এদিকে রাহানে, ওদিকে পিট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৭ উইকেটে ২৩১ রান—এমন আহামরি কিছু নয়। টেস্টের প্রথম দিন শেষে বলা যাবে না ভারত খুব ভালো জায়গায়। কিন্তু ফিরোজ শাহ কোটলায় এই রান নিয়েই বিরাট কোহলি স্বস্তির নিশ্বাস ফেলতে পারেন। পুরো সিরিজে যেখানে ২০০ পার করতে হিমশিম খেয়েছে দুই দল, সেখানে ২৩১ তো ‘পাহাড়’। আর ৮৯ রান করে শেরপা হয়ে সেখানে ভারতকে নিয়ে গেছেন অজিঙ্কা রাহানে। এরই মধ্যে সিরিজের সর্বোচ্চ ইনিংসটা খেলে ফেলেছেন, সিরিজের প্রথম সেঞ্চুরিটা আজ পেতেই পারেন।
সিরিজজুড়ে উইকেটই আলোচনার কেন্দ্রে। মোহালি-নাগপুরের উইকেট ছিল স্পিনের ফাঁদ। কোটলার উইকেট কেমন হয়, এটি নিয়ে তাই ছিল তুমুল আগ্রহ। তবে আগের দুই ম্যাচের চেয়ে ব্যাটসম্যানরা এই উইকেটে হাঁসফাঁস একটু কমই করেছেন। স্পিনাররাও উইকেট থেকে সাহায্য পেয়েছেন, ক্যারিয়ারে দ্বিতীয় টেস্ট খেলতে নামা অফ স্পিনার ড্যান পিটের ৪ উইকেট সেই সাক্ষ্যই দিচ্ছে। তবে রাহানে-কোহলি যতক্ষণ খেলছিলেন, উইকেটে কোনো জুজু ছিল বলে মনে হচ্ছিল না।
চতুর্থ উইকেটে দুজনের ৭০ রানের জুটিটাও ভেঙেছে অদ্ভুতভাবেই। পিটের বলটা কোহলি সুইপ করেছিলেন, শর্ট লেগে টেন্ডা বাভুমার ঊরুতে লেগে সেটি উঠে যায় শূন্যে। উইকেটকিপার ভিলাস ঝাঁপিয়ে পড়ে বলটা ধরে ফেললেন। কোহলি আউট!
তার আগে ৬৬ রানে ৩ উইকেট হারিয়ে খানিকটা কাঁপছিল ভারত। হাঁসফাঁস করতে থাকা মুরালি বিজয় ফিরে গেছেন ১২ রান করে। ধাওয়ান-পূজারাও বেশি দূর যেতে পারেননি। ধাওয়ানকে দারুণ এক বলে ফিরিয়েছেন পিট, ব্যাট-প্যাডের ফাঁক বলে বোল্ড পূজারা কাইল অ্যাবটের প্রথম শিকার।
তবে রাহানে একপাশে নিজের স্বাভাবিক খেলাটাই খেলে গেছেন। ৮৯ রানের ইনিংসে দৃষ্টিসুখকর শট কম ছিল না, তবে একপাশ থেকে সতীর্থদের আসা-যাওয়াই দেখতে হয়েছে। কোহলির পর ৩ রানের মধ্যেই ফিরে গেছেন রোহিত-ঋদ্ধিমান। ২৪ রান করে রবীন্দ্র জাদেজাই যা একটু সঙ্গ দিয়েছেন। আজ টেলএন্ডারদের কাছ থেকেও সে রকম কিছু চাইবেন রাহানে।
গত বছর জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেক টেস্টে নিজের প্রথম বলেই উইকেট পেয়েছিলেন পিট, দুই ইনিংসে নিয়েছিলেন ৪টি করে উইকেট। এখানেও প্রথম ইনিংসে ৪ উইকেট হয়ে গেছে, আজ হয়তো প্রথমবারের মতো ৫ উইকেট উঠতে যাচ্ছে ২৫ বছর বয়সীর হাতে। ক্রিকইনফো।