
ম্যাচসেরার পুরস্কার নিলেন হাসিমুখে। সঞ্চালকের সঙ্গে কথাও বললেন হাসিমুখে। সেখান থেকে বিসিবির মিডিয়া ম্যানেজারের সঙ্গে হাসতে হাসতে এলেন সংবাদ সম্মেলনের দিকে। হাসিমুখেই ঢুকলেন কক্ষে। পুরো সময়টায় মুখ হাসি হাসি। কিন্তু বেশির ভাগ কথাই হলো আক্ষেপ নিয়ে! এনামুলের ৫ রানের আক্ষেপ।
ব্যাটিং পাওয়ার প্লের সেটি প্রথম বল। লেগ স্পিনার তাফাদজাওয়া কামুনগোজির বলটি ছিল শর্ট, লেগ স্টাম্পে। চাইলে লেগ সাইডে যেকোনো প্রান্তে পাঠাতে পারতেন এনামুল হক। ওই বলের সবচেয়ে উপযুক্ত জায়গা হতে পারত গ্যালারি। এনামুল পুল করলেনও। কিন্তু বেছে নিলেন পুরো লং অন থেকে মিড উইকেটে থাকা একমাত্র ফিল্ডারকে। সেঞ্চুরির কাছাকাছি গিয়ে অতি সাবধানী ব্যাটিংয়ের জন্য আগে সমালোচনাও শুনতে হয়েছে কিছু। সেই এনামুল কাল ৯৫ রানে আউট ছক্কা মারতে গিয়ে।
ওই শটটি বাউন্ডারির ওপারে পাঠাতে পারলে ২৩ ইনিংসে চতুর্থ সেঞ্চুরি হয়ে যেত। সেটা হয়নি, ২৩ ইনিংসে এখন ৩ সেঞ্চুরির পাশে ৩ ফিফটি। তার পরও বাংলাদেশের হয়ে ওয়ানডে ক্যারিয়ারের সেরা সূচনা তাঁরই। ন্যূনতম ২৫ ইনিংসকে যদি শুরুর মানদণ্ড ধরে নিন, নাসির হোসেনের ৮১৯ রান এনামুল ছাড়িয়ে গেছেন দুই ইনিংস কম খেলেই (৮১৯)।
তার পরও ওই ৫ রানের আক্ষেপটাই বেশি পোড়াচ্ছে এনামুলকে, ‘সেঞ্চুরি মিস হলো, আক্ষেপ তো লাগছেই। একজন ব্যাটসম্যান যখন নব্বইয়ের ঘরে আউট হয় তখন আফসোস লাগেই। আরও বেশি আফসোস লাগছে যে আগে কখনোই আমি নব্বইয়ে আউট হয়নি। বড় আফসোসের ব্যাপার এটি।’
বাজে বলে আউট হলে অনেক সময়ই আসলে ব্যাখ্যার কিছু থাকে না। এনামুলও তেমন কিছু পাচ্ছেন না। শুধু পাওয়ার প্লের প্রথম বলটি অমন বাজে হয়েছে বলেই নাকি হকচকিয়ে গিয়েছিলেন, ‘আমি আশা করিনি ওই সময় এমন একটা বাজে বল পাব। অনেক শর্ট বল ছিল। মনের মধ্যেও ছিল না অমন কিছু। আশার বিপরীতে বলটা আসছে। সে কারণে সিদ্ধান্ত নিতে পারিনি যে মেরে দিলাম না কী করলাম! এখনো বুঝতে পারছি না।’

এনামুলের আক্ষেপটা বোধগম্যই। ৯৫ থেকে ১০০ রানের দূরত্ব মাত্র ৫ হলেও শেষ পর্যন্ত তো ওটা স্রেফ পঞ্চাশ, একটি ‘ফিফটি!’ এনামুলের দাবি, ভুল থেকে শিক্ষা নিয়েছেন যথেষ্টই, ‘আমি সব সময় চেষ্টা করি সেট হলে বড় ইনিংস খেলার। ১০০ হলে ১২০, ১২০ হলে ১৪০। আজকে, আগের ম্যাচেও সেই পরিকল্পনা ছিল। হলো না। আমি মনে করি আজকে অন্তত সেঞ্চুরিটি আমার প্রাপ্য ছিল। ইনশা আল্লাহ, সামনে যদি এ রকম সুযোগ আসে তাহলে নিজেকে ও রকম করে তৈরি করব যেন সেঞ্চুরি পাই।’
ক্যারিয়ারের দারুণ সূচনায় যেমন স্তুতিতে ভেসেছেন, তেমনি এই পথচলায় দেখতে হচ্ছে কিছু ভ্রু কোঁচকানো। ওয়ানডে ক্রিকেট মানেই সিঙ্গেলস-ডাবলস, সেটি যেন এখনো ঠিক রপ্ত করতে পারেননি এনামুল। কাল ১২০ বলে ৯৫ রানের ইনিংসে ‘ডট’ বল খেলেছেন ৫৮টি। আগের ম্যাচে ৮০ রানের ইনিংসে ছিল ৫৬ ডট বল। তিনটি সেঞ্চুরি ইনিংসে ডট বল খেলছেন ৮০, ৭৩ ও ৭৪টি। এই ডট বলগুলোর অর্ধেকেও সিঙ্গেল নিতে পারলে তো ফিফটিগুলো হয়ে যেত সেঞ্চুরি, সেঞ্চুরিগুলো হতো বড় সেঞ্চুরি। দলের রানও উঠত ফুলেফেঁপে।
নিজের এই দুর্বলতা মেনে নিলেন এনামুল, ‘কিছু কিছু সমস্যা প্রতিটি ব্যাটসম্যানেরই টুকটাক থেকে যায়। আমিও চেষ্টা করব যতটুকু আমি উন্নতি করা যায়। কীভাবে আরও সিঙ্গেল বের করা যায়। যতটুকু খেলছি টুকটাক ঠিক আছে, কোচের সঙ্গে কথা বলছি। বয়স মাত্র ২২, আশা করি ২৩-এর আগে সব ঠিক হয়ে যাবে।’
এনামুলের এই আশা পূরণের আশায় থাকবে বাংলাদেশও!
স্কোরকার্ড
টস: জিম্বাবুয়ে
বাংলাদেশ
রান বল ৪ ৬
তামিম রানআউট (টেলর/মাসাকাদজা) ৪০ ৬৩ ২ ১
এনামুল ক সাব. ব কামুনগোজি ৯৫ ১২০ ৯ ০
মুমিনুল ক মারুমা ব মাসাকাদজা ১৫ ২৪ ০ ০
সাকিব ক চিগুম্বুরা ব পানিয়াঙ্গারা ৪০ ৩৩ ৪ ০
মুশফিক ব পানিয়াঙ্গারা ৩৩ ২২ ৩ ১
মাহমুদউল্লাহ অপরাজিত ৩৩ ২৬ ৫ ০
সাব্বির ক মারুমা ব মাদজিভা ২২ ১৩ ৩ ০
মাশরাফি অপরাজিত ২ ২ ০ ০
অতিরিক্ত (লেবা ১০, ও ৪, নো ৩) ১৭
মোট (৫০ ওভারে, ৬ উইকেটে) ২৯৭
উইকেট পতন: ১-১২১ (তামিম, ২৫.৫ ওভার), ২-১৬০ (মুমিনুল, ৩৩.৪), ৩-১৬৭ (এনামুল, ৩৫.১), ৪-২৩৯ (সাকিব, ৪৩.১), ৫-২৪৪ (মুশফিক, ৪৪.৬), ৬-২৯০ (সাব্বির, ৪৮.৬)।
বোলিং: পানিয়াঙ্গারা ১০-০-৫৪-২ (নো ১), মাদজিভা ৯-০-৬০-১ (ও ২, নো ১), চিগুম্বুরা ৩-০-১৮-০ (ও ২, নো ১), কামুনগোজি ১০-০-৪০-১, মারুমা ২-০-১৫-০, সিবান্দা ১০-০-৬৪-০, মাসাকাদজা ৫-০-২৫-১, মায়ার ১-০-১১-০।
জিম্বাবুয়ে
মাসাকাদজা ক মুশফিক ব মাশরাফি ১২ ১৫ ১ ১
সিবান্দা ক আরাফাত ব মাশরাফি ৯ ৬ ২ ০
মারুমা ক মাশরাফি ব রুবেল ৮ ১৬ ২ ০
টেলর এলবিডব্লু ব সাকিব ২৮ ৪০ ৫ ০
মায়ার স্টা. মুশফিক ব আরাফাত ১২ ৩৩ ১ ০
চাকাভা ব মাহমুদউল্লাহ ১৪ ৩৮ ০ ০
চিগুম্বুরা অপরাজিত ৫৩ ৪৬ ৪ ২
মুর এলবিডব্লু ব রুবেল ২ ১১ ০ ০
মাদজিভা ক সাব (ইমরুল) ব আরাফাত ১১ ২৪ ১ ০
অতিরিক্ত (বা ৮, লেবা ১, ও ১১) ২০
মোট (৩৯.৫ ওভারে অলআউট) ১৭৩
উইকেট পতন: ১-৯ (সিবান্দা, ২.২ ওভার), ২-২২ (মাসাকাদজা, ৪.১), ৩-৩৯ (মারুমা, ৭.৬), ৪-৮০ (মায়ার, ১৭.৬), ৫-৮২ (টেলর, ১৮.৬), ৬-১১৯ (চাকাভা, ২৭.৪), ৭-১২৬ (মুর, ৩০.২), ৮-১৫৩ (মাদজিভা, ৩৫.৫), ৯-১৫৩ (পানিয়াঙ্গারা, ৩৫.৬)।
বোলিং: মাশরাফি ৭-২-২৪-২, শফিউল ২.১-০-২০-০ (ও ২), রুবেল ৫.৫-০-২২-২ (ও ১), সাব্বির ২-০-১৬-০, আরাফাত ৮.৫-০-২৭-৪, সাকিব ৭-১-১৯-১ (ও ১), মাহমুদউল্লাহ ৫-০-২৯-১ (ও ২), মুমিনুল ২-০-৭-০।
ফল: বাংলাদেশ ১২৪ রানে জয়ী।
সিরিজ: ৫ ম্যাচ সিরিজে বাংলাদেশ ৩-০-তে এগিয়ে।
ম্যান অব দ্য ম্যাচ: এনামুল হক।