এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে! দক্ষিণ আফ্রিকার ক্রিকেটের অভিভাবক সংস্থাটি গত নভেম্বরে শাস্তি দিয়েছিল বাঁহাতি স্পিনার অ্যারন ফাঙ্গিসোকে। আর সেটা জানা গেল কিনা পরশু! জানাটাও আবার পুরোপুরি নয়। গত অক্টোবরে ভারতে ওয়ানডে সিরিজ শেষে দেশে ফেরার পথে পেটে মনে হয় কারণবারি ভালোই পড়েছিল ফাঙ্গিসোর, বিমানে তাই মাতলামি করেছিলেন। মুম্বাই থেকে দুবাইয়ে আসার পর এই বাঁহাতি স্পিনারকে আটকে দেয় এমিরেটস এয়ারলাইনস। পরে প্রকৃতিস্থ হলেই জোহানেসবার্গের বিমানে উঠতে দেওয়া ফাঙ্গিসোকে। ঘটনাটা গোপন করে দেশে ফেরার পর সিএসএ শাস্তি দেয় তাঁকে। সেই খবরটাই পরশু ফাঁস করে দেশটির দৈনিক র্যাপোর্ট। এরপরই ক্রিকেট সাউথ আফ্রিকা স্বীকার করেছে শাস্তি দেওয়ার কথা। কিন্তু ফাঙ্গিসোকে আর্থিক জরিমানা করা হয়েছে নাকি কয়েক ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে, সেটাই বলা হয়নি কোথাও। আপাতত দক্ষিণ আফ্রিকা দলের বাইরেই আছেন এই ক্রিকেটার। ক্রিকইনফো।