এনামুলকে একা দায় দিচ্ছেন না অধিনায়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ এনামুলের ব্যাট থেকে এমন আক্রমণাত্মক শট খুব কমই দেখা গেছে। ছবি: শামসুল হক
আজ এনামুলের ব্যাট থেকে এমন আক্রমণাত্মক শট খুব কমই দেখা গেছে। ছবি: শামসুল হক

দলে ফিরেছিলেন আট মাস পরে, কিন্তু প্রথম টি-টোয়েন্টিতে মাত্র ১ রানে আউট হয়ে তাঁর ফেরাটা মোটেও ভালো হয়নি। আজও সুযোগ পেয়েছিলেন এনামুল হক। ৪৭ রানও করেছেন। কিন্তু এই রান নিতে বল খেলে ফেলেছেন ৫১ টি। টি-টোয়েন্টি বিবেচনায় যা হয়তো মানান সই নয়। কিন্তু বাকি ব্যাটসম্যানদের ব্যর্থতার দিনে একাই এক পাশে হাল ধরে রেখেছিলেন। 
ম্যাচ শেষে অনেকেই মাত্র তিনটি চারে খে​লা এনামুলের ইনিংসটি নিয়ে সমালোচনা করলেও তাঁকে দায় দিতে রাজি নন অধিনায়ক মাশরাফি। অধিনায়কের পূর্ণ সমর্থনই পাচ্ছেন এনামুল। অধিনায়ক পরাজয়ের দায় তুলে দিচ্ছেন সবার কাঁধে।
তৃতীয় ব্যাটসম্যান হিসেবে মাঠে নেমেছিলেন। ১৬ ওভার মাঠে কাটিয়ে নবম ব্যাটসম্যান হিসেবে মাঠ ছেড়েছেন। এক প্রান্তে দাঁড়িয়ে একে একে সাতজন ব্যাটসম্যানকে আউট হয়ে যেতে দেখেছেন। অন্য ব্যাটসম্যানরা যখন দ্রুত গতিতে রান তোলার তাড়নায় একে একে আউট হচ্ছিলেন, তখন এক দিকে স্থিতধী হয়ে উইকেটে দাঁড়িয়েছিলেন এনামুল। মেরে খেলার চেষ্টা করলেও ‘ক্লিন হিট’ পাচ্ছিলেন না প্রায় আট মাস পর এত সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলা এই ব্যাটসম্যান।
প্রশ্ন উঠছে, অন্য প্রান্তে এনামুল ধরে খেলেছেন বলেই কি বাকিদের ওপর ওপর চাপ পড়ে গিয়েছিল? মেরে খেলতে গিয়েই কি বাকিরা বেশি ঝুঁকির শিকার? মাশরাফির উত্তরটা সোজাসাপটা, ‘বিজয় স্ট্রাইক রোটেড করতে পারিনি হয়তো, কিন্তু অনেকক্ষণ ছিল উইকেটে। ওর একার কথা বলে লাভ নেই। দলের পুরো ব্যাটিংটাই ভালো হয়নি। ৩০-৪০ বল যদি কেউ খেলে সে ক্ষেত্রে ১২৫ বা ১৩০ স্ট্রাইক রেট চায়। পুরো টিমই চায়। ও হয়তো এটা পারেনি। আমার মনে হয় ব্যক্তিগতভাবে না গিয়ে বলা যায় পুরো দলই খারাপ খেলেছে।’ 
প্রথম ম্যাচে ১ রান করেই রান আউট হয়ে গিয়েছিলেন। বলা যায় এনামুল আন্তর্জাতিক ম্যাচে আজই ‘প্রথম’ ব্যাটিং করলেন। এটিও জড়তার কাজ করেছে বলে মনে করেন মাশরাফি, ‘আজকের ম্যাচটা হয়তো আমরা হেরেছি। তবে আমি ব্যক্তিগতভাবে বিজয় কিংবা অন্য কারও কাছে দায় দিতে চাই না। আমরা দল হিসেবেই ব্যর্থ হয়েছি। শুধু বিজয়ের কথা বললে পুরো চাপটা ওর কাছে যাবে। ও প্রায় ১৫ ওভার ব্যাটিং করেছে। ও হয়তো শট খেলতে পারছিল না। অনেক দিন পর মাঠে নেমেছে এটাও চিন্তা করতে হবে।’
এই হারের হতাশা আছে। কিন্তু তাতে নিকট অতীতের অবিস্মরণীয় সাফল্য মিথ্যা হচ্ছে না। মাশরাফি অবশ্য পরাজয়ে একটা ভালো দিকও দেখছেন। আত্মতৃপ্ত না হলে সবাই নতুন করে ভালো করার প্রেরণা খুঁজে পাবে, ‘একটা ম্যাচ খারাপ খেলেছি। আমরা খুব হতাশ। শিগগিরই আবার ভালো খেলায় ফিরব। আমরা জানি টি-টোয়েন্টি ম্যাচে এখনো ভার​সাম্যপূর্ণ দল হয়ে দাঁড়াতে পারিনি। ফলাফলই বলে দেবে আমরা ভালো দল হয়ে উঠেছি। সৌম্য আর সাকিব দলে ফিরলে কম্বিনেশনটা আরও ভালো হবে। তখন হয়তো বা আমরা ভালো খেলব।’