এত অপেক্ষা করতে হবে জানতেন না মুমিনুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডাবল সেঞ্চুরির পর অভিবাদনের জবাব দিচ্ছেন মুমিনুল। ছবি: প্রথম আলো
ডাবল সেঞ্চুরির পর অভিবাদনের জবাব দিচ্ছেন মুমিনুল। ছবি: প্রথম আলো

ধারাবাহিকতা তাঁর প্রতিশব্দ। অথচ যেকোনো ধরনের ক্রিকেটেই সর্বশেষ সেঞ্চুরির দেখা পেয়েছিলেন প্রায় এক বছর আগে। ২০১৪ সালের ১৫ নভেম্বর জিম্বাবুয়ের বিপক্ষে চট্টগ্রামে ১৩১ রানে অপরাজিত থেকে যখন মাঠ ছাড়ছিলেন, ভাবেননি, পরের সেঞ্চুরিটি পেতে এত দিন অপেক্ষা করতে হবে। তবে মুমিনুল হক নিজের জমে ওঠা রান ক্ষুধাকে মিটিয়েছেন দারুণভাবে, একেবারে ডাবল সেঞ্চুরি করে। আজ জাতীয় লিগের শেষ পর্বের খেলায় বরিশালের বিপক্ষে ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি পেয়েছেন মুমিনুল। চট্টগ্রামের হয়ে ৩৭টি চারে ২৩৯ রানের দারুণ ইনিংস খেলে সেই সঙ্গে সেই পুরোনো ফর্মে ফেরার ইঙ্গিতও দিলেন।
বাংলাদেশের ক্রিকেটে মুমিনুল পুরোপুরি অন্যরকম একটি চরিত্র। বাংলাদেশ দলের চিরায়ত অস্থির প্রকৃতির ব্যাটসম্যানদের মাঝে ঠান্ডা মেজাজের মুমিনুল একেবারেই ব্যতিক্রম। এর পুরস্কারও পেয়েছে বাংলাদেশ দল। আবির্ভাবের পর থেকেই বাংলাদেশ দলের আস্থার প্রতীক হয়ে উঠেছেন। শুদ্ধ টেকনিক আর ঠান্ডা মাথার ব্যাটিং দিয়ে দলের টপ অর্ডারে জায়গাও পাকা করে নিয়েছেন।
টেস্ট ক্রিকেটে নিজের প্রথম সেঞ্চুরিটাকে ১৮১-তে নিয়ে গিয়ে বুঝিয়ে দিয়েছিলেন, বড় ইনিংস খেলার প্রতি নিজের আগ্রহ। প্রথম শ্রেণির ক্রিকেটেই এত দিন এটিই সর্বোচ্চ ইনিংস ছিল তাঁর। রানের চাকা সব সময়েই ছুটিয়েছেন। কখনো ‘বাংলাদেশের ব্র্যাডম্যান’, কখনো ‘বাংলাদেশের দ্রাবিড়’ নানা খেতাবও জুটেছে তিন বছরের ছোট্ট এই ক্যারিয়ারে।
ধারাবাহিকতার এমনই উদাহরণ ছিলেন, টানা ১১ টেস্টে পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলে বিশ্ব রেকর্ডের আশাও জাগিয়েছিলেন। ভারতের বিপক্ষে তাতে যতি পড়লেও তাঁর ব্যাটিং নিয়ে কখনো প্রশ্ন ওঠেনি। কিন্তু জিম্বাবুয়ের বিপক্ষে করা সেই সেঞ্চুরির পর আর তিন অঙ্কের দেখা পাচ্ছিলেন না।
চট্টগ্রাম টেস্টের পর গত এক বছরে সব ধরনের ক্রিকেটে ৪৪ ইনিংসে ব্যাট করেছেন, কিন্তু একবারও সেঞ্চুরি করতে পারেননি। আজ বগুড়ায় শহীদ চান্দু স্টেডিয়ামে সেই গেরো খুললেন একেবারে ডাবল সেঞ্চুরি করে। এত বড় একটা সময় বড় অঙ্কের রান পাননি, অন্য কেউ হলে একটু হলেও চিন্তায় পরে যেতেন।

তবে মুমিনুলের এ ব্যাপারে কোনো মাথা ব্যথা ছিল না। নামটা মুমিনুল বলেই কথাটা বিশ্বাস করতে হবে, ‘কোনো চাপ কাজ করেনি। এর আগে ভালো খেলতে পারিনি তাই রান পাইনি।’
আজ দিনের খেলা শেষ হওয়ার মাত্র ২ ওভার আগে আউট হয়ে গেছেন। কয়েকটা বল টিকে থাকতে পারলে আগামীকাল ট্রিপল সেঞ্চুরির নতুন মিশন নিয়ে নামতে পারতেন। এ ব্যাপারে যেন খানিকটা হতাশই তিনি, ‘আক্ষেপ তো লাগেই। ৩০০ হওয়ার ভালো সুযোগ ছিল। তবে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন।’
টেস্ট দলের নিয়মিত সদস্য। কিন্তু ওয়ানডে দলে বিশ্বকাপের পর থেকেই সুযোগ পাচ্ছেন না। ব্যাপারটি নিয়েও তাঁর চিন্তা ভাবনা একেবারেই চিরচেনা ‘মুমিনুল ধারার’। নিরাসক্ত ভঙ্গিতে জানালেন, ‘সীমিত ওভার নিয়ে এখন কিছু ভাবছি না। ছোট ক্রিকেটের ছোট ক্রিকেটারই না হয় থাকলাম।’