এত বাজে সময় শেষ কবে এসেছিল ভারতীয় ক্রিকেটে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে টানা দুটি টেস্ট হারল ভারত। লর্ডসে তো রীতিমতো নাস্তানাবুদই হয়েছে বিরাট কোহলির দল। আকাশে উড়তে থাকা ভারতীয় ক্রিকেট দলের সামনে হঠাৎ করেই যেন মন্দ সময় উপস্থিত।
ভারতীয় পত্রিকার প্রতিক্রিয়া। ছবি: এএফপি
ভারতীয় পত্রিকার প্রতিক্রিয়া। ছবি: এএফপি

ইংল্যান্ডে গিয়ে কি ব্যাটিংটাই ভুলে গেল ভারত! এজবাস্টনে তা-ও বিরাট কোহলির ধ্রুপদি এক ইনিংস কিছুটা হলেও মান বাঁচিয়েছিল ভারতীয়দের। কিন্তু লর্ডসে ইংল্যান্ডের সুইং বোলিংয়ে কোনো জবাবই দিতে পারল না বিরাট কোহলির দল। ফল, কোহলির অধিনায়কত্বে প্রথমবারের মতো ইনিংস পরাজয় জুটল ভারতের। তা-ও কিনা তিন দিনের মধ্যে।

ভারতজুড়েই এখন সমালোচনা কোহলির দলের। টাইমস অব ইন্ডিয়ার শিরোনাম, ‘লর্ডসে ভিখারি ভারত’। তা ভিখারির মতোই সিরিজ কাটছে ভারতের, বিশেষ করে ব্যাটসম্যানদের। সিরিজের প্রথম দুই ম্যাচে প্রতি ১৬.৮২ রানে একটি করে উইকেট হারিয়েছে ভারত। ব্যাটিং গড়টা ২০০২ সালের নিউজিল্যান্ড সফরের পর ভারতের সর্বনিম্ন। দেশের বাইরে ঠিক আগের সিরিজটাতেও ভারতের ব্যাটিং ভালো হয়নি। দক্ষিণ আফ্রিকায় সেই সিরিজে ভারতের ব্যাটিং গড় ছিল মাত্র ২০.৬০।

ইংল্যান্ডে সর্বশেষ দুই সফরে অবশ্য এতটা বাজে ছিল না ভারতের ব্যাটিং। ২০১৪ সালে যে সিরিজে ৩-১ ব্যবধানে হার সেই সিরিজে ভারতের ব্যাটিং গড় ছিল ২৫.৭৩। ২০১১ সালে ৪-০ ব্যবধানে ধবলধোলাই হওয়া সিরিজেও ২৫-এর ওপরে ছিল কোহলিদের গড়। লর্ডসে ভারতের ব্যাটিং কত বাজে হয়েছে, তার প্রমাণ একটি তথ্যেই আছে। দুই ইনিংসেই দলটির হয়ে সর্বোচ্চ ইনিংস ৮ নম্বর ব্যাটসম্যান রবিচন্দ্রন অশ্বিনের।

অ্যান্ডারসন-ব্রডদের সুইংয়ের সামনে ভারতীয়দের অসহায়ত্বটাই ফুটে উঠছে। সমালোচনাটা ব্যাটিংয়ের টেকনিক নিয়েই বেশি। ভারতের দলপতি কোহলিও মাথা পেতে নিচ্ছেন সেসব সমালোচনা। ব্যর্থতার পেছনে কোনো অজুহাতও দাঁড় না করিয়েই বললেন, ‘আমাদের দায়িত্ব ও কর্তব্য হচ্ছে দেশের জন্য খেলা। আমাদের এর চেয়ে ভালো খেলা দরকার ছিল। এটা মেনে না নিলে উন্নতি করা সম্ভব না, সম্ভব না প্রতিদ্বন্দ্বিতা করা। যেসব ভুল করেছি সেগুলো মেনে নিতে হবে। ভুল তো হতেই পারে...। গুরুত্বপূর্ণ হচ্ছে ওগুলোর পুনরাবৃত্তি না করা।’

ভুলের পুনরাবৃত্তি করতে চান না বলেই কোহলি বেশি ভাবতে চান না হেরে যাওয়া দুটি টেস্ট নিয়ে। চোখ রাখছেন ট্রেন্ট ব্রিজে আগামী শনিবার শুরু হওয়া তৃতীয় টেস্টে। লর্ডস টেস্টটা এক দিন আগে শেষ হওয়াটাকে শাপেবর হিসেবেই দেখছেন পিঠের চোট নিয়ে ব্যাটিং করা কোহলি। সেরে উঠতে একদিন সময় যে বেশি পাওয়া গেল!
আপাতত দলের ব্যাটিং লাইনআপের যা অবস্থা, পুরো ফিট কোহলিকেই দরকার হবে ভারতের। বাকিদের ব্যাটিং দেখে তো অনেকেই ভাবছেন ভারত না আবার ধবলধোলাই হয়ে যায় সিরিজে। ইংল্যান্ডের অধিনায়ক জো রুট অবশ্য মনে করছেন কাজটা কঠিন। ভারতকে ধবলধোলাইয়ের স্বপ্ন দেখেন কি না, পরশু এই প্রশ্নে একটু সাবধানী উত্তরই দিলেন রুট, ‘অবশ্যই, এটাই তো স্বপ্ন হওয়া উচিত। পাঁচটি পরিপূর্ণ পারফরম্যান্স, পাঁচটি জয়। তবে গুরুত্বপূর্ণ হলো আত্মতুষ্টিতে না ভোগা, ঔদ্ধত্য না দেখানো ও বেশি দূরে চোখ না রাখা।’

ভারত যে বিশ্বের এক নম্বর টেস্ট দল সেটাও মনে করিয়ে দিলেন রুট, ‘আমরা বিশ্বের এক নম্বর দলের বিপক্ষে খেলছি। ওদের প্রতিভাবান খেলোয়াড়ের অভাব নেই। আমাদের নিশ্চিত করতে হবে উন্নতির ধারাটা যেন থাকে।’

এদিকে, ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে প্রশ্ন উঠেছে রবি শাস্ত্রীর ভূমিকা নিয়ে। ভারতীয় ক্রিকেট দলের জন্য শাস্ত্রীর নিয়োগ কতটা উপকার বয়ে এনেছে, সেটি নিয়ে ভাবা শুরু করেছে ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা।

বিসিসিআইয়ের এক কর্তা বার্তা সংস্থা পিটিআইকে বলেছেন, ‘ভুলে গেলে চলবে না রবি শাস্ত্রী ও দলের বর্তমান কোচিং স্টাফের অধীনে আমরা ২০১৪-১৫ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে হেরেছিলাম। গত বছর হেরেছি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। দুটিই ছিল বড় টেস্ট সিরিজ। এখন আমরা ইংল্যান্ডের বিপক্ষে খাদের কীনারায় আছি।’

বিসিসিআইয়ের অন্তর্বর্তীকালীন কমিটি ইতিমধ্যেই শাস্ত্রীর কাছে বার্তা পাঠিয়েছে। সেখানে স্পষ্টই বলে দেওয়া হয়েছে, ইংল্যান্ডে ভারতীয় দল যা খেলেছে, সেটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

এমন কঠিন পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেট দল শেষ কবে পড়েছিল অনেকেরই হয়তো মনে নেই।