এতেই সেরা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্যালারি তো দর্শকশূন্যই, পুরস্কার বিতরণী মঞ্চের সামনেও দুই দলের কয়েকজন খেলোয়াড় আর কর্মকর্তা ছাড়া কেউ নেই। এরই মধ্যে কাল সকালে মিরপুর টেস্টে ম্যাচ-সেরার পুরস্কার নিলেন মুশফিকুর রহিম। এরপরই ডেল স্টেইন সিরিজ-সেরার। দুজনের জন্যই একটা নতুন অভিজ্ঞতা নিশ্চয়ই। দর্শকশূন্য মাঠে মনে হয় না আগে কখনো ম্যাচ-সেরা কিংবা সিরিজ-সেরার পুরস্কার নিয়েছেন দুজনের কেউ।
বৃষ্টিভেজা এই সিরিজে অবশ্য এটা নতুন কিছু নয়। চট্টগ্রামে বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানেরও কি একই অভিজ্ঞতা হয়নি! চট্টগ্রামে প্রথম টেস্টে তবু প্রথম তিন দিনই খেলা হয়েছে, মিরপুরে তো খেলা হলো শুধুই প্রথম দিন। একটা ইনিংসই যেখানে শেষ হয়নি। বাংলাদেশের অসমাপ্ত প্রথম ইনিংসে সর্বোচ্চ রান মুশফিকুরের ৬৫, দক্ষিণ আফ্রিকান বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩ উইকেট করে নিয়েছেন স্টেইন ও ডুমিনি। ম্যাচ-সেরা নির্বাচনের সময় এই তিনটি নামই বিবেচনায় এসেছে বলে অনুমান করা যায়। টেস্টে এর আগে দুবার ম্যাচ-সেরা হয়েছেন মুশফিক, তবে ৬৫ রান করেই ট্রফি নেওয়াটা তাঁর জন্য একটু বিচিত্র অভিজ্ঞতাই বলতে হবে। দুই টেস্ট মিলিয়ে মাত্র ৬ উইকেট নিয়ে স্টেইনের সিরিজ-সেরা হয়ে যাওয়াও তো কম বিচিত্র নয়। যে সিরিজে খেলাই হয়েছে মাত্র চার দিন, তাতে তো এমন বিচিত্র কিছুই ঘটার কথা!