এনামুল-রাজ্জাকে জিতল দক্ষিণে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৪ রান হলেই সেঞ্চুরি। এনামুল হক বিজয়কে অপেক্ষা করতে হলো পুরো একটি রাত। কাল ফতুল্লায় চতুর্থ দিনের খেলার শুরুতেই আরদ্ধ কাজটা করে ফেললেন প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলের এই ওপেনার। দিনের তৃতীয় বলেই বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামকে কাট করে থার্ডম্যান দিয়ে চার। প্রথম শ্রেণির ক্রিকেটে নবম সেঞ্চুরি পেয়ে গেলেন জাতীয় দলের বাইরে থাকা এনামুল। আগের দিনের ২১৩ রানের সঙ্গে মাত্র ৫ ওভারেই আরও ৫৩ রান যোগ করে ইনিংস ঘোষণা, এরপর বিসিবি উত্তরাঞ্চলের দ্বিতীয় ইনিংস ১৬৭ রানে গুটিয়ে দিয়ে ২১৬ রানে জিতে যায় এনামুলের দল দক্ষিণাঞ্চলও।
দুই ইনিংসে ৯৪ ও ১১১—ব্যাটিংয়ে নায়ক এনামুল। বোলিংয়ে আবদুর রাজ্জাক। জাতীয় দল থেকে বাদ পড়া এই বাঁহাতি স্পিনার ৬৯ রানে নিয়েছেন ৬ উইকেট। প্রথম ইনিংসেও ৪ উইকেট নেওয়া রাজ্জাক প্রথম শ্রেণির ক্যারিয়ারে এই নিয়ে সপ্তমবার ম্যাচে ১০ উইকেট নিলেন। জাতীয় দলের বাইরে থাকা অফ স্পিনার সোহাগ গাজী নিয়েছেন ৩ উইকেট।
প্রথম ইনিংসে ৪৪ রানের পর দ্বিতীয় ইনিংসে ৬৫—উত্তরাঞ্চলের দুই ইনিংসেই সর্বোচ্চ রান নাঈম ইসলামের। উত্তরের দুই ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ রানও একজনের—আরিফুল হক (৪২ ও ৪৩)।
দক্ষিণাঞ্চলের জয়ে এনামুলের ব্যাটের অবদানই সবচেয়ে বেশি, ১৬৫ বলে ১৩ চার ও ২ ছয়ে ১১১ রান করে স্টাম্পড হয়েছেন তাইজুলের বলে। তাঁর বিদায়ের পর জিয়াউর রহমানও ছোট্ট একটা ঝোড়ো ইনিংসে রেখেছেন অবদান, মাত্র ১২ বলে ২ চার ও ৩ ছয়ে করেছেন ৩০ রান।
৩০ এপ্রিল বিসিএলের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল ও ওয়ালটন মধ্যাঞ্চল, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।
সংক্ষিপ্ত স্কোর
দক্ষিণাঞ্চল: ৩৫২ ও ২৬৬/৩ ডি. (এনামুল ১১১, সৈকত ৫৪, তুষার ৫৩*, জিয়া ৩০*; তাইজুল ২/৯৭)। উত্তরাঞ্চল: ২৩৫ ও ৬৪.৩ ওভারে ১৬৭ (নাঈম ৬৫, আরিফুল ৩৩; রাজ্জাক ৬/৬৯, সোহাগ ৩/৩৭)।
ফল: দক্ষিণাঞ্চল ২১৬ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: এনামুল হক।