পরশু মিসবাহ-উল-হককে করা হয়েছিল প্রশ্নটা। পাকিস্তানের ক্রিকেটাররা বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে খেলার সুযোগ না পাওয়াটা কতটা হতাশাজনক? টেস্ট-পূর্ব সংবাদ সম্মেলন করে ড্রেসিংরুমে যাওয়ার পথে পাকিস্তান অধিনায়ক বলছিলেন, ‘আমার বিশ্বাস, আমাদের এই সফরের পর আবারও বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে খেলতে পারবে পাকিস্তানের ক্রিকেটাররা। এই সিরিজ দুই দেশের ক্রিকেট বোর্ডের সম্পর্কে সুবাতাস আনবে। তাতে উপকৃত হবে খেলোয়াড়েরাই।’
ঢাকায় সস্ত্রীক দ্বিতীয় টেস্ট দেখতে এসে কাল একই আভাস দিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান শাহরিয়ার খান। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দিনের খেলা শেষে ৮১ বছর বয়সী সাবেক এই কূটনীতিক মুখোমুখি হয়েছিলেন সাংবাদিকদের। এক প্রশ্নের জবাবে তখনই বললেন, ‘বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে খেলতে অনুমতি চাইলে পাকিস্তানের ক্রিকেটারদের তা দেওয়া হবে। পাকিস্তানি খেলোয়াড়দের বাংলাদেশে খেলার ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা নেই।’ সেটির প্রমাণ অবশ্য এরই মধ্যে পাওয়া গেছে। পাকিস্তানের দুই মহিলা ক্রিকেটার সানা মীর ও বিসমাহ মারুফ মোহামেডানের হয়ে মহিলা ক্লাব ক্রিকেটে খেলতে বর্তমানে ঢাকায় আছেন।
২০১২ সালে প্রতিশ্রুতি দিয়েও নিরাপত্তার কারণে বিসিবি পাকিস্তান সফরে পাঠায়নি বাংলাদেশ দলকে। দুই বোর্ডের সম্পর্কে টানাপোড়েন তখন থেকেই। যেটির জের হিসেবে দ্বিতীয় বিপিএল এবং ঢাকা প্রিমিয়ার লিগেও পাকিস্তানের খেলোয়াড়দের খেলার অনুমতি দেয়নি পিসিবি। এবার পাকিস্তান দলকে বাংলাদেশ সফরে পাঠাতেও অনীহা দেখিয়েছিল। পরে ২০১২ সালে না যাওয়ার ক্ষতিপূরণ দিয়ে তাদের সফরে আসতে রাজি করায় বিসিবি। পিসিবি চেয়ারম্যান জানিয়েছেন, এ মাসেই বাংলাদেশ মহিলা ক্রিকেট দল লাহোরে যাবে একটা টুর্নামেন্ট খেলতে।
এ মাসে পাকিস্তান সফরে যাওয়ার কথা জিম্বাবুয়ে জাতীয় দলেরও। সেটা হলে ২০১২ সালের মার্চে লাহোরে শ্রীলঙ্কা দলের ওপর সন্ত্রাসীদের হামলার পর এটাই হবে কোনো আন্তর্জাতিক ক্রিকেট দলের প্রথম পাকিস্তান সফর। শাহরিয়ার খানের আশা, জিম্বাবুয়ের পর বাংলাদেশ, শ্রীলঙ্কার মতো দলগুলোও পাকিস্তান সফরে উৎসাহী হয়ে উঠবে।