এটাই বাংলাদেশের সবচেয়ে বড় অর্জন?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে স্মরণীয় জয়ের পর উচ্ছ্বসিত বাংলাদেশ। ছবি: শামসুল হক
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে স্মরণীয় জয়ের পর উচ্ছ্বসিত বাংলাদেশ। ছবি: শামসুল হক

নিউজিল্যান্ডকে দু-দুবার বাংলাওয়াশ, গেইলদের ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জয়, পাকিস্তানকে উড়িয়ে দেওয়া, তারকাখচিত ভারত আর সর্বশেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুর্দান্ত সিরিজ জয়—বাংলাদেশ কত ইতিহাসই তো লিখল গত কটা বছরে। এসব অর্জনের মধ্যে সবচেয়ে এগিয়ে থাকবে কোনটি? দেশে-বিদেশে জেতা মোট ১৯টি ওয়ানডে সিরিজের মধ্যে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়টি সবচেয়ে বড় অর্জন কি না, আলোচনাটা প্রাসঙ্গিক হয়ে উঠেছে এ মুহূর্তে।

সাবেক ক্রিকেট তারকা ও বর্তমানে ধারাভাষ্যকার আতহার আলী খান এগিয়ে রাখছেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজকেই। মাশরাফি বিন মুর্তজার দল যেভাবে পারফর্ম করছে, এ বছরকে তিনি অভিহিত করছেন ‘ইয়ার অব দ্য টাইগারস’ হিসেবে! দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজকে অনন্য অর্জন হিসেবেই দেখছেন আতহার, ‘সত্যি অবিশ্বাস্য লাগছে! প্রথম ওয়ানডে হারার পর যেভাবে ঘুরে দাঁড়িয়ে দক্ষিণ আফ্রিকার মতো দলের বিপক্ষে সিরিজ জিতল বাংলাদেশ—এক কথায় অসাধারণ! এটা পুরো দলের প্রচেষ্টার ফল। স্বপ্নের মতো পারফরম্যান্স করছে বাংলাদেশ। সব মিলিয়ে এ সিরিজ জয়কেই এগিয়ে রাখতে চাই।’

আতহার আলী খান ও হাবিবুল বাশার। ছবি: প্রথম আলো
আতহার আলী খান ও হাবিবুল বাশার। ছবি: প্রথম আলো

তবে একে ‘সবচেয়ে বড় অর্জন’ বলতে রাজি নন হাবিবুল বাশার। সাবেক এ অধিনায়কের যুক্তি, ‘সবচেয়ে বড় অর্জন আসলে অনেক বড় বিষয়। বাংলাদেশের সর্বোচ্চ অর্জন এখনো বাকি আছে। এটা ঠিক, দক্ষিণ আফ্রিকা সিরিজটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। তবে কোনো সিরিজের গুরুত্বই কম নয়। গত বছরটা আমাদের ভালো যায়নি। জিম্বাবুয়ে সিরিজ দিয়েই আমরা সাফল্য পেতে শুরু করেছিলাম। ওই সিরিজে আমরা আটটি ম্যাচ জিতেছিলাম (টেস্ট-ওয়ানডেসহ)। যেকোনো প্রতিপক্ষের বিপক্ষে এমন জয় চাট্টিখানি ব্যাপার নয়।’
ভারত-পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়কেও বড় করে দেখতে চান হাবিবুল। বিষয়টির ব্যাখ্যা দিয়ে বললেন, ‘পাকিস্তান সিরিজটা গুরুত্বপূর্ণ ছিল। বিশ্বকাপে দারুণ খেলেছি, সেটি প্রমাণের দরকার ছিল ওই সিরিজে। ভারতের বিপক্ষে সিরিজ আরও গুরুত্বপূর্ণ। আর দক্ষিণ আফ্রিকা অনেক শক্তিশালী ও পেশাদার দল। ক্রিকেট বিশ্বের অন্যতম কঠিন প্রতিপক্ষও তারা। তবে উপমহাদেশের কন্ডিশনে ভারত-পাকিস্তান অনেক শক্তিশালী দল। এ কন্ডিশনে ভারত-পাকিস্তানকে হারানো মোটেও সহজ নয়। এই দুই দলকেই বাংলাদেশ হারিয়েছে। তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজটাও অনেক গুরুত্বপূর্ণ। টানা তিন ম্যাচ হেরে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। শেষ পর্যন্ত সিরিজও জিতেছে। তিনটি সিরিজের কথা বললে, একটি থেকে আরেকটি আলাদা করা মুশকিল। প্রতিটি সিরিজের তাৎপর্যই আলাদা।’
আতহার মনে করেন, উপমহাদেশের কন্ডিশনে ভারত-পাকিস্তান শক্তিশালী হলেও অতীত রেকর্ড ও র‍্যাঙ্কিংয়ের কথা বিবেচনা করলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়কে এগিয়ে রাখতেই হবে, ‘উপমহাদেশের কন্ডিশনে ভারত-পাকিস্তান শক্তিশালী হলেও অতীতে এ দুটি দলের বিপক্ষে পারফরম্যান্স আর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের পারফরম্যান্স এক নয়। যেকোনো কন্ডিশনেই ভালো খেলেই নিজেদের শক্তিশালী দল হিসেবে দাঁড় করিয়েছে দক্ষিণ আফ্রিকা। তাদের বিপক্ষে বাংলাদেশের অতীত রেকর্ডটাও দেখতে হবে। ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে ভারত দুইয়ে থাকলেও অতীতে তাদের বিপক্ষে বাংলাদেশ কিন্তু তিনবার জিতেছে। সিরিজের আগে পাকিস্তানের বিপক্ষে আগে মাত্র একটি জয় থাকলেও র‍্যাঙ্কিংয়ে কিন্তু দক্ষিণ আফ্রিকার অনেক নিচেই ছিল তারা। এই দক্ষিণ আফ্রিকা গত সাতটি দ্বিপক্ষীয় সিরিজের ছয়টিই জিতেছে। বাংলাদেশের মুখোমুখি হওয়ার আগে এমন পরিসংখ্যান নিশ্চয় ভারত-পাকিস্তানের ছিল না। তা ছাড়া এ দলটায় একটা-দুটো নয়, অনেক তারকায় ঠাসা। এমন দলকে হারিয়ে দেওয়া নিঃসন্দেহে বিরাট অর্জনই বলব।’