এন শ্রীনিবাসন কী ভেবেছিলেন আর কী হচ্ছে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জগমোহন ডালমিয়া ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) সভাপতির পদটা পেয়েছেন শ্রীনিবাসনের আশীর্বাদেই। আর সেই ডালমিয়াই কি না শ্রীনিবাসনের বিরুদ্ধে চলে গেলেন! আইপিএল উদ্বোধনের ২৪ ঘণ্টা আগে রীতিমতো ‘ক্যু’ হয়ে গেল ভারতীয় ক্রিকেটে। আইপিএলের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন শ্রীনির পক্ষত্যাগী রাজীব শুক্লা। যদিও আইপিএলের চেয়ারম্যান পদে শুক্লার ফিরে আসার আভাস পাওয়া গিয়েছিল আগেই। কিন্তু এরপর ডালমিয়া যা করলেন, সেটা ভাবতে পারেননি কেউ। বিসিসিআইয়ে সবচেয়ে লোভনীয় পদ ধরা হয় আইপিএল, অর্থ ও বিপণনকে। শুক্লাকে আইপিএলের প্রধান করার পর অর্থ ও বিপণনের প্রধান করা হয়েছে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ও চেতন দেশাইকে। শুক্লার মতোই এঁরা দুজনও বিসিসিআইয়ের নির্বাচনে শ্রীনিবাসনের প্রার্থীর বিপক্ষে দাঁড়িয়েছিলেন।
ডালমিয়া বোর্ডে ফিরিয়েছেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলীকেও। বিসিসিআইয়ের টেকনিক্যাল কমিটির প্রধানের পদ থেকে সরিয়ে দেওয়া সৌরভ ফিরেছেন আইপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য হয়ে। রবিশাস্ত্রী রয়েছেন আগের পদেই, তবে সরিয়ে দেওয়া হয়েছে সাবেক ক্রিকেটার গুন্ডাপ্পা বিশ্বনাথকে।
এদিকে কলকাতার দৈনিক আনন্দবাজার জানিয়েছে, পরশুর সভায়ই নাকি শ্রীনিবাসন চেয়েছিলেন বাতিল করা হোক ভারতের বাংলাদেশ সফর। কিন্তু বাংলাদেশের ক্রিকেটের সুহৃদ বলে পরিচিত ডালমিয়া নাকি কানেই তোলেননি ওই প্রস্তাব। যদিও সফর এখনো চূড়ান্ত হয়নি।
আর সবকিছু মিলিয়ে শ্রীনিবাসন নাকি ডালমিয়ার বিরুদ্ধে বেশ খেপেছেন, আনতে চেয়েছেন অনাস্থা প্রস্তাব। যদিও ডালমিয়াকে সরাতে দুই-তৃতীয়াংশ সমর্থন লাগবে, যেটা এই মুহূর্তে নেই শ্রীনিবাসনের। তাই সব মিলিয়ে বেশ অস্বস্তিতেই আছেন আইসিসির চেয়ারম্যান। ক্রিকইনফো, আনন্দবাজার।