এটাও সেরা খেলা নয়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্যালারি থেকে যে হাজার পঁচিশেক লোক সিরিজ জয়ের আনন্দ নিয়ে বাড়ি ফিরে গেলেন, তাঁরা ব্যাপারটা জানেন না। যাঁরা টেলিভিশনে খেলা দেখে বিজয়ানন্দে ভেসেছেন, জানেন না তাঁরাও। মধ্যরাতে বিজয় মিছিল করা জনতাও জানে না তাঁরা আসলে সাফল্যের অসমাপ্ত গল্প দেখেই তৃপ্ত হচ্ছেন। জানে শুধু মাশরাফি বিন মুর্তজার দল।
প্রথম ওয়ানডে জেতার পর কোচ চন্ডিকা হাথুরুসিংহে কথাটা বলেছিলেন। কাল ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে যেন তাঁর কাছ থেকেই ব্যাটন নিয়ে মাশরাফি বললেন, ‘ম্যাচ জেতা মানেই এই নয় যে আমরা নিখুঁত ক্রিকেট খেলেছি। আমরা নিখুঁত ক্রিকেট খেলেছি পাকিস্তানের বিপক্ষে। এই দুই ওয়ানডেতে আমরা সেটা খেলতে পারিনি।’ এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জয় নিশ্চিত করে ফেলার পরও ৩-০-এর ক্ষুধাটা এ থেকেই প্রকাশিত।
বিশ্বকাপ থেকে শুরু। এরপর পাকিস্তানকে বাংলাওয়াশ। এখন ভারতও সেই ভয়ে থর থর কম্পমান। এমন দুঃসাহস কোথা থেকে ভর করল ব-দ্বীপের এই তরুণদের ওপর? হুবহু মাশরাফির ভাষায়, ‘ছেলেরা এখন ভয়-ডরহীন ক্রিকেট খেলছে। শট খেলতে ভয় পাচ্ছে না। বল করতে ভয় পাচ্ছে না। এটাই গুরুত্বপূর্ণ।’ এই জায়গায় কোচ চন্ডিকা হাথুরুসিংহের অবদানই বেশি দেখছেন অধিনায়ক। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে বিশ্বকাপে ভয়-ডরহীন ক্রিকেট খেলার মন্ত্রটা কোচই পড়ে দিয়েছিলেন খেলোয়াড়দের কানে। খেলোয়াড়েরাও সেটিকে নিয়েছে ইতিবাচকভাবে। মাশরাফির ভাষায়, ‘যে সময়টাকে যেভাবে ব্যবহার করতে হবে আমরা এখন তাই করছি। আপনি শেষ পর্যন্ত যাই করুন না কেন, একটা লক্ষ্য নিয়ে এগোতে হবে। যেটা করতে চাচ্ছেন সেটা করার চেষ্টা করতে হবে।’
ভারতকে হারানোর পেছনে অবশ্য ভাগ্যের সহায়তার কথাও বলতে ভোলেননি অধিনায়ক, ‘বিশ্বাস ছিল লড়াইটা সমানে সমানে হবে। আমরা শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করব। কিন্তু সিরিজ জিতব, এতটা ভাবিনি। আর সবকিছুর সঙ্গে ভাগ্যও আমাদের সহায় থাকায় সেটা হয়েছে।’
মাশরাফির দৃষ্টিতে বাংলাদেশের ক্রিকেটের অন্যতম বড় অর্জন ভারতের বিপক্ষে সিরিজ জয়। ভবিষ্যতে আরও ভালো করার সঞ্জীবনীও। মাঠের পারফরম্যান্সের বাইরেও ভারত-বধে বাংলাদেশ দলকে কম অঙ্ক কষতে হয়নি। সাম্প্রতিক ম্যাচগুলোর পরিসংখ্যান বলছে অফ স্পিনের বিপক্ষে ভারতীয় ব্যাটসম্যানরা দুর্বল। বেশির ভাগ উইকেট পড়েছে অফ স্পিনেই। কাল নাসির হোসেনকে কাজে লাগানোর পেছনে সেটাই কাজ করেছে। ‘আমি মনে করি ওয়ানডেতে ও আমাদের অন্যতম সেরা অফ স্পিনার। আমি তাই চেয়েছি ওকে দিয়ে ১০ ওভার বল করাতে’—ম্যাচ পরিকল্পনার অনেক অঙ্কের একটি সূত্র বললেন অধিনায়ক।
ওয়ানডে ক্রিকেটে একটার পর একটা সাফল্য প্রত্যাশা বাড়িয়ে দিচ্ছে বাংলাদেশ দলের কাছে। এই মুহূর্তে সেই প্রত্যাশা পূরণই সবচেয়ে বড় চ্যালেঞ্জ ক্রিকেটারদের কাছে। অধিনায়ক মাশরাফির দৃষ্টিতে অবশ্য এটা কোনো চাপ নয়, বরং প্রেরণা, ‘গত ১৫ বছরে অনেক চ্যালেঞ্জই আমরা অতিক্রম করেছি। ২০১৪ সালটা যেমন খুব খারাপ গিয়েছিল আমাদের জন্য। সেদিক দিয়ে বলব এই চ্যালেঞ্জটা আমাদের জন্য ভালো। আশা করি ছেলেরা সাফল্যের এই ধারাবাহিকতা ধরে রাখবে।’
অধিনায়কের প্রত্যাশা পূরণের সুযোগ খেলোয়াড়েরা পেয়ে যাচ্ছেন ভারত সিরিজের শেষ ম্যাচেই। ধোনির দলের বিপক্ষে আরেকটি জয় হিমালয়ের উচ্চতায় নিয়ে যাবে বাংলাদেশের ক্রিকেটকে। কাল সংবাদ সম্মেলনে যাওয়ার পথে ভারত অধিনায়ক যে দর্শকদের কাছ থেকে কোরাসে ‘মওকা...মওকা’র প্যারডি শুনলেন, সেটা হয়তো আরও জোরাল হবে তখন। ম্যাচ শেষে হাবিবুল বাশারের সঙ্গে ক্রিকেটারদের ছুড়ে মারা পানিতে ভিজবেন আরও অনেকে। দৈর্ঘ্য বেড়ে যাবে মধ্যরাতের বিজয় মিছিলের। হয়তো দেখা হয়ে যাবে সাফল্যের অসমাপ্ত গল্পের শেষটাও।
এখনো যে ভারতকে সেরা খেলাটা দেখানোর অপেক্ষায় মাশরাফি বিন মুর্তজার দল!