
কেন জানি বারবার ১৯৯৭-এর আইসিসি ট্রফির কথাই মনে পড়ছে। ম্যাচ জিতলেই ফাইনালে খেলব, সামনে দরজা খুলে যাবে ১৯৯৯ বিশ্বকাপের। মনে আছে, সেবার আইসিসি ট্রফিতে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে ওদের দুর্বলতা ও শক্তিমত্তার বিশ্লেষণে ব্যস্ত ছিলেন বাংলাদেশ কোচ গর্ডন গ্রিনিজ, অধিনায়ক আকরাম খান ও অন্য খেলোয়াড়েরা। ঠিক তেমনি আজও নিশ্চয়ই আমাদের দল ব্যস্ত থাকবে কালকের ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনাল-যাত্রার পথে আরেকটি কাঁটা উপড়ে ফেলার পরিকল্পনায়।
অন্য প্রসঙ্গে যাওয়ার আগে বলে রাখি, এটা আমাদের জন্য একটা দুর্ভাগ্যও। ১৯৯৭ থেকে এই ২০১৫ সাল পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে স্কটল্যান্ডের তুলনায় বাংলাদেশই বেশি ম্যাচ খেলেছে, বড় বড় ম্যাচ তারাই বেশি জিতেছে। অথচ স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে এখনো আমাদের জয় নিয়ে ভাবতে হয়!
এই বিশ্বকাপে আমরা এখন পর্যন্ত আমাদের সামর্থ্যের প্রতি সুবিচার করে না ভালো ব্যাটিং করতে পেরেছি, না পেরেছি ব্যাটিং অর্ডারটা ঠিক করতে। আর শ্রীলঙ্কার বিপক্ষে ক্যাচিং তো ছিল জঘন্য। এক রান নেওয়ার চেষ্টা করতে গিয়ে উইকেটের মাঝখানে ব্যাটসম্যানরা যে রকম এলোমেলো দৌড়াদৌড়ি করছে, সেটা যেন তাদের মাঝে বিরাজমান অস্থিরতারই বহিঃপ্রকাশ।
স্কটল্যান্ডের বিপক্ষে এসব সমস্যা কাটিয়ে উঠতে হবে। পরিবর্তন আনতে হবে দলে। অনাস্থার চাপে থাকা দুই খেলোয়াড়ের পরিবর্তে নতুন দুজনকে নিয়ে দলকে চাঙা করা অতি জরুরি। এই ম্যাচে আমি গত ম্যাচের দল থেকে এনামুল ও মুমিনুলকে একাদশের বাইরে রাখতে চাই। প্রথম একাদশটা হতে পারে এ রকম—তামিম, সৌম্য, মাহমুদউল্লাহ, মুশফিক, সাকিব, নাসির, সাব্বির, মাশরাফি, তাসকিন, আরাফাত ও রুবেল। মাশরাফির সঙ্গে তাসকিনকেই নতুন বলে বল করতে দিলে ভালো হবে। তবে তাসকিন যেন অধিনায়কের লাইন ও লেংথটা অনুসরণ করে।
ম্যাচ শুরু হবে সকালে। তার মানে বলের মুভমেন্ট এবং বল একটু থেমে আসার কারণে ঝামেলায় পড়তে পারে আগে ব্যাট করা দল। এই মাঠে ওয়েস্ট ইন্ডিজকেও একই সমস্যার মুখোমুখি হতে হয়েছে। সেদিনের মতো উইকেট থাকলে প্রথম ২০ ওভার বাদে ম্যাচের বাকি ৮০ ওভারই তা হবে ব্যাটিংয়ের স্বর্গরাজ্য। মাঠ ছোট হওয়ায় ৩০০ রানও এখানে নিরাপদ নয়। দৌড়ে দুই রান নেওয়ার চেয়ে চার পাওয়া অনেক সহজ হবে স্যাক্সটন ওভালে।
স্কটল্যান্ডের ওয়ার্ড ল ও ইভান্সের বোলিং আমার ভালো লেগেছে। অফ স্পিনার মাজিদ হক দেখতে সাদামাটা হলেও তার বুদ্ধিদীপ্ত বোলিং যথেষ্ট কার্যকর। পাঁচজন নিয়মিত বোলার না থাকাটা আমাদের জন্য বাড়তি সুবিধা। স্কটল্যান্ড দলে বেশ কয়েকজন ভালো ব্যাটসম্যান আছে, যা অনেককেই আকৃষ্ট করেছে। ওদের রানিং বিটুইন দ্য উইকেট খুব ভালো। তবে দুর্বলতাও আছে—ইনিংস বেশি বড় করতে পারে না তারা।
বাংলাদেশ দলের ব্যাটিংয়ে সাকিব ও মুশফিককে ‘ল অব এভারেজ’ ভুল প্রমাণ করে কালও ধারাবাহিক থাকতে হবে। সৌম্য সরকার ভালো প্রতিপক্ষের বোলিংয়ের ওপর চড়াও হওয়ার সামর্থ্য দেখালেও তাকে উইকেটে থাকতে হবে লম্বা সময়। আর ব্যাটিংয়ের চমৎকার সমাপ্তির নেতৃত্ব দিতে হবে নাসির বা সাব্বিরকেই। তবে দুর্ভাগ্যজনক হলেও সত্যি, আমাদের ইনিংসের শুরুটা আমরা নিজেরাই একটু নাড়িয়ে দিয়েছি। দলে তিন ওপেনার থাকলেও তাদের একজনকে তিন নম্বরে খেলানোয় ওপেনিংয়ের সংকটটা থেকেই গেছে। একইভাবে তিন নম্বরের নিয়মিত ব্যাটসম্যান মুমিনুলকেও ফেলে দেওয়া হয়েছে আস্থার সংকটে।
দলে নতুন যে বাঁহাতি স্পিনারই আসুক, প্রথম পাওয়ার প্লের শেষ পর্যায়ে তাকে আমি রাজ্জাকের ভূমিকায় দেখতে চাই। দলের কম্পিউটার বিশ্লেষকদের ল্যাপটপে এখন প্রতিপক্ষের সব খুঁটিনাটি জিনিসই থাকে। আমাদের পেস বোলাররা যদি সেখান থেকে এই বিশ্বকাপের সেরা বোলারদের ডট বলের লাইন, লেংথ ও উইকেট নেওয়া ডেলিভারিগুলো মনোযোগ দিয়ে দেখে এবং কাল নিজেরাও সেভাবে বল করে; তাহলে আমরা সবাই হয়তো টেনশনমুক্ত একটা দিনই কাটাতে পারব।