এটুকু প্রস্তুতিতেও সন্তুষ্ট মুমিনুলরা

সিরিজের আগে একটিই প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ হয়েছে। কোয়ারেন্টিনের কারণে অনুশীলনও বেশি করা যায়নি। তবু প্রস্তুতিতে সন্তুষ্ট বাংলাদেশ।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুই দিনের প্রস্তুতি ম্যাচটি প্রত্যাশিতভাবে ড্র–ই হয়েছে। তবে টেস্ট সিরিজের আগে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে এই ম্যাচে টেস্টের আবহটা অন্তত পেল বাংলাদেশ দল। কাল মাউন্ট মঙ্গানুইয়ে
ছবি: বিসিবি

১২ ডিসেম্বর পৌঁছে কাল পর্যন্ত নিউজিল্যান্ডে বাংলাদেশ দল কাটিয়ে দিয়েছে ১৭ দিন। এর মধ্যে ক্রাইস্টচার্চে কোয়ারেন্টিনের ১০-১১ দিন বাদ দিলে কাল শেষ হওয়া দুই দিনের প্রস্তুতি ম্যাচের আগে বাংলাদেশ অনুশীলনের সুযোগ পেয়েছে মাত্র ৭ দিন। তবু ১ জানুয়ারি শুরু প্রথম টেস্টের আগে প্রস্তুতিটাকে সন্তোষজনকই মনে করছে মুমিনুল হকের দল।

কোয়ারেন্টিন সময় বেড়ে যাওয়াটা প্রস্তুতিতে ব্যাঘাত ঘটালেও নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে কাল শেষ হওয়া দুই দিনের একমাত্র প্রস্তুতি ম্যাচে ব্যাটিং-বোলিংয়ের প্রস্তুতিটা একেবারে খারাপ হয়নি। বৃষ্টিবিঘ্নিত প্রথম দিনে পেসারদের দাপটের পর কাল ব্যাটিংটাও হয়েছে ভালো। মাহমুদুল হাসান ও মুশফিকুর রহিমের ব্যাট থেকে এসেছে অর্ধশত। রান পেয়েছেন লিটন দাসও। সে কারণেই কি না, দুই টেস্টের সিরিজে ব্যাটসম্যানদের নিয়ে এবার কিছুটা হলেও আশাবাদী টিম ম্যানেজমেন্ট।

দলের কোচিং স্টাফের এক সদস্যের মুঠোফোন বার্তায় কাল সেটাই ফুটে উঠল, ‘এখানে ব্যাটিং করাটা বেশ উপভোগ্য। উইকেট খুবই ভালো। সারা দিনই প্রায় সমান বাউন্স থাকে। ৬০ ওভারের পরও বল পুরোনো হয় না। মনোযোগ ধরে রাখলে ব্যাটিংও ভালো হয়। আর ছেলেদের অনুশীলন ভালো হওয়ায় ওরা রানও পাচ্ছে। এখানে পেসাররা ভালো করছে, সেটাও মাথায় রাখতে হবে।’

মাউন্ট মঙ্গানুইয়ের প্রস্তুতি ম্যাচের প্রথম দিন বল হাতে সফল হয়েছেন দুই পেসার আবু জায়েদ ও তাসকিন আহমেদ। কাল দ্বিতীয় ও শেষ দিনে মেহেদী হাসান মিরাজ নেন ২ উইকেট। জেকভ ভুলার অর্ধশতের ইনিংসের সুবাদে স্থানীয় দল ৭ উইকেটে ১৪৭ রানে ইনিংস ঘোষণা করে। এরপরই ব্যাট হাতে মাহমুদুল ও মুশফিকের দুই ফিফটি। মাহমুদুল ১৩১ বল খেলে ১১ চারে করেছেন ৬৬ রান। মুশফিকের ব্যাট থেকেও এসেছে ৬৬ রান, তবে সাত চার ও এক ছক্কায় সাজানো ইনিংসটি তিনি খেলেছেন ৯১ বলে। তাদের জোড়া অর্ধশতকেই বাংলাদেশ ৮ উইকেটে করেছে ২৬৯ রান।

ঢাকা থেকে নির্বাচক হাবিবুল বাশার মুঠোফোনেই দলের প্রস্তুতির খোঁজখবর নিচ্ছেন। তরুণ মাহমুদুলের রান পাওয়াতেই যেন তাঁর আনন্দটা বেশি। হাবিবুলের আশা, প্রস্তুতি ম্যাচের এই ব্যাটিং ছন্দ টেস্টেও ধরে রাখবে বাংলাদেশ, ‘রাজ্জাক (দলের সঙ্গে থাকা নির্বাচক আবদুর রাজ্জাক) বলছিল ওরা ব্যাটিং ভালো করেছে। আমাদের দুশ্চিন্তা তো ব্যাটিংটা নিয়েই। প্রস্তুতি ম্যাচের উইকেট অনেক এদিক-সেদিক করেছে শুনেছি। টেস্ট ম্যাচে অবশ্য সেটা অতটা থাকার কথা নয়।’

ম্যাচ শেষে এক ভিডিও বার্তায় মাহমুদুলও বলছেন একই কথা, ‘আমরা অনেক দিন আগে এখানে এসেছি। কিন্তু প্রস্তুতির সুযোগ পেয়েছি শেষের কয়েক দিনে। আজ (গতকাল) আমরা ভালো ব্যাটিং করেছি। আশা করি এই অভিজ্ঞতা দিয়েই আমরা ভালো কিছু করব।’

হাবিবুল অবশ্য মনে করছেন, সিরিজের আগে আরও একটি প্রস্তুতি ম্যাচ থাকলে ভালো হতো, ‘নিউজিল্যান্ডে শুধু নেট অনুশীলন করে খুব একটা লাভ হয় না। সেখানে ম্যাচও খেলতে হয়। আরেকটা ম্যাচ খেলতে পারলে খুব ভালো হতো। কিন্তু পরিস্থিতির ওপর তো কারও হাত নেই।’

ওদিকে প্রস্তুতি ম্যাচ দিয়ে ম্যাচের মেজাজে ফেরার সুযোগ পেয়েছেন নিউজিল্যান্ডের ডেভন কনওয়ে ও নিল ওয়াগনার। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর চোটের কারণে মাঠের বাইরে চলে যাওয়া এই দুই ক্রিকেটারই খেলায় ফিরবেন এই সিরিজ দিয়ে। ছন্দ খুঁজে পেতেই প্রস্তুতি ম্যাচটা খেলেছেন তাঁরা। কাল ম্যাচ শেষে নিউজিল্যান্ডের সংবাদমাধ্যমে কনওয়ে বলেছেন, ‘প্রস্তুতি ম্যাচ হলেও যখন আপনি মাঠে নামবেন তখন কিন্তু সবাই খেলার মধ্যে ঢুকে যায়। আমি হয়তো বড় রান পাইনি, কিন্তু আমার ভালো অনুশীলন হয়েছে।’

নিউজিল্যান্ড দলের অভিজ্ঞ পেসার টিম সাউদিও মাঠে নামতে মুখিয়ে আছেন। নতুন বছরের প্রথম দিন ঘরের মাঠে শুরু হবে টেস্ট—নিউজিল্যান্ড ক্রিকেট গ্রীষ্মের এমন শুরুর অপেক্ষায়ই ছিলেন তিনি। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বলেছেন, ‘একটা ভালো শুরুর অপেক্ষায় আছি। আশা করি দর্শকেরাও খেলাটা উপভোগ করবে।’

১ জানুয়ারি থেকে শুরু বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের টেস্ট দুটি দেখা যাবে গাজী টিভি ও টি-স্পোর্টসে। সিরিজের টাইটেল স্পনসর ওয়ালটন।

সংক্ষিপ্ত স্কোর

নিউজিল্যান্ড একাদশ: ৪৮ ওভারে ১৪৭/৭ (জ্যাকব ভুলা ৫৭, মারে ইভ ৩৩; তাসকিন ২/২৬, আবু জায়েদ ৩/৩৬, মিরাজ ২/১৪)।

বাংলাদেশ: ৭৬.৪ ওভারে ২৬৯/৮ (মাহমুদুল ৬৬, মুশফিক ৬৬, লিটন ৪১; র‍্যান্ডেল ২/২৭, ক্লার্ক ২/৫৩, প্রিঙ্গল ২/৫৮)। ফল: ড্র।