এনামুল পরে যাচ্ছেন যে কারণে
যদি মুশফিকুর রহিম জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টের আগের দিন ব্যথা-ট্যথা পান! কিংবা যদি টেস্টের প্রথম দিন সকালে গা গরমের অনুশীলনে হঠাৎ তাঁর আঙুল ভেঙে যায়!
আপনি নিশ্চয়ই এ রকম অলক্ষুনে কথা ভাবছেন না। কিন্তু নির্বাচকদের যে অনেক কিছুই ভাবতে হয়! ২৫ অক্টোবর টেস্টের প্রথম দিন পর্যন্ত তাই মুশফিকের অলিখিত বিকল্প হিসেবে থাকছেন প্রথম টেস্টের দলে সুযোগ না পাওয়া এনামুল হক (বিজয়)। অবাক হলেন? এস কে আচার্য মেমোরিয়াল ট্রফি খেলতে যে বিসিবি একাদশ দল কাল বিকেলেই কলকাতায় চলে যাবে, সেটার অধিনায়ক এনামুল কীভাবে পরশু দিনও ঢাকায় থাকেন!
হ্যাঁ, এনামুলকে ছাড়াই ভারতে চলে যাবে বিসিবি একাদশ। এনামুল যাবেন ২৫ অক্টোবর বিকেলে। তাঁকে এক দিন পরে পাঠানোর কারণ, মুশফিক যদি টেস্টের আগে চোটাঘাতে পড়েন, এনামুলকে যেন তাঁর বিকল্প উইকেটকিপার হিসেবে দলে নেওয়া যায়। জিম্বাবুয়ের বিপক্ষে ঢাকা টেস্ট শুরু হবে ২৫ অক্টোবর। সেদিন টেস্ট শুরু পর্যন্ত অপেক্ষা করে এনামুল কলকাতার বিমানে উঠবেন বিকেলে।