এদিকে সাব্বির, ওদিকে কোহলি

দুজনের বয়সের ব্যবধান মাত্র তিন বছর। তবে ২২ গজ সেই ব্যবধানটাকে অনেক বড়ই দেখায়। বিরাট কোহলির মধ্যে অনেকেই দেখে ফেলছেন ভিভ রিচার্ডস, শচীন টেন্ডুলকারের ছায়া। আর সাব্বির রহমান ওই উচ্চতায় যাওয়ার পথে কয়েকটা সিঁড়ি ভেঙেছেন মাত্র। কিন্তু আজকের ফাইনাল দুজনকে মিলিয়ে দিচ্ছে একই সমতলে, দুই দলই যে দুজনের ব্যাটের দিকে একটু বেশি করেই তাকিয়ে থাকবে।
এই এশিয়া কাপটাই আসলে দুজনকে এক বন্ধনীতে নিয়ে আসছে। দুজন যেখানে ব্যাট করেন, এমনিতেই বাড়তি একটু দায়িত্ব নিতে হয়। টি-টোয়েন্টিতে তিন নম্বর পজিশনটা এক অর্থে সবচেয়ে গুরুত্বপূর্ণ। ওপেনিংয়ে উইকেট হারালে এক দিকে যেমন উইকেট আগলে রাখার দায়িত্ব, তেমনি টি-টোয়েন্টির দাবি মেনে দ্রুত রান তোলার একটা চাপও সর্বক্ষণ নিতে হয়। এই টুর্নামেন্টে দুজন অন্তত সেই ভূমিকায় জিপিএ-৫ পেয়েই উতরে গেছেন।
শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ম্যাচটার কথাই ধরুন। ২ রানেই ২ উইকেট পড়ে যাওয়ার পর খাদের কিনারায় চলে যাওয়া বাংলাদেশকে টেনে তুলেছেন সাব্বির। সেটাও নিজের সহজাত খেলাটা খেলেই। সেঞ্চুরির সুবাস পেয়েও শেষ পর্যন্ত আউট হয়েছেন ৮০ রানে। তবে তার আগে খেলে ফেলেছেন টি-টোয়েন্টিতে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনিংসগুলোর একটি। ভারতের বিপক্ষে ৪৪ রানের ইনিংসটা হয়তো দলকে জেতাতে পারেনি। তবে যতক্ষণ ছিলেন, সাব্বিরের ব্যাটেই জিইয়ে ছিল বাংলাদেশের জয়ের আশা। পাকিস্তানের সঙ্গে সে রকম কিছু করতে পারেননি। আজ নিশ্চয়ই সেই অতৃপ্তিটা রাখতে চাইবেন না।
২২ গজের ক্যানভাসটা এশিয়া কাপ থেকে আরেকটু ছড়িয়ে দিলেও সাব্বিরের নামটাই জ্বলজ্বল করছে বেশি। গত এক বছরে ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি রান তাঁরই। তিন নম্বরে পাকাপাকিভাবে উঠে আসার পর আরও চওড়া হয়েছে সাব্বিরের ব্যাট। এই বছরেই যেমন ৮টি টি-টোয়েন্টিতে ৪০.৫৭ গড়ে সাব্বির করে ফেলেছেন ২৮৪ রান। এশিয়া কাপের ফাইনালে নিশ্চয়ই আরও সংহারী হয়ে উঠতে চাইবেন।
কোহলি হয়তো মনে মনে কিছু হিসাব চুকানোর অপেক্ষা করছেন। এই টুর্নামেন্টে শুধু বাংলাদেশের বিপক্ষেই হাসেনি তাঁর ব্যাট, আউট হয়ে গিয়েছিলেন ৭ রান করেই। পাকিস্তানের বিপক্ষে ৪৯ রানের ইনিংসের চেয়ে বেশি রান আরও অনেকবারই করেছেন, কিন্তু পরিস্থিতি বিবেচনায় কোহলি সেই ইনিংসটা অনেক ওপরের দিকেই রাখবেন। শ্রীলঙ্কার বিপক্ষেও দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন। আর আমিরাতের সঙ্গে তো নামতেই হয়নি।
আজ হয়তো কোহলির ব্যাটই ভরসা দেবে ধোনিকে। শ্রীলঙ্কার ম্যাচের পর যেমনটি বলেছিলেন, মাশরাফি আজও নিশ্চয়ই সাব্বিরের কাছ থেকে তাঁর সহজাত খেলাটাই চাইবেন। দিন শেষে হয়তো ব্যবধানও গড়ে দেবেন এই দুজনই!