেন সংযুক্ত আরব আমিরাতে। এতটাই বাজে খেলেছেন যে প্রথমে তাঁর অধিনায়কত্ব কেড়ে নেওয়া হলো। পরে সবাইকে চমকে দিয়ে তাঁকে একাদশ থেকেও বাদ দিয়ে দিয়েছে হায়দরাবাদ।
এবিসি গ্র্যান্ডস্ট্যান্ডের এক পডকাস্টে কাওয়ান এ দুজনকে নিয়ে তাই তাঁর শঙ্কার কথা জানিয়েছেন। তাঁর ধারণা, এ বিশ্বকাপই এই দুজনের অস্ট্রেলিয়া দলে জায়গা ধরে রাখার শেষ সুযোগ, ‘এই বিশ্বকাপ হবে অ্যারন ফিঞ্চের জন্য অগ্নিপরীক্ষা। যদি অস্ট্রেলিয়া গ্রুপ পর্ব (সুপার টুয়েলভ) থেকেই বাদ পড়ে যায়, তাহলে ফিঞ্চ অবশ্যই টি-টোয়েন্টি সংস্করণের অধিনায়কত্ব হারাবে। এমনকি সে বাদও পড়ে যেতে পারে। ডেভিড ওয়ার্নারের জন্যও এ কথা সত্য। এটি তারও শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ হতে পারে।’
ওয়ার্নার অনেক দিন ধরেই টি-টোয়েন্টিতে ফর্মে নেই। ওয়ার্নার যে নিজেকে হারিয়ে খুঁজছেন, সেটা ভালোমতোই জানা আছে কাওয়ানের, ‘ডেভিড ওয়ার্নার অনেক দিন ধরেই টি-টোয়েন্টিতে ছন্দে নেই। অ্যারন ফিঞ্চও তাই। এটা অবশ্যই এড়িয়ে যাওয়া যাবে না যে প্রায় দুই বছর ধরে ফিঞ্চ টি-টোয়েন্টিতে ধুঁকছে। ফলে, এই বিশ্বকাপে তাদের ভালো করার কোনো বিকল্প নেই।’
সর্বশেষ বিগ ব্যাশ লিগে খুব একটা সুবিধা করতে পারেননি অ্যারন ফিঞ্চ, ১৩ ইনিংসে ১৭৯ রান করেছেন ১৩.৭৭ গড়ে, ছক্কা মারতে পেরেছেন মাত্র তিনটি। অন্যদিকে, মূল একাদশ থেকে বাদ পড়ার আগপর্যন্ত সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আট ইনিংস খেলে মাত্র ১৯৫ রান করেছেন ডেভিড ওয়ার্নার।
আগামী বছর ঘরের মাঠেই আরেকটি বিশ্বকাপ। ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপ পিছিয়ে ২০২২ সালে নিয়ে যাওয়ায় বিশ্বকাপ জেতার একটা বড় সুযোগ পাবে অস্ট্রেলিয়া। কিন্তু কাওয়ানের ধারণা, এবার যদি সেমিফাইনালে উঠতে ব্যর্থ হয় অস্ট্রেলিয়া, সে ক্ষেত্রে ২০২২ বিশ্বকাপে এই দলের অনেকের নাকি আর আগামী বিশ্বকাপ খেলার সুযোগ মিলবে না।
অস্ট্রেলিয়ার হয়ে ১৮টি টেস্ট খেলা কাওয়ান মনে করেন, কাগজে-কলমে অস্ট্রেলিয়া বিশ্বকাপ জেতার মতো দল হলেও বাস্তবের চিত্র সম্পূর্ণ ভিন্ন, ‘এক বছর আগেও অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে ১ নম্বর দল ছিল। কিন্তু এখন তারা ৭ নম্বরে। খেয়াল করে দেখুন, তখনো কিন্তু দলে এই একই খেলোয়াড়েরাই ছিল। ফলে, এই দলের জন্য এ বিশ্বকাপই হবে শেষ সুযোগ।’
অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার সম্ভাবনা কেমন—এমন প্রশ্নের জবাবে অস্ট্রেলিয়ান ভক্তদের খুব একটা আশার বাণী দেননি সাবেক এই খেলোয়াড়, ‘সর্বশেষ বিশ্বকাপটি ছিল প্রায় পাঁচ বছর আগে। এত দিন পর যেহেতু বিশ্বকাপ হচ্ছে, এখন বোঝা যাবে অস্ট্রেলিয়ার এই দল আসলেই কেমন। আমাকে যদি জিজ্ঞেস করা হয় দলটি বিশ্বকাপ জিততে পারবে কি না, আমি বলব, না, এই দলের বিশ্বকাপ জেতার সম্ভাবনা নেই।’
২৩ অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া।