এটাই সেরা সিরিজ: মাশরাফি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাশরাফি বিন মুর্তজা
মাশরাফি বিন মুর্তজা

চারদিকে বাংলাওয়াশ-বাংলাওয়াশ রব। ২-০ ব্যবধানে এগিয়ে থাকার পর সিরিজের শেষ ম্যাচে প্রতিপক্ষকে ধবলধোলাই করার প্রত্যাশাটা স্বাভাবিকই। বাংলাদেশ অবশ্য শেষটা রাঙাতে পারেনি। তবে এ সিরিজে পাওয়ার আছে অনেক। বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা তাই মনে করেন, এটাই তাঁর সেরা সিরিজ।
শেষ ম্যাচটা জয়ের লক্ষ্যেই বাংলাদেশ নেমেছিল খেলতে। সেটা না হলেও মাশরাফি জানালেন বাংলাদেশের অর্জন ঢের, ‘কেউ হারতে চায় না। আমরাও জিততে চেয়েছিলাম। কেউ হয়তো চিন্তা করেনি, সিরিজটা ২-১ ব্যবধানে জিতব। অবশ্য এ সিরিজের আগে অনেকেই ভেবেছে, আমরা অন্তত একটা ম্যাচ জিততে পারি কিনা। যা হোক, আজকের ম্যাচটি আমরা সেভাবে খেলতে পারিনি। তবে প্রথম দুই ম্যাচে আমাদের জয় পাওনা ছিল, তাই জিতেছি। অনেক সময় ভুলকে ইতিবাচকভাবে দেখতে হয়। কারণ, ভুল থেকে শেখা যায়। মনে করি, বাংলাদেশ যতগুলো সিরিজ জিতেছে তার মধ্য এটা অন্যতম সেরা। ভারত গত বিশ্বকাপে যে দলটা নিয়ে খেলেছে, সেটা নিয়েই এসেছে। আমরা যেভাবে ভালো খেলেছি সেটা সত্যি অসাধারণ।’
বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে না হয় বললেন, অন্যতম সেরা। কিন্তু যদি বলা হয়, তাঁর অধিনায়ক জীবনে এ সিরিজে কোথায় রাখবেন? এবার মাশরাফি সংশয়হীন, ‘যদি বিশ্বকাপের প্রসঙ্গটা বাদ দেন, তবে এটাই সেরা। আইসিসি র‌্যাঙ্কিংয়ের এক-দুই-তিন-চার দলের সঙ্গে এভাবে কখনো সিরিজ জিতিনি। ভারত ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে দুইয়ে থাকা দল। তাদের বিপক্ষে জেতা অবশ্যই সেরা। অবশ্য কোনো জয়ই ছোট নয়। তবে এখনো মনে করি না, আমরা বিশ্বের অন্যতম সেরা। তবে যেভাবে খেলছি, এভাবে খেলতে থাকলে সবাই সমীহ করবে, আমরাও ভালো করব।’

ম্যাচ হারলেও ভারতের বিপক্ষে সিরিজ জেতা হয়েছে। কাজেই মনে রাখতেই হবে এ সিরিজকে। মাশরাফি বললেন, ‘সবাইকেই কিছু না কিছু কৃতিত্ব দেওয়া উচিত। আপনাদেরও বলছি, নিজেদের ছোট করে দেখার কিছু নেই। যদি চিন্তা করেন এই সিরিজ থেকে আমরা কী অর্জন করলাম, তাহলে বলব অনেক কিছুই অর্জন করেছেন। যেটা আপনি চেয়েছেন বা স্বপ্ন দেখেছিলেন। কোনো ম্যাচই কেউ হারতে চায় না। যেভাবে আজ হেরেছি সেভাবে তো নয়ই। আমরা এই সিরিজ থেকে যতটুকু অর্জন করতে পারতাম, তার চেয়েও বেশি অর্জন করেছি।’