এত বড় শাস্তির ব্যাখ্যা দিল বিসিবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৪ বলে ৯২ রানের স্কোর।
৪ বলে ৯২ রানের স্কোর।

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে বিরাট এক শাস্তির ঘটনা ঘটেছে কাল। আম্পায়ারদের ‘পক্ষপাতমূলক’ আচরণের অভিনব প্রতিবাদ করে বিসিবির সব ধরনের খেলা থেকে কমপক্ষে ১০ বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন দ্বিতীয় বিভাগ ক্রিকেটের দুই খেলোয়াড় সুজন মাহমুদ ও তাসনিম হাসান। তাঁদের কেন এত বড় শাস্তি দেওয়া হয়েছে সেটির ব্যাখ্যা দিয়েছে বিসিবি।

দ্বিতীয় বিভাগ ক্রিকেটের দুটি ম্যাচে লালমাটিয়া ক্লাবের বোলার সুজন মাহমুদের ৪ বলে ৯২ ও ফিয়ার ফাইটার্স স্পোর্টিং ক্লাবের বোলার তাসনিম হাসানের ১.১ ওভারে ৬৯ রান দেওয়ার ঘটনায় শুধু দুই খেলোয়াড় নন, বাতিল করা হয়েছে বিসিবির সঙ্গে তাঁদের ক্লাব লালমাটিয়া ক্লাব ও ফিয়ার ফাইটার্স স্পোর্টিং ক্লাবের সম্পৃক্ততাও। কেন তারা এই শাস্তি পেলেন, সেটির ব্যাখ্যা দিয়েছেন তদন্ত কমিটির প্রধান ও বোর্ড পরিচালক শেখ সোহেল, ‘তদন্ত করে দেখা হয়েছে খেলোয়াড়, ক্লাব দোষী। আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ক্রিকেটের সুনাম বা ভাবমূর্তি নষ্ট করার জন্য কিছু লোক এটা করেছে। এই শাস্তি দেওয়া ছাড়া আমাদের কোনো উপায় ছিল না।’
খেলোয়াড়-ক্লাবকে কোন ধারায় বিসিবি এই শাস্তি দেওয়া হয়েছে সেটি অবশ্য বলতে পারেননি শেখ সোহেল। বাজে আম্পায়ারিংয়ের প্রতিবাদ করে দুজন খেলোয়াড় বড় শাস্তি পেলেন, শাস্তিটা কি তাঁদের জন্য বেশি হয়ে গেল? শেখ সোহেলের উল্টো প্রশ্ন, ‘এটা কোন ধরনের প্রতিবাদ? প্রতিবাদ করার অধিকার তাদের আছে। আম্পায়ার্স কমিটি ও বিসিবি সভাপতিকে কি তারা জানিয়েছে যে আম্পায়ারিং নিয়ে এই সমস্যা হচ্ছে?’
দুই ম্যাচেই আম্পায়ারের দায়িত্বে থাকা আজিজুল বারী ও শামসুর রহমানকে দেওয়া হয়েছে ছয় মাসের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আম্পায়ারদের শাস্তি কেন এত কম হলো সেটির ব্যাখ্যা দিলেন শেখ সোহেল, ‘দুই আম্পায়ারের বিরুদ্ধে কেউ লিখিতভাবে জানায়নি। যখন শাস্তি হয়েছে তখন আম্পায়ার নিয়ে কথা উঠছে। দীর্ঘদিন যখন আম্পায়ারদের নিয়ে সমস্যা হয়েছে তখন ক্লাবগুলো কখনো বিসিবিকে চিঠি দিয়েছে? ক্লাব যদি বিসিবিকে জানাত তাহলে এত বড় ঘটনা ঘটত না। তবে আম্পায়াররা চাইলে খেলা বন্ধ করতে পারত। কেন তারা পারেনি, আম্পায়ারদের শাস্তি দিয়েছি সে কারণেই।’