এত দিনে ওভাল!
ইংল্যান্ডে প্রথম টেস্ট ম্যাচ হয়েছে ওভালে। মেলবোর্নের পর দ্বিতীয় টেস্ট ভেন্যুও এটিই। সেই ওভালকে টেস্টে প্রথম হ্যাটট্রিকের দেখা পেতে অপেক্ষা করতে হলো শততম টেস্ট পর্যন্ত। মাঠ ধরে টেস্ট হ্যাটট্রিকের ইতিহাস—

১০
টেস্টে একাধিক হ্যাটট্রিক হয়েছে ১০টি মাঠে।
২৬
টেস্টে হ্যাটট্রিক দেখা ২৬তম ভেন্যু ওভাল। ইতিহাসের প্রথম টেস্টের মতো ১৮৭৯ সালে প্রথম হ্যাটট্রিকটিও মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে।
৫
টেস্টে সবচেয়ে বেশি হ্যাটট্রিক হয়েছে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে। গত ১১৩ বছরে অবশ্য মাত্র একটি হ্যাটট্রিক দেখেছে এমসিজি (শেন ওয়ার্ন, ১৯৯৪-৯৫)।
৮.৫
১৭ টেস্টে ২টি হ্যাটট্রিক। হ্যাটট্রিকের গড়ে এক নম্বরে বঙ্গবন্ধু স্টেডিয়াম। পাকিস্তানের লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম গড়ে প্রতি ১৩.৩ ম্যাচে একটি হ্যাটট্রিক দেখেছে।
১
১৮৭৯ সালের ২ জানুয়ারি টেস্টে প্রথম হ্যাটট্রিকটি করেন অস্ট্রেলিয়ার পেসার ফ্রেড ‘দ্য ডেমন’ স্পফোর্থ। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ ছিল ইংল্যান্ড।
২
এক ভেন্যুতে দুটি করে হ্যাটট্রিক আছে জিমি ম্যাথুস (ওল্ড ট্রাফোর্ড) ও হিউ ট্রাম্বলের (এমসিজি)। ম্যাথুসেরটা একই টেস্টের দুই ইনিংসে।
৬০
সবচেয়ে বেশি টেস্ট আয়োজন করে এখনো হ্যাটট্রিক দেখেনি ওয়েলিংটনের বেসিন রিজার্ভ ও পোর্ট অব স্পেনের কুইন্স পার্ক ওভাল।
১৩৭–১০০
ম্যাচের মতো সময়ের হিসাবেও টেস্টে প্রথম হ্যাটট্রিকের দেখা পেতে সবচেয়ে বেশি অপেক্ষা করতে হলো ওভালকে। শততম ম্যাচে প্রথম হ্যাটট্রিক দেখা ওভালের অপেক্ষাটা ১৩৭ বছরের।
১১২
ওভালের আগে সময়ের হিসাবে প্রথম হ্যাটট্রিকের দেখা পেতে সবচেয়ে বেশি অপেক্ষা করতে হয়েছে ট্রেন্ট ব্রিজকে। ১৮৯৯ সালে টেস্ট অভিষেকের ১১২ বছর পর ২০১১ সালে প্রথম হ্যাটট্রিক হয়েছে ট্রেন্ট ব্রিজে, যা ছিল ট্রেন্ট ব্রিজে ৫৭তম টেস্ট।
গ্রন্থনা: মোহাম্মদ সোলায়মান