এটিকেই এক নম্বরে রাখছেন চান্ডিমাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরিটা চান্ডিমালের জন্য অন্যরকমই। ছবি: এএফপি।
বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরিটা চান্ডিমালের জন্য অন্যরকমই। ছবি: এএফপি।

ছয় বছরের টেস্ট ক্যারিয়ার দিনেশ চান্ডিমালের। ৩৬ ম্যাচ খেলে আটটি সেঞ্চুরি। এর মধ্যে চারটিই তিনি করেছেন বাংলাদেশের বিপক্ষে। তাও আবার মাত্র ছয় ম্যাচ খেলে। সর্বশেষটি করলেন কলম্বোয় চলতি টেস্টে। ক্যারিয়ারের আটটি সেঞ্চুরির মধ্যে এটিকেই সবার ওপরে রাখছেন শ্রীলঙ্কার এই ব্যাটসম্যান। 

বাংলাদেশের বিপক্ষে এই টেস্টের সেঞ্চুরিটা সত্যিই অনেক তাৎপর্যপূর্ণ। ২৪ রানে ২ উইকেট পড়ে যাওয়ার পর উইকেটে আসেন। তিনি আসার পরও নিয়মিত বিরতিতে পড়তে থাকে উইকেট। কিন্তু এক প্রান্তে অবিচল ছিলেন চান্ডিমাল। সেঞ্চুরি করতে খেলেছেন ২৪৪ বল। ছয় তো নেই-ই, চার মেরেছেন মাত্র ছয়টি। মেহেদী হাসান মিরাজের বলে মোসাদ্দেক হোসেনের হাতে ক্যাচ দেওয়ায় আগে ৩০০ বলে করেন ১৩৮ রান।
চান্ডিমাল এটিকে এগিয়ে রাখছেন অন্য একটি কারণেও, ‘টেস্ট ক্রিকেটে এটাই আমার এক নম্বর সেঞ্চুরি। কারণ, আমি চার সেশন ব্যাট করেছি। আমি আমার টেস্ট ক্যারিয়ারে এর আগে কখনোই চার সেশন ব্যাট করিনি।’
কলম্বোতে বাংলাদেশ তাদের শততম টেস্ট খেলছে। বিশেষ এই উপলক্ষটাকে স্মরণীয় করে রাখার মতো শুরুই করেছিলেন মুশফিকুর রহিমরা। তবে দ্বিতীয় দিনের শেষ বেলায় সব যেন এলোমেলো হয়ে যায়। ৭ বল আর ১১ মিনিটের মধ্যে ৩ উইকেট হারায় সফরকারীরা। বাংলাদেশের ব্যাটিং পরামর্শক থিলান সামারাবীরার কাছে এর কোনো ব্যাখ্যা নেই। তবে হঠাৎ করেই বাংলাদেশের এভাবে পথ হারানোর একটি ব্যাখ্যা অবশ্য দিয়েছেন চান্ডিমাল, ‘সর্বশেষ আধা ঘণ্টার আগে পর্যন্ত তারা খুব ভালো খেলেছে। আমরা মনোযোগ ধরে রেখেছি আর দুই-একটা উইকেট নেওয়ার চেষ্টা করেছি। হঠাৎ করেই আমরা চার উইকেট পেলাম। আমাদের বোলাররা পুরো সেশন জুড়ে ভালো বোলিং করেছে। তবে বাংলাদেশের খেলোয়াড়েরা শট খেলতে চেষ্টা করেছে।’