কে ভাবতে পেরেছিল শ্রীলঙ্কা-জিম্বাবুয়ে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচটা ফাইনাল হয়ে যাবে! কে ভাবতে পেরেছিল চার ম্যাচে শেষে সিরিজটা ২-২ সমতায় থাকবে! কেউ ভাবতে না পারলেও এমনটাই হয়েছে।
সে অনেক অনেক কাল আগের কথা, ১৯৯৪ সালের নভেম্বর। শ্রীলঙ্কা তখনো বিশ্বকাপ জেতেনি। যেকোনো সংস্করণেই শ্রীলঙ্কা-জিম্বাবুয়ের সিরিজের ভাগ্য সর্বশেষ ওই বছরই শেষ ম্যাচে এসে নির্ধারিত হয়েছিল। শেষ ম্যাচটাও ড্র হওয়ায় তিন ম্যাচের টেস্ট সিরিজটা অবশ্য ভাগাভাগি করে নিয়েছিল দুই দল।
জিম্বাবুয়েতে হয়েছিল ওই সিরিজ। টেস্ট ক্রিকেটে তখন নবীনতম দল হলেও শক্তির বিচারে জিম্বাবুয়ে একেবারে ফেলনা ছিল না। আর এবার কে ভাবতে পেরেছিল জিম্বাবুইয়ানরা এভাবে চমকে দেবে লঙ্কানদের! সেই জিম্বাবুয়ে, যারা এখন নিয়মিতই হারে আফগানিস্তানের কাছে, এমনকি হেরে যায় স্কটল্যান্ডের কাছেও।
যে জিম্বাবুয়ে এর আগে শ্রীলঙ্কায় কখনোই শ্রীলঙ্কাকে ওয়ানডেতে হারাতে পারেনি, তারাই কিনা জিতে গেল দুটি ম্যাচ! আর আজ সিরিজ জয়ের স্বপ্ন নিয়ে মাঠে নামার স্বপ্নটা খোদ জিম্বাবুইয়ানরাই আগে দেখেনি!
জিম্বাবুয়ের অধিনায়ক গ্রায়েম ক্রেমার পরশু চতুর্থ ম্যাচে জয়ের পর বলেছেন, ‘শ্রীলঙ্কা সফর সব সময়ই কঠিন। আমি বলব, এটা অপ্রত্যাশিত। ওরা দেশে কত ভালো খেলে। কৃতিত্ব আমাদের ছেলেদের। ওরা আশা করেনি, আমরা জিততে পারি। বিশেষ করে আজ (পরশু) ৩০০ করার পর। তবে আমরা সব সময় বিশ্বাস করেছি যে জিততে পারি।’
ম্যাচের ভাগ্যটা শেষ পর্যন্ত নির্ধারণ করে দিয়েছে বৃষ্টি ও আলোকস্বল্পতা। ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ৩১ ওভারে নির্ধারিত ২১৯ রানের লক্ষ্যটা ১০ বল হাতে রেখেই পেরিয়ে যায় জিম্বাবুয়ে।
জিম্বাবুয়ে আজ জিতে গেলে ২০০১ সালের পর প্রথম কোনো টেস্ট খেলুড়ে দলের বিপক্ষে দেশের বাইরে সিরিজ জিতবে। ক্রিকইনফো।