এতগুলো হাঁস!

কোনো ব্যাটসম্যানের শূন্য রান আউটের মতো একটা ট্র্যাজিক ব্যাপারকে কিনা তুলনা করা হয় হাঁসের সঙ্গে! ‘ডাক’ কথাটার প্রাথমিক পূর্ণ রূপ ছিল নাকি ‘ডাক এগ’। অনেকে বলেন, শূন্যর সঙ্গে ডিমের দৃশ্যগত মিল থাকাতেই নাকি এই নামকরণ। পরীক্ষার খাতায় ‘আন্ডা’ মিললে পরীক্ষার্থীদের যেমন মুখটা শুকিয়ে এতটুকু হয়, ব্যাটসম্যানদের ক্ষেত্রেও তা-ই। আজ মেলবোর্নে বিশ্বকাপ ফাইনালে এখন পর্যন্ত এ অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন পাঁচ ব্যাটসম্যান।
আজ শুরুতেই ডাক উপহার দিলেন কিউই অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম। পরে তার সঙ্গে যোগ দিলেন কোরি অ্যান্ডারসন, লুক রনকি, ম্যাট হেনরি। এ ক্ষেত্রে ট্রেন্ট বোল্টের কথা ভিন্ন। তিনি অবশ্য কোনো রান না করার আগেই দল অলআউট! শূন্য রানে ফিরে প্রতিপক্ষের অ্যারন ফিঞ্চও যোগ দিলেন এ ‘ডাক ক্লাবে’!
এ বিশ্বকাপে এখন পর্যন্ত ৮৩ ব্যাটসম্যান ফিরেছেন ডাক মেরে। তবে সবচেয়ে বেশি শূন্য রানে ফেরার রেকর্ড ২০০৩ বিশ্বকাপে। সেবার ৯৬ ব্যাটসম্যান ফিরেছিলেন কোনো রান না করেই। তা না হয় হলো, কিন্তু বিশ্বকাপ ফাইনালে এর আগে এত ‘হাঁসের দেখা’ কবে মিলেছে?
পরিসংখ্যান বলছে, ১৯৭৯ বিশ্বকাপ ফাইনাল। মোট আট ব্যাটসম্যান ডাক মেরেছিলেন সেবার। ওয়েস্ট ইন্ডিজ প্রথমে ব্যাট করে ভিভ রিচার্ডসের দুর্দান্ত শতকে ২৮৬ রানের বড় স্কোর গড়লেও ক্যারিবীয়দের ডাক মেরেছিলেন তিন ব্যাটসম্যান। ‘ব্যাটসম্যান’ বলাটা কি ঠিক হলো? অ্যান্ডি রবার্টস, জোয়েল গার্নার, মাইকেল হোল্ডিং নিশ্চয় ব্যাটসম্যান হিসেবে পরিচিত ছিলেন না। প্রতিপক্ষ ইংল্যান্ডের ব্যাটসম্যানেরা ডাক মেরেছিলেন আরও বেশি। মোট পাঁচ ইংলিশ ব্যাটসম্যান ফিরেছিলেন কোনো রান না করেই। শূন্য রানে ফেরা আর দলের পরাজয়ে সেদিন নিশ্চয় ডেভিড গাওয়ার, ওয়েইন লারকিন্স, ক্রিস ওল্ড, বব টেলর ও মাইক হেনড্রিকের মন বিষাদে ছেয়ে গিয়েছিল। আজ ম্যাককালামদের একই অবস্থা হয় কিনা কে জানে!